ম্যানচেস্টারে ফার্গুসনের মূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিঃসন্দেহে এ সময়ের সেরা কোচের তালিকার একেবারে প্রথম দিকে থাকবেন স্যার অ্যালেক্স ফার্গুসন। ২৬ বছর ধরে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। আর এ সময়ের মধ্যে ম্যানইউকে ফুটবল বিশ্বের অন্যতম সেরা ক্লাবে প্রতিষ্ঠা করেছেন ফার্গি। রেড ডেভিলরা তাঁর তত্ত্বাবধানেই জিতেছে ১২টি প্রিমিয়ার লিগ ও দুটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা। অসামান্য এই সাফল্যের স্বীকৃতি হিসেবে গতকাল শুক্রবার ম্যানচেস্টার ইউনাইটেডের স্টেডিয়ামের সামনে স্থাপন করা হয়েছে অ্যালেক্স ফার্গুসনের ব্রোঞ্জমূর্তি। নয় ফুট উচ্চতার মূর্তিটি উন্মোচনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যানইউর অনেক বর্তমান ও সাবেক ফুটবল তারকা।১৯৮৬ সালে অ্যালেক্স ফার্গুসন যখন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে দায়িত্ব নেন, তখন বেশ বেহাল অবস্থার মধ্যে ছিল ইংল্যান্ডের শীর্ষস্থানীয় ক্লাবটি। সে সময় রেড ডেভিলরা শেষবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা হাতে তুলেছিল ১৯ বছর আগে; ১৯৬৬-৬৭ মৌসুমে। কিন্তু দায়িত্ব নেওয়ার পর বেশ দ্রুতই দলকে সাফল্যের ধারায় ফেরান ফার্গুসন। ১৯৯২-৯৩ মৌসুমে জেতান প্রথম লিগ শিরোপা। তারপর একে একে তিনি ম্যানইউকে এনে দিয়েছেন ১২টি লিগ শিরোপা, দুটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা। এ ছাড়া তাঁর সাফল্যের ঝুলিতে আছে পাঁচটি এফএ কাপ শিরোপা। বর্তমানে ইউরোপিয়ান ফুটবলে ম্যানইউর যে দাপুটে অবস্থান, সেটা প্রায় একক তত্ত্বাবধানেই গড়ে তুলেছেন ফার্গুসন। আর এর স্বীকৃতিস্বরূপ প্রিয় ও শ্রদ্ধেয় কোচের বিশাল মূর্তি বানিয়ে তাঁর প্রতি সম্মান দেখিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ।খুবই সফলভাবে এতগুলো বছর কোচের দায়িত্ব পালন করার পর এখনো অবশ্য অবসরের কোনো চিন্তা মাথায় আনছেন না ৭০ বছর বয়সী ফার্গুসন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের ৪ মে চেলসির বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচটি দিয়ে তিনি পূর্ণ করবেন ম্যানইউর কোচ হিসেবে ৮০০তম ম্যাচের মাইলফলক। বিবিসি।