ম্যানসিটির নায়ক এক বেলজিয়ান
ম্যানচেস্টার সিটির পক্ষে গোল করার অনেকেই ছিলেন। আর্জেন্টিনার দুই তারকা স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরো, কার্লোস তেভেজ, ডি জং, ডেভিড সিলভা আরও অনেকে। তাঁদের গোল করার ক্ষমতা ও দক্ষতা সম্পর্কে সবারই ভালোই ধারণা আছে। কিন্তু গতকাল ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলাটিতে ম্যানচেস্টার সিটি তাদের নগর প্রতিদ্বন্দ্বীকে এঁদের কারও গোলেই হারায়নি। উত্তেজনাপূর্ণ ম্যাচের ফলাফল নির্ধারণী একমাত্র গোলটি এসেছে ডিফেন্ডার ভিনসেন্ট কোম্পানির দুর্দান্ত এক হেড থেকে। যেটা ছিল এবারে মৌসুমে তাঁর তৃতীয় গোল। ম্যানচেস্টার ডার্বিতে গোল করে দলকে জয় এনে দেওয়ার পর যে তিনি প্রচণ্ড উচ্ছ্বসিত হবেন, এটাই স্বাভাবিক। তবে শিরোপা জয়ের দৌড় যে এখনো শেষ হয়ে যায়নি সেটাও সতীর্থদের স্মরণ করিয়ে দিয়েছেন এই বেলজিয়ান ডিফেন্ডার।গতকাল প্রথমার্ধের শেষ মুহূর্তে ডেভিড সিলভার কর্নার ক্রস থেকে হেড করে ম্যানসিটিকে জয়সূচক গোলটি এনে দিয়েছেন ভিনসেন্ট কোম্পানি। ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি স্কাই স্পোর্টসকে বলেছেন, ‘এটা খুবই উত্তেজনাকর। আমি কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। আমরা এই জয়টার জন্য অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম। কিন্তু এখনই সবকিছু শেষ হয়ে যায়নি। আর আমরা এটা ভালো মতোই জানি। কিন্তু এই মৌসুমে আমরা ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে দুটি জয় উপহার দিতে পেরেছি আমাদের সমর্থকদের। এখন লিগের বাকি দুই ম্যাচে আমাদের ভালো করতে হবে।’ ইএসপিএন