ম্যারাডোনাকে ঢুকতে মানা!

মারাকানায় খেলা দেখতে এসে ফিরে গেলেন ডিয়েগো ম্যারাডোনা। নিজের ইচ্ছায় নয়, ফিফা কর্মকর্তারাই নাকি মাঠে ঢুকতে দেননি আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তিকে। খবরটা জানিয়েছেন খোদ ম্যারাডোনাই। ফুটবলতীর্থ মারাকানায় আর্জেন্টিনা-বসনিয়া ম্যাচটি দেখতে গিয়েছিলেন। তখনই ঘটেছে এ কাণ্ড। পরে হোটেলে ফিরে গিয়ে টেলিভিশনেই ম্যাচের দ্বিতীয়ার্ধ দেখেছেন। আর্জেন্টাইন টিভি চ্যানেল টাইসি স্পোর্টসের কাছে ম্যারাডোনার দাবি, ‘অশুভ ইচ্ছা’ থেকেই ফিফা এ কাজ করেছে। ফিফার সঙ্গে ম্যারাডোনার বিবাদ নতুন কিছু নয়। ১৯৮৬ বিশ্বকাপের নায়ক হরহামেশাই ফিফার নীতিনৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন। বেশ কবার ফিফা প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটারের দিকে সুনির্দিষ্ট অভিযোগের তিরও ছুড়েছেন।
তবে ফিফা দাবি করছে, এ ঘটনার কোনো তথ্য-প্রমাণ তাদের কাছে নেই, ‘তাঁকে যে মারাকানায় ঢুকতে দেওয়া হয়নি, সেটা আমাদের জানা নেই। তবে সম্ভবত তিনি ভুল দরজা দিয়ে প্রবেশ করতে চেয়েছিলেন।’ ব্রাজিলের এক স্থানীয় গণমাধ্যমকে ফিফার মুখপাত্র বললেন এমনটাই। ওয়েবসাইট।