ম্যান্ডেলার মৃত্যুতে বিশ্ব ফুটবলে শোক

বিশ্বকাপ ড্র উপলক্ষে বিশ্ব ফুটবলের তাবত্ রথী-মহারথীরা এখন ব্রাজিলে। ঠিক তখনই ভেসে এল নেলসন ম্যান্ডেলার মৃত্যু সংবাদটি। স্বাভাবিকভাবে বিশ্ব ফুটবলকেও শোকের চাদরে ঢেকে দিয়েছে দুঃসংবাদটি। ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার ম্যান্ডেলাকে অভিহিত করেছেন ‘সময়ের মহামানব’ হিসেবে। তিনি বলেন, ‘এটি বিরাট শোক। অসাধারণ মানুষটির প্রতি আমার গভীর শ্রদ্ধা। আমাদের সময়ে তিনি এক মহামানব। প্রিয় বন্ধুও ছিলেন নেলসন ম্যান্ডেলা।’ ফিফা সভাপতি আরও বলেন, ‘তাঁর কাছে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ আয়োজনটা ছিল “স্বপ্ন সত্যি হওয়ার” মতো ব্যাপার।’
ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলেও শোকাহত ম্যান্ডেলার মৃত্যুতে। পেলে টুইট করেছেন, ‘তিনি আমার হিরো ছিলেন, একই সঙ্গে ভালো বন্ধুও।’ ফুটবল কিংবদন্তি আরও লিখেছেন, ‘তাঁর কাজগুলো আমাদেরও করে যেতে হবে। জীবনে যেসব মানুষ আমাকে প্রভাবিত করেছেন তিনি তাঁদের অন্যতম।’
মাদিবার মৃত্যুতে মর্মাহত আরেক ব্রাজিলিয়ান ফুটবল তারকা রোমারিও। তিনিও ম্যান্ডেলার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। রোমারিও লিখেছেন, ‘দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমে ম্যান্ডেলা বিশ্বমানবতার জন্য অনুপম শিক্ষা রেখে গেছেন।’ ২০০২ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা রোনালদো টুইট করেছেন, ‘আপনি পৃথিবীটাই বদলে দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। শান্তিতে থাকুন।’ পর্তুগিজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদোও শোক জানিয়েছেন ম্যান্ডেলার মৃত্যুতে। ‘অসাধারণ কাজ ও দৃষ্টান্ত স্থাপনের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি সব সময় আমাদের সঙ্গে থাকবেন’, বলেছেন রিয়াল মাদ্রিদ তারকা।