ম্যারাডোনাও দেখছেন টিকি-টাকার মৃত্যু
ছোট ছোট পাসে এগিয়ে যাওয়া৷ কৌশলে প্রতিপক্ষের সীমানায় ঢুকে তাদের রক্ষণভাগ ভেঙে চুরমার করে দেওয়া৷ এরপর গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল ঠেলে দেওয়া জালে৷ এই রণকৌশলের দিন নাকি এখন শেষ! সময় এখন ‘ধরো তক্তা মারো পেরেকে’র মতো ফুটবলের৷ মানে, গতিময় ফুটবলই পারে খেলার রূপ বদলে দিতে৷ ‘টিকি-টাকা’র কৌশল কারও কাছেই অজানা নেই৷ এই রোগ সারানোর ওষুধও বেরিয়ে গেছে৷ বিশ্বকাপের শুরুতেই টিকি-টাকার উৎসমুখ স্পেনের লজ্জাজনক হার সেটাই প্রমাণ করে বলে বিশ্বাস আর্জেন্টাইন ফুটবলের দেবদূত ডিয়েগো ম্যারাডোনার৷
একটা সময়ই গেছে, যখন এই টিকি-টাকাই ফুটবলকে নিয়ে গিয়েছিল শিল্পের পর্যায়ে৷ টিকা-টাকার সেই সৌন্দর্য এখন অনেকটাই ফিকে৷ জয়ের জন্যই যখন খেলা, তখন যে ফুটবলে জয় আসবে না, সেটার আর কী দরকার! ম্যারাডোনা তো বলেই দিয়েছেন টিকি-টাকা মরে গেছে৷ এর জন্য স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ককেই দায়ী করছেন ম্যারাডোনা৷
টিকা-টাকা নিয়ে খঁুড়িয়ে চলা বার্সেলোনার কাছ থেকে দেল বস্কের শিক্ষা নেওয়া উচিত ছিল বলে মনে করছেন ফুটবলের এই জাদুকর৷ বলছেন, ‘অনেক দিন ধরেই এই কৌশলে খেলছে স্পেন৷ ফুটবলের অনন্য এক কৌশলের নাম টিকি-টাকা৷ বিশ্বজুড়ে ভক্ত আর ফুটবল-বোদ্ধারা এই কৌশলের প্রতি নিজেদের নিগূঢ় ভালোবাসাও দেখিয়েছে৷ টিকি-টাকা একটা ব্র্যান্ডের নাম৷ ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত এভাবে খেলেই তারা বেশ কটি বড় টুর্নামেন্ট জিতেছে৷ কিন্তু দেল বস্কের মনে রাখা উচিত ছিল, ইউরোপিয়ান ক্লাব ফুটবলে কিছুদিন ধরে এই কৌশল নিয়ে খাবি খাচ্ছে বার্সা৷ গতিময় একটা পাল্টা-আক্রমণই গুঁড়িয়ে দিচ্ছে তাদের রক্ষণভাগ৷’
স্পেনের ভিত নাড়িয়ে দেওয়ায় হল্যান্ডের প্রশংসা ঝরছে ম্যারাডোনার কণ্ঠে, ‘হল্যান্ড আধুনিক ফুটবলের বিপ্লব ঘটিয়েছে৷ রবিন ফন পার্সি আর আরিয়েন রোবেন তো দারুণ ছন্দে আছে৷ তাদের অসাধারণ প্রতিভাই স্পেনকে গুঁড়িয়ে দিয়েছে৷ অপেক্ষাকৃত তরুণ একটা দল নিয়ে লুইস ফন গাল খুব ভালো কাজ করেছেন৷ খেলোয়াড়দের সেরাটা তিনি বের করে এনেছেন৷’ হল্যান্ড এই খেলা ধরে রেখেই এগোবে, এমনটাই বিশ্বাস ম্যারাডোনার, বিশ্বাস হল্যান্ড-সমর্থকদেরও৷ ওয়েবসাইট৷