ম্যান্ডেলাই থাকছেন না!
প্রতিটি বিশ্বকাপের অন্যতম আকর্ষণ হয়ে থাকে উদ্বোধনী অনুষ্ঠান। প্রত্যেক আয়োজকের কাছে এটা এক সম্মানের প্রশ্ন হয়ে উঠেছে। বর্ণাঢ্যে, চমকে আগের আসরকে ছাপিয়ে যাওয়া চাই-ই চাই।এবারও নিশ্চয়ই জাঁকালো উদ্বোধনী অনুষ্ঠান হবে ১১ জুন, জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়ামে। চোখ ধাঁধানো কিছু একটা নিশ্চয়ই গোটা বিশ্বকে উপহার দেবে দক্ষিণ আফ্রিকা। তার পরও একটা খামতি কিন্তু থেকেই যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে যে থাকছেন না আফ্রিকা মহাদেশে প্রথম বিশ্বকাপের অন্যতম স্বপ্নদ্রষ্টা নেলসন ম্যান্ডেলা!কালো মানুষের মুক্তিদাতা এই সাবেক রাষ্ট্রপ্রধানের বয়সটাই আসলে মূল বাধা। ৯১ বছর বয়স চলছে তাঁর। শরীরে আর কুলোচ্ছে না। সাধারণ মানুষের সামনে আসা বাদ দিয়েছেন অনেক দিন হলো। এখন শরীরের যে অবস্থা, তাতে বিশ্বকাপটা তাঁর ঘরে বসে দেখাই মঙ্গল বলে জানিয়েছেন চিকিত্সকেরা। আর তাই ১১ জুন ম্যান্ডেলার দৃপ্ত উচ্চারণের মধ্য দিয়ে ১৯তম বিশ্বকাপের যাত্রা শুরুর যে আশা ফিফা করছে, সেটি পূরণ হওয়ার সম্ভাবনা খুব একটা নেই।মন খারাপের এই খবর দিয়েছেন বর্ষীয়ান এই কিংবদন্তির নাতি চিফ ম্যান্ডলা ম্যান্ডেলা, ‘তিনি অবশ্যই আসতে পারবেন না। আমার দাদুর অনেক বয়স হয়েছে, এই অবস্থায় আমরা কোনো ঝুঁকি নিতে পারি না। তিনি নিজেই জানিয়েছেন, গ্রামের খামারে বসে টিভিতে এই বিশ্বকাপ দেখাটাই বেশি পছন্দ তাঁর। আমাদেরও ইচ্ছে, বিশ্বকাপের সময়টায় তিনি বরং গ্রামে বিশ্রাম নিন।’না, ম্যান্ডেলা-ভক্তদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। চিফ জানিয়েছেন, তাঁর দাদুর শরীর ভালোই আছে। কিন্তু খেলা দেখতে বসলে তিনি নার্ভাস হয়ে পড়েন। ‘আমরা সব সময়ই তাঁর সঙ্গে বসে ফুটবল দেখি। কিন্তু তিনি যে দলকে সমর্থন দেন, সেটি ২-০ গোলে না জেতা পর্যন্ত স্বস্তি পান না। ম্যাচে টানটান উত্তেজনা থাকলে তিনি টিভির সামনে থেকে সরে যান; বলেন, এটা তাঁর স্নায়ুর ওপর খুব চাপ ফেলছে’—বলেছেন চিফ।এটা একটা ভয়ের কারণ। তার পরও বিশ্বকাপ শুরুর একদম আগ মুহূর্তে ম্যান্ডেলার পরিবার এবং নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশনের সদস্যরা বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।সেই সিদ্ধান্তে ইতিবাচক ফল আসবে বলে আশায় বসে আছে ফিফা। অনেক বাধা, প্রতিকূলতা আর সংশয়ের বেড়া ডিঙিয়ে বিশ্বকাপ যে দক্ষিণ আফ্রিকায় হচ্ছে, এর অন্যতম কারিগর তো ম্যান্ডেলাই। বিশ্বকাপ আয়োজক হওয়ার জন্য দক্ষিণ আফ্রিকা যখন কূটনৈতিক তত্পরতা চালাচ্ছিল, তখন ম্যান্ডেলা বড় ভূমিকা রেখেছেন। তাঁর কারাগার থেকে মুক্তির দুই দশক পূর্ণ হলো এই ২০১০ সালে। উপলক্ষটাকে স্মরণীয় করে রাখতে ফিফার কাছ থেকে একটা ‘উপহার’ চেয়েছিলেন। শেষ পর্যন্ত সেই ‘উপহার’টা ফিফা দিয়েছে।কিন্তু ম্যান্ডেলাই যদি না থাকেন, বিশ্বকাপ যে রং হারাবে। ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার তাই বলছেন, ‘আমরা এই প্রার্থনা করি ম্যান্ডেলা যেন তাঁর স্বপ্নপূরণটা নিজ চোখে দেখতে পারেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে।’ এএফপি।