ম্যানসিটির কোচ থাকছেন না মানচিনি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফার্গুসনের বিদায়ের করুণ রাগিণী যখন ইংলিশ ফুটবলে ছুঁয়ে যাচ্ছে সবাইকে, তখন আরেক কোচের বিদায়ের দামামা বেজে উঠেছে বেশ উচ্চ স্বরেই। ম্যানচেস্টার ইউনাইটেডের নগর-প্রতিদ্বন্দ্বী সিটির কোচ রবার্তো মানচিনিকে নাকি রাখছে না তাঁর দল। মানচিনির উত্তরসূরি হিসেবে মালাগার কোচ ম্যানুয়েল পেলেগ্রিনিকে নাকি একরকম ঠিকই করে ফেলেছে ম্যানচেস্টার সিটি কর্তৃপক্ষ।ব্যাপারটি নিয়ে আলাপ-আলোচনা এখন তুঙ্গে। গুজবে ঘি ঢেলেছেন পেলেগ্রিনি নিজেই। তিনি মালাগার খেলোয়াড়দের ডেকে নাকি জানিয়ে দিয়েছেন, এই মৌসুম শেষে তিনি আর ক্লাবে থাকছেন না।কাল এফএ কাপের ফাইনালে উগান সিটির কাছে ম্যানচেস্টার সিটির হার এই সম্ভাবনাকে আরও উসকে দিয়েছে। ম্যাচের আগে অবশ্য মানচিনি নিজের ভবিষ্যত্ নিয়ে সংশয়াচ্ছন্ন ছিলেন। ম্যাচের ফলাফল দেখে এখন মনে হয় তিনি একেবারেই নিশ্চিত।ম্যানচেস্টার সিটি অবশ্য ব্যাপারটি নিয়ে মুখ খোলেনি। তারা পেলেগ্রিনির বিষয়টি যে স্প্যানিশ পত্রিকা প্রকাশ করেছে, ওই পত্রিকার সমালোচনা করে বলেছে যে প্রকাশিত এ খবরের কোনো ভিত্তি নেই।

মানচিনির নিজের কথাবার্তা অবশ্য অন্যরকম। তিনি সিটিতে তাঁর ভবিষ্যত্ নিয়ে একেবারেই আত্মবিশ্বাসী নন। তিনি বলেছেন, ‘আমি ইন্টার মিলানের হয়ে সাতটি ট্রফি জিতেছি। তার পরও ইন্টার আমাকে বরখাস্ত করেছিল। এটাই ফুটবল। আমি ফুটবলটা ভালো বুঝি। সুতরাং এসব ব্যাপারে আমি অভ্যস্ত।’

ম্যানচেস্টার সিটির কোচ বদল নিয়ে নাটক শুরু হওয়ায় জুয়াড়িদের বাজারও নাকি রমরমা হয়ে উঠেছে। জুয়াড়িদের বাজির দরে নাকি এগিয়ে পেলেগ্রিনিই। পেলেগ্রিনির পাশে হঠাত্ই উঠে এসেছে রিয়াল কোচ হোসে মরিনহোর নাম। অথচ মরিনহো নাকি চেলসির দিকে এক পা বাড়িয়েই রেখেছেন। কোনটা সত্যি, কোনটা মিথ্যা, কে জানে!

সত্য-মিথ্যা জানতে হয়তো ফুটবলামোদীদের অপেক্ষায় থাকতে হবে আরও কিছুদিন। ওয়েবসাইট।