ম্যানচেস্টারে বিষাদের রাত
সেন্ট জ্যাকব পার্কের হালকা বৃষ্টির রাতটা শেষ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের চোখে ভারী বর্ষণ নামাবে, কে জানত! কে-ই বা জানত, হালকা ঠান্ডা রাতের শরীরে লুকিয়ে আছে এমন নাটকীয় উত্তাপ? আলেক্সান্ডার ফ্রাই, মার্কো স্ট্রেলার, জের্দান শাকিরি, ইয়ান সমার—এই অচেনা নামগুলোই জ্বলজ্বলে তারা হয়ে রইল, আর সেই দ্যুতিতে ম্লান হয়ে গেলেন রুনি-নানি-গিগসরা। নিজেদের মাঠে ম্যানইউকে ২-১ গোলে হারিয়ে ফুটবল-বিশ্বকে এক বিস্ময় উপহার দিল বাসেল। গত চারবারে তিনবারই ফাইনাল খেলা ম্যানইউ বিদায় নিল প্রথম রাউন্ড থেকেই!গত ১৬ বছরে এর আগে মাত্র দুবার প্রথম রাউন্ড থেকে বিদায় হয়েছে অ্যালেক্স ফার্গুসনের দলের। সর্বশেষ ছয় বছর আগে তাদের এই হতাশা উপহার দিয়েছিল বেনফিকা। এবার সুইস ক্লাব বাসেল।পরশু রাতটা আসলে ম্যানচেস্টার শহরেরই জন্য ছিল বিষাদের। শহরের অন্য দল ম্যান সিটিও গ্রুপ পর্ব পেরোতে পারেনি। নিজেদের মাঠে বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়েও শেষ হাসি হাসতে পারল না তারা। অন্য ম্যাচে ভিয়ারিয়ালকে একই ব্যবধানে হারিয়ে নকআউট পর্বের টিকিট পেয়ে গেছে নাপোলি। পরশু গ্রুপ পর্বের শেষ রাতে বাসেল-নাপোলির সঙ্গী হয়ে পরের রাউন্ডে গেছে লিওঁ আর সিএসকেএ মস্কোও। ডায়নামো জাগরেবকে চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে তৃতীয় বৃহত্তম পরাজয় উপহার দিয়েছে লিওঁ। আর মস্কো ইন্টার মিলানকে হারিয়েছে তাদেরই মাঠে।তবে এগুলোর কোনোটিই নয়, ফুটবল-বিশ্বের প্রধান সংবাদ শিরোনাম এখন বাসেলের এই দুর্দান্ত জয়। ম্যানইউর মাঠে গিয়ে ৩-৩ ড্র করেছিল বাসেল। সেই ম্যাচে জোড়া গোল করা ফ্রাই এই ম্যাচেরও নায়ক। প্রথম গোলটি অবশ্য করেছিলেন স্ট্রেলার, ৯ মিনিটে। সমতা ফেরাতে মরিয়া ম্যানইউ একের পর এক আক্রমণ করে যাচ্ছিল। কিন্তু বাসেলের রক্ষণ তারা ভাঙতে পারছিল না। এর মধ্যে রুনি কিছু সহজ সুযোগও নষ্ট করেছেন। একবার নিজেদের জালে বল প্রায় ঢুকিয়েই দিয়েছিলেন স্টেইনহফার। ভাগ্য ভালো ক্রসবারে বল লেগে ফিরে আসে!ম্যানইউর ড্র হলেই চলত। সমতাসূচক গোলটির দেখা তারা পাচ্ছিল না। উল্টো ৮৪ মিনিটে ফ্রাই নিচু হেড থেকে চ্যাম্পিয়ন লিগে নিজের পঞ্চম গোলটি করলে ভাষ্যকাররা বলেই ফেলেন—কফিনে ঠুকে দেওয়া হলো শেষ পেরেক! কিন্তু ৮৯ মিনিটে জোন্সের গোলে আশা ফিরে পায় ম্যানইউ। আরও চার মিনিট সময়ও পেয়েছিল তারা। এর মধ্যে গোটা দুই স্নায়ুক্ষয়ী আক্রমণও চালিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত ড্র করতে পারেনি।২০০৩ সালের পর আবারও দ্বিতীয় রাউন্ডে উঠে গেল রজার ফেদেরারের জন্ম শহরের এই ক্লাব। বার্সেলোনার জন্ম যে ক্লাবের অনুপ্রেরণায়, সেই বাসেল কিন্তু যোগ্যতম দল হিসেবেই দ্বিতীয় রাউন্ডে গেছে বলে মানছেন বেশির ভাগ ফুটবল বোদ্ধা। অভিনন্দন জানিয়েছেন অ্যালেক্স ফার্গুসনও। তবে কদিন পরেই ক্রিসমাস আর তাঁর জন্মদিনের আগে এই পরাজয়—সময়টা ভালো যাচ্ছে না ফার্গির! এএফপি, রয়টার্স।