ম্যারাডোনাকে ভালোবাসি বলেই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাশরাফি বিন মুর্তজা। লিখছেন প্রথম আলোয়
মাশরাফি বিন মুর্তজা। লিখছেন প্রথম আলোয়

খেলা শুরু হবে রাত সাড়ে ১২টা-১টায়। শেষ হবে আড়াইটা-তিনটায়। হয়তো মন খারাপ করে ঘুমাতে যাব, কিংবা আনন্দ আর উত্তেজনায় ঠিকভাবে ঘুমাতেই পারব না। হেরে গেলে চিন্তা থাকবে সকালে ব্রাজিলের সমর্থকদের সামনে পড়া যাবে না। আবার ব্রাজিল হারলে ওরাও ভাববে কীভাবে আমাদের এড়িয়ে চলা যায়। এই না হলে বিশ্বকাপ!
আমার কাছে বিশ্বকাপ মানেই মধ্যরাতের ডামাডোল। রাত জেগে খেলা দেখা। সর্বশেষ কয়বার বিশ্বকাপের ম্যাচ মধ্যরাতে হয়নি বলে আসল মজাটা পাওয়া যায়নি। ছোটবেলায় দেখেছি, আব্বা, কাকা, মামা—সবাই রাত জেগে খেলা দেখতেন। কিন্তু আমি বড় হতে হতে বিশ্বকাপের খেলা চলে এল বিকেলে আর সন্ধ্যায়! তবে এবার একদম মধ্যরাতে খেলা শুরু হবে। বিশ্বকাপ বলতেই আমি বুঝি মধ্যরাত। এবং বুঝি আর্জেন্টিনাকেও।
আর্জেন্টিনাকে সমর্থন করি মূলত ম্যারাডোনার জন্য। এই সময়ে মেসিই আমার দৃষ্টিতে সেরা, আমার প্রিয় খেলোয়াড়ও। কিন্তু ম্যারাডোনার ব্যাপারটা আলাদা। এই যে বাংলাদেশে এত আর্জেন্টাইন সমর্থক, আর্জেন্টিনা নিয়ে এত উন্মাদনা৷ এর একমাত্র কারণ ম্যারাডোনা। আমি বুঝি না, যে প্রজন্ম ম্যারাডোনার খেলা দেখেছে, তারা আর্জেন্টিনাকে সমর্থন না করে পারে কীভাবে! বর্তমান সময়ের উঠতি ছেলেপেলেরা, বিশ্বকাপ যারা একবার দেখেছে বা সেভাবে দেখারও সুযোগ পায়নি, তারা হয়তো বা মেসির জন্য আর্জেন্টিনাকে সমর্থন করে। তবে আর্জেন্টিনার প্রতি মূল আকর্ষণটা ম্যারাডোনাকে কেন্দ্র করেই। এই প্রজন্ম ব্রাজিল দলে ম্যারাডোনার মতো কোনো জাদুকরকে খেলতে দেখেনি এখনো। ব্রাজিলের সমর্থনও তাই তুলনামূলকভাবে কম এই দেশে। তবে ক্রিস্টিয়ানো রোনালদো ব্রাজিলের খেলোয়াড় হলে তাদের সমর্থক আরও বাড়ত।
সবাই সবার খেলাটা ঠিকঠাক খেলতে পারলে এবার আর্জেন্টিনাকে কেউ ঠেকাতে পারবে না। নিজের মাঠের ব্রাজিলও না। যে সামান্য দুশ্চিন্তা, সেটা আর্জেন্টিনার রক্ষণভাগ নিয়ে। আর্জেন্টিনার আক্রমণভাগ যত ভালো, রক্ষণভাগ ততই দুর্বল। এই জিনিসটাই আর্জেন্টিনাকে সব সময় ভোগায়। আর যদি আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়, অবশ্যই আক্রমণভাগের জন্য হবে। বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ফরোয়ার্ডগুলোর মধ্যে একটা আর্জেন্টিনার। হিগুয়েইন, অাগুয়েরো, মেসি, আবার ডি মারিয়াও আছেন। চারজনই খুব বড় মাপের খেলোয়াড়। তাঁদের মধ্যে মেসি সেরা ফর্মে থাকলেই হবে। সঙ্গে অবশ্য আগুয়েরো-মাচেরানো এবং দুই পাশে যাঁরা থাকবেন, তাঁদের সঙ্গে মেসির বোঝাপড়া খুব ভালো হওয়া দরকার। বিশ্বে এত ক্ষুরধার আক্রমণভাগ আমার মনে হয় না আর আছে।
অনেকের ধারণা, নিজেদের মাঠে খেলা বলে এবার নাকি ব্রাজিলের সম্ভাবনা বেশি। আমি এটা মানি না। পত্রপত্রিকায় যতটুকু দেখি, আর্জেন্টিনার খেলোয়াড়েরাও মনে করেন, এই বিশ্বকাপ বরং ব্রাজিলের জন্যই চাপের হবে। আর্জেন্টিনার জন্য চাপের না বলে বলব একটা চ্যালেঞ্জ। বিশেষ করে মেসির জন্য কঠিন চ্যালেঞ্জ। সবাই বলে, মেসি ক্লাবের হয়ে যে রকম ভালো খেলেন, দেশের হয়ে সে রকম খেলতে পারেন না। মেসি কথাটাকে ভুল প্রমাণের আরেকটা সুযোগ পাচ্ছেন এই বিশ্বকাপে। আমি এমনিতেও মনে করি, কথাটা ঠিক নয়। জাতীয় দলে মেসির সঙ্গে তাল মিলিয়ে খেলার মতো বা তাঁকে বল জোগান দেওয়ার মতোই তো কেউ থাকেন না! একা কারও পক্ষে তো আর খেলা বদলে দেওয়া সম্ভব নয়। মেসির দেশের হয়ে ভালো না খেলতে পারার এটাই মূল কারণ।

