ম্যান্ডেলার আদর্শ নিয়ে নির্বাচনে বুবকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হতে পারে নির্বাচনটা একটা ক্রীড়া সংগঠনের। ভোটার ও ক্রীড়াসংশ্লিষ্ট মানুষের মন জয় করতে নেলসন ম্যান্ডেলার আদর্শের চেয়ে প্রেরণাদায়ী মন্ত্র আর কী হতে পারে! সের্গেই বুবকা নির্বাচনী যুদ্ধে নামলেন দক্ষিণ আফ্রিকার সাবেক রাষ্ট্রপতি ম্যান্ডেলার আদর্শের পতাকা উড়িয়েই।আগামী ১০ সেপ্টেম্বর শেষ হচ্ছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সভাপতি জ্যাক রগের মেয়াদ। ৭১ বছর বয়সী বেলজিয়ানের উত্তরসূরি নির্বাচিত হওয়ার লড়াইয়ে নেমেছেন ছয়জন। তাঁদের একজন ইউক্রেনের কিংবদন্তি পোল ভোল্টার বুবকা। ঘোষণা দিয়েছিলেন তিনি আগেই। এবার আনুষ্ঠানিকভাবে নেমে পড়লেন ভোটযুদ্ধেও।গত পরশু মস্কোতে শুরু হয়েছে অ্যাথলেটিকস বিশ্ব চ্যাম্পিয়নশিপ। ৪৯ বছর বয়সী বুবকা টুর্নামেন্ট আয়োজক কমিটির প্রধান। মুখে ম্যান্ডেলার আদর্শবাণী, ইশতেহারে তারুণ্যের স্লোগান—এই দুই নিয়েই পরশু বিশ্ব চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনেই বুবকা নামলেন নির্বাচনী প্রচারণায়, ‘নেলসন ম্যান্ডেলা একজন মহান মানুষ, তিনি বলেছেন—“খেলাধুলা মানুষের জীবন বদলে দিতে পারে।’’’ বিশ্বজুড়ে তরুণদের খেলাধুলায় অনুপ্রাণিত করাই তাঁর প্রধান লক্ষ্য। লড়াইটা চালিয়ে যাচ্ছেন খেলোয়াড়ি জীবন থেকেই। ১৯৯০ সালে নিজের দেশ ইউক্রেনে গড়ে তুলেছেন সের্গেই বুবকা স্পোর্টস ক্লাব।আইওসির সভাপতির মতো বড় দায়িত্ব পেলে তাঁর লড়াইটা আরও জোরালো হবে বলেই মনে করেন বুবকা, ‘ক্লাব করার ধারণাটা এ জন্যই যে আমি তরুণদের সাহায্য করতে চেয়েছি এবং তাদের রাস্তায় দেখতে চাইনি। যাতে তারা বাজে লোকের পাল্লায় পড়ে ড্রাগ, অ্যালকোহল বা সিগারেটের নেশায় বুঁদ না হয়। একটা তরুণ প্রজন্মকে অবশ্যই আমরা হারিয়ে ফেলতে পারি না। কম্পিউটার নিয়ে পড়ে থাকতে না দিয়ে তাদের বরং খেলাধুলার শিক্ষা দিতে হবে এবং অনুশীলন করাতে হবে।’জিতলে বুবকা হবেন আইওসির সবচেয়ে কম বয়স সভাপতি। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার লড়াইয়ে তিনি সম্পৃক্ত করতে চান সদস্য রাষ্ট্রগুলোর সরকার এবং বিভিন্ন বেসরকারি সংস্থাকে।নিজের অভিজ্ঞতা থেকেই বুবকা জানেন, খেলাধুলা একজন তরুণের জীবন কতটা বদলে দিতে পারে। ইউক্রেনের এক অজপাড়াগাঁ থেকে উঠে এসে বুবকা নিজেকে প্রতিষ্ঠা করেছেন অনন্য উচ্চতায়। টানা ছয়বার জিতেছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপ। আউটডোরেই রেকর্ড গড়েছেন ৩৫ বার! সর্বোচ্চ ৬.১৪ মিটার উচ্চতা পেরোনোর বিশ্ব রেকর্ডটা এখনো তাঁর দখলে। ১৯৯৪ সালের গড়া তাঁর এই রেকর্ডটা বিশ্বের তরুণ পোল ভোল্টারদের কাছে এক স্বপ্ন। সর্বকালের সেরা পোল ভোল্টার তো বটেই; অনেকে সর্বকালের সেরা অ্যাথলেটই মনে করে তাঁকে। শৈশবের সেই স্মৃতিচারণা করে বুবকা বলছেন, ‘আমি খুবই সাধারণ এবং নির্ঝঞ্ঝাট এক পরিবার থেকে উঠে এসেছিলাম। খেলাধুলা আমার দরজা খুলে দিয়েছিল। আমি সেই ১৯৮০ সালে বিদেশ সফর শুরু করি। তারপর আবিষ্কার করি, খেলাধুলা সত্যিই সব বিভেদ দূর করে দেয়। যুব অলিম্পিক (জ্যাক রগের মস্তিষ্কপ্রসূত, যেটা প্রথম হয়েছিল ২০১০ সালে সিঙ্গাপুরে) বিশ্বজুড়ে সেই বার্তাই ছড়িয়ে দিয়েছে। সারা বিশ্বের তরুণেরা এসে এটাই শেখে যে মানুষের গায়ের রঙ কোনো বিষয় হতে পারে না, ভাষা বা ধর্মও কোনো ব্যাপার নয়।’ তারকাখ্যাতি আর নিজের শুভ্র ভাবমূর্তি তো আছেই। দেখা যাক, সঙ্গে নেলসন ম্যান্ডেলার আদর্শ আর তরুণ্যের স্লোগান তুলে বুবকা নির্বাচনী বৈতরণী পেরোতে পারেন কি না। এএফপি।