ম্যান্ডেলা যেন থাকেন!
বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, ততই উদ্বেগ বাড়ছে পেলের। না, ব্রাজিল দলকে নিয়ে তাঁর এই উদ্বেগের প্রহর গোনা নয়। ফুটবলসম্রাট দুশ্চিন্তায় ভুগছেন নেলসন ম্যান্ডেলার স্বাস্থ্য নিয়ে। আগামী বিশ্বকাপেই ৯৩-তে পা দেবেন এই মহান নেতা। পেলের প্রার্থনা শতায়ু হন কালো মানুষের এই প্রমিথিউস। যেন আগামী জুন-জুলাইয়ের আগ পর্যন্ত কোনো অসুস্থতা কাবু করতে না পারে দৃঢ়চেতা মানুষটিকে। আগামী বিশ্বকাপের আয়োজন-সাফল্য যে অনেকখানি নির্ভর করছে ম্যান্ডেলার ওপর।একটা বিশ্বকাপ সামাজিক মানচিত্র কীভাবে পাল্টে দিতে পারে, এর বড় উদাহরণ হয়ে আছে ১৯৯৫ রাগবি বিশ্বকাপ। ২৭টি বছর কারাগারে বন্দী থাকার পর ম্যান্ডেলা মুক্তি পেয়েছিলেন ১৯৯০ সালে। কিন্তু যে জন্য জীবনের প্রায় তিন দশক তিনি নির্বাসনে কাটিয়েছিলেন—কালো মানুষদের মুক্তি, সাদা-কালোর বিভেদরেখা মুছে দেওয়া—সেটি যেন কিছুতেই হচ্ছিল না। এত দিনের গেড়ে বসা শেকড় কি এত সহজেই উপড়ে ফেলা যায়! অবশেষে পুরো দক্ষিণ আফ্রিকাকে এক পতাকার নিচে নিয়ে আসতে পেরেছিলেন ১৯৯৫ রাগবি বিশ্বকাপে।প্রথমবারের মতো আফ্রিকা মহাদেশে ফুটবলের এই মহাযজ্ঞ আয়োজনের নেপথ্যে সক্রিয়ভাবেই উদ্যোগী ছিলেন ম্যান্ডেলা। বিশ্বকাপের আয়োজক হিসেবে সামর্থ্য নিয়ে সংশয় থাকার পরও দক্ষিণ আফ্রিকার সেই বিশ্বকাপ পাওয়ায় বড় ভূমিকা ছিল তাঁর কূটনৈতিক প্রচেষ্টারও। সম্প্রতি অ্যাঙ্গোলায় টোগো ফুটবল দলের ওপর সন্ত্রাসী হামলার পর আবারও কেউ কেউ ভ্রূ কুঁচকে তাকাচ্ছেন। বিশ্বকাপের সময় সাড়ে চার লাখ দর্শক-পর্যটককে আতিথ্য দিতে প্রস্তুত দক্ষিণ আফ্রিকা। কিন্তু টোগো দলের ওপর এই হামলার পর অনেকেই হয়তো দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন। দক্ষিণ আফ্রিকায় অপরাধের হারও শঙ্কাজনক।আয়োজকেরা অবশ্য জোর গলায় বলে যাচ্ছেন, অ্যাঙ্গোলার সঙ্গে দক্ষিণ আফ্রিকাকে মেলানো ঠিক হবে না। আগামী বিশ্বকাপ সফলভাবেই হবে। ১৯৯৫ রাগবি বিশ্বকাপের পর ২০০৩ ক্রিকেট বিশ্বকাপ ও ২০০৭ সালের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপও সফলভাবেই আয়োজিত হয়েছে দক্ষিণ আফ্রিকাতে। শেষ মুহূর্তে ভারত থেকে এখানে স্থানান্তরিত আইপিএলের দ্বিতীয় আসরও ছিল দারুণ সফল।তার পরও পেলে মনে করেন, একটা সংশয় মানুষের মনে থাকবেই। আর সব সংশয়-উত্কণ্ঠা মুছে দিতে পারেন ম্যান্ডেলা। ‘টোগো দলের ওপর যা হয়েছে, তার প্রভাব বিশ্বকাপ আয়োজনে পড়বেই। আশা করি শেষ পর্যন্ত বিশ্বকাপ ভালোয় ভালোয় হবে। লোকে আসলে নেলসন ম্যান্ডেলার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন। পুরো দক্ষিণ আফ্রিকার সমর্থন আছে তাঁর সঙ্গে। সবকিছুর ওপর প্রভাব আছে তাঁর। ফিফার জন্য সবচেয়ে বড় উদ্বেগ তাই ম্যান্ডেলার যদি কিছু হয়ে যায়!’