ফাইনালেও এমন জয়োল্লাসের অপেক্ষায় থাকবে আর্জেন্টিনা  l ফাইল ছবি
ফাইনালেও এমন জয়োল্লাসের অপেক্ষায় থাকবে আর্জেন্টিনা l ফাইল ছবি



আর্জেন্টিনার মতো ব্রাজিলও অল আউট ফুটবল খেলে। আক্রমণাত্মক ফুটবল খেলে। এমন নয় যে ওরা গোল করতে চায় না, ওরাও গোল করতে চায়। আর যারা গোল করতে চায়, তাদের কিন্তু গোল খাওয়ারও আশঙ্কা থাকে। আমার জীবনে আমি আর্জেন্টিনা-ব্রাজিলের যত ম্যাচ দেখেছি, সবগুলোতেই প্রচুর গোল হয়েছে। আমার ধারণা, আর্জেন্টিনা-ব্রাজিল এবারও মুখোমুখি হলে খেলাটা অনেক উপভোগ্য হবে।
আমার জাতীয় ক্রিকেট দলকে পুরো দেশের সামগ্রিক অবস্থার একটা খণ্ডচিত্র বলতে পারেন। বেশির ভাগ খেলোয়াড়ই ম্যারাডোনা বলতে অজ্ঞান, আর্জেন্টিনা বলতে উন্মাদ। তবে ভারত সিরিজ সামনে। আবার গরমও পড়ছে খুব। সে জন্য এখনই সবাই বিশ্বকাপে বঁুদ হতে পারছে না। আমার মনে হয়, ১৯ জুনের ম্যাচ শেষ হওয়ার আগ পর্যন্ত বিশ্বকাপটাকে সেভাবে উপভোগ করতে পারব না আমরা। কিন্তু ১৯ জুনের পর শুধুই রাত জাগা। শুধুই খেলা গেলা। আর্জেন্টিনার পতাকাকে পতপত করে উড়তে দেখা।
আর যদি সেটা নাও ওড়ে, দুঃখ করব না। রাস্তা-ঘাটে চলতে-ফিরতে সাময়িক একটু অসুবিধা হয়তো হবে। তবে এও ঠিক, ব্যাপারটা শেষ পর্যন্ত আমাদের মধ্যেই। আমরা কেউই তো আর সত্যি সত্যি আর্জেন্টিনা বা ব্রাজিলের মানুষ নই৷