ম্যানসিটির গৌরবের দিন দেখছেন অ্যাগুইরো
৪৪ বছরের প্রতীক্ষার অবসান হওয়া এখন কেবলই সময়ের ব্যাপার। রোববার ইত্তিহাদ স্টেডিয়ামে কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে একটি জয়েই ম্যানচেস্টার সিটি হাতে তুলে নিতে পারবে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা। সিটির আর্জেন্টাইন তারকা সার্জিও অ্যাগুইরো বলেছেন, অনেক অপেক্ষার এই শিরোপা ম্যানসিটির সুন্দর এক আগামীরই শুরু। একই সঙ্গে তিনি সমর্থকদের কথা দিয়েছেন, পরের শিরোপাটা জিততে তাদের খুব বেশি অপেক্ষায় থাকতে হবে না।‘আমি এই মৌসুমের শিরোপাটা ম্যানসিটির হয়ে জিততে চেয়েছিলাম। সেই আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে। আমি এই দলের হয়েই ভবিষ্যতে আরও শিরোপা জিততে চাই।’ আবেগী অ্যাগুইরোর মন্তব্য। তাঁর মতে, ‘এই মৌসুমটা আমাদের খুব ভালো কেটেছে। আশা করছি ভালো সময়টা খুব সহজেই শেষ হয়ে যাবে না।’ নিজদেশ আর্জেন্টিনাতেও ম্যানসিটির প্রচুর ভক্ত আছে জানিয়ে অ্যাগুইরো বলেন, ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে শিরোপা নিশ্চিত করার দিনটি কেবল ম্যানচেস্টারের নীল আঙিনাতেই উদযাপিত হয়নি, হয়েছে গোটা আর্জেন্টিনাতেই।‘আর্জেন্টাইনরা সুন্দর ফুটবল পছন্দ করেন। এই মৌসুমে ম্যানচেস্টার সিটি সুন্দর ফুটবল খেলেছে। আর্জেন্টাইনরা এ কারণেই সিটির ভক্ত হয়ে পড়েছে।’ অ্যাগুইরোর মন্তব্য।গত মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ৩৫ মিলিয়ন ইউরোয় ম্যানচেস্টার সিটিতে যোগ দেন অ্যাগুইরো। ৩৫ মিলিয়ন ইউরোর চেয়েও অনেক বেশি কিছু তিনি বিনিময়ে সিটিকে ফিরিয়ে দিয়েছেন। এই মৌসুমে ২৯ টি গোল করে অ্যাগুইরো ম্যানচেস্টার সিটির সাফল্যের অন্যতম রূপকার। সিটি সমর্থকদের কাছেও অ্যাগুইরো এ মুহূর্তে অতি প্রিয়। ব্যাপারটি খুব উপভোগ করেন এই আর্জেন্টাইন তারকা। তিনি বলেছেন, ‘সমর্থকদের আদর ও ভালোবাসা আমাকে প্রতিবার মাঠে ভালো পারফরম করতে উত্সাহ জোগায়। আমি আমার সর্বস্ব ঢেলে দিতে উদ্বুদ্ধ হই।’ ওয়েবসাইট।