আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ) হোক বা ফিফা, ফুটবল সংগঠনগুলোর নামেই যেন তাঁর ঘাম দিয়ে জ্বর ছাড়ে। সংগঠনগুলোর প্রধানদেরও কখনো ছেড়ে কথা বলেননি ডিয়েগো ম্যারাডোনা। অথচ তিনিই কিনা এবার ফুটবল প্রশাসনে আসার প্রস্তুতি নিচ্ছেন! আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তির দাবি, ফিফার বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো তাঁকে অনুরোধ করেছেন সংকটের মধ্য দিয়ে যাওয়া এএফএর কাজকর্ম দেখভাল করার। প্যারিসে ইনফান্তিনোর সঙ্গে সাক্ষাতের পর ম্যারাডোনা নিজেই বলেছেন, ‘এই লোকটা (ইনফান্তিনো), যে কিনা হুলিও গ্রন্দোনার (এএফএর প্রয়াত সভাপতি) মতো চোরদের ঘৃণা করেন, আমাকে অনুরোধ করেছেন আর্জেন্টিনার সুপারলিগার দেখাশোনা করতে।’ মজার ব্যাপার, ফিফার সভাপতি নির্বাচিত হওয়ার পর ইনফান্তিনোকেও একবার ‘বিশ্বাসঘাতক’ বলেছিলেন ম্যারাডোনা। এখন সেই ইনফান্তিনোই আর্জেন্টাইন কিংবদন্তির চোখে হয়ে গেছেন ফিফার জন্য ‘সেরা ব্যক্তি’! গোলডটকম।