ম্যানসিটি অ্যাগুয়েরোর সঠিক গন্তব্য: ম্যারাডোনা
অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ম্যানচেস্টার সিটিতে আসার পর নিজেকে নতুনভাবে চেনাতে শুরু করেছেন সার্জিও অ্যাগুয়েরো। গত শনিবার উইগান অ্যাথলেটিকের বিপক্ষে হ্যাট্রিক করেছেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। এখন পর্যন্ত চার ম্যাচে গোল করেছেন ৬টি। তাঁর এই দুর্দান্ত পারফরমেন্সে খুবই খুশি ডিয়েগো ম্যারাডোনা। এতদিনে তাঁর জামাই সঠিক জায়গাটা খুঁজে পেয়েছেন বলে মন্তব্য করেছেন এই আর্জেন্টাইন কিংবদন্তি।গতকাল দুবাইয়ে এক সংবাদ সম্মেলনে ম্যারাডোনা বলেছেন, ‘আমি আগেও বলেছিলাম , অ্যাগুয়েরোর এমন একটা দলে যাওয়া দরকার যেখানে সে সঠিক সহায়তা পাবে। এখন সে চ্যাম্পিয়নস লিগ খেলতে পারবে, যেটা তার ক্যারিয়ারের জন্য খুবই দরকার ছিল। আমি আগে যখন এই কথাগুলো বলেছিলাম, তখন অ্যাটলেটিকো মাদ্রিদের লোকজন আমাকে বোকা বলেছিল। কিন্তু এখন আমি তাদেরকে বলতে চাই যে, আমি না, বোকা আসলে তারাই। কারণ অ্যাগুয়েরো এখন এমন একটা ক্লাবের হয়ে খেলছে, যারা সবকিছুর জন্যই লড়াই করতে পারে। অ্যাগুয়েরো এখন তার সক্ষমতা প্রমাণ করতে পারবে, এমন একটা জায়গাতেই গিয়েছে। আর এই জায়গাটা তার প্রাপ্যও ছিল।’ রয়টার্স