জার্মানির কথা সবাইকে একটু ভাবতে বলছি। দ্বিতীয় রাউন্ডে ওরা খেলল ইংল্যান্ডের বিপক্ষে। আজ প্রতিপক্ষের নাম আর্জেন্টিনা। সেমিফাইনালে হয়তো ওদের আবার খেলতে হবে স্পেনের বিপক্ষে! তবে কঠিন প্রতিপক্ষের সঙ্গে খেলার সুবিধাজনক দিকও আছে। এই চ্যালেঞ্জগুলো পেরিয়ে যেতে যেতে দলও দারুণ উন্নতি করে। জার্মানির জন্য সেই বড় চ্যালেঞ্জগুলোর একটি আজই— প্রতিপক্ষের নাম যে আর্জেন্টিনা।মেসি, তেভেজ, হিগুয়েইনদের নিয়ে নতুন করে বলার বা লেখার কিছু নেই। এরা আর্জেন্টিনাকে দিয়েছে দুর্ধর্ষ একটা আক্রমণাত্মক চেহারা। সেন্ট্রাল ডিফেন্স আর মাঝমাঠেও ওদের দারুণ কিছু খেলোয়াড় আছে। ওদের একটাই দুর্বলতা আমি দেখি, কৌশলগত সমন্বয়ের অভাব। জার্মানি নিশ্চিতভাবে আর্জেন্টিনার সামনে বেশ কিছু ধাঁধা তৈরি করবে। দেখার জন্য মুখিয়ে আছি, সেই ধাঁধাগুলোর সমাধান আমার বন্ধু ডিয়েগো ম্যারাডোনা করতে পারে কি না।জার্মানি বরাবরই কার্যকর এবং শৃঙ্খলাবদ্ধ ফুটবল খেলে। এই দলটা ঐতিহ্যগতভাবে সেটি তো পেয়েছেই, সেই সঙ্গে আরও কিছু যেন আছে এদের মধ্যে। এই দলের মধ্যে আছে জার্মানির সর্বকালের সেরা হয়ে ওঠার সম্ভাবনা। ওজিলের সৃষ্টিশীলতা ক্লোসা-পোডলস্কিদের মতো স্ট্রাইকারদের জন্য নতুন নতুন সম্ভাবনা তৈরি করেছে। মাঝমাঠে দৃঢ়তা এনে দিয়েছে শোয়েনস্টাইগার। গোলরক্ষক নিউয়ার দিনে দিনে নিজেকে প্রতিষ্ঠিত করছে।এই মুহূর্তে বিশ্বের সেরা আক্রমণভাগ আর্জেন্টিনারই। কিন্তু মনোযোগের ঘাটতি প্রতিপক্ষের হাতে উপহার হিসেবে তুলে দিচ্ছে সুযোগ। মাঝমাঠেও ওরা যেন একটু রক্ষণাত্মক মানসিকতার। জার্মানির কৌশলটা সহজভাবেই বলে দিই—ওরা চাইবে মাঝমাঠ থেকে আর্জেন্টিনার রসদের সরবরাহ যেন নিরবচ্ছিন্ন না হয়। এ কারণে মাঝমাঠের দখল রাখবে জার্মানরা, বলের দখলও রাখতে চাইবে বেশি। চাপের মুখে রাখতে চাইবে আর্জেন্টিনার রক্ষণভাগকে।তবে বিশ্বের সেরা খেলোয়াড় লিওনেল মেসি আছে ওদের। খেলোয়াড় ধরে ধরে তুলনা করলে জার্মানির চেয়ে ওদের দলেই আছে বেশি ভালো খেলোয়াড়। এ ম্যাচেও ওরা ফেবারিট। ম্যারাডোনা তাঁর ভাবমূর্তি দিয়ে খেলোয়াড়দের মন থেকে ভয় ব্যাপারটাই মুছে ফেলেছে। মানব ব্যবস্থাপনায় ওর দক্ষতা নিয়ে প্রশ্ন নেই। তবে কৌশলগত দিক দিয়ে ও কতটা চতুর, সেটির পরীক্ষা হবে আজ। এবং আমার বিশ্বাস, সেই পরীক্ষায় ফেল মেরে যাবে ডিয়েগো ম্যারাডোনা।আজ আসলে দুটো কোয়ার্টার ফাইনালই ইউরোপ বনাম দক্ষিণ আমেরিকার লড়াই। অন্য ম্যাচে মুখোমুখি প্যারাগুয়ে আর স্পেন। সেখানেও ইউরোপের জয়ই আমি চাইছি। স্পেন এখন ইউরোপের সেরা দল। জাভি হার্নান্দেজ, জাবি আলোনসো, ইনিয়েস্তা, বুসকেটস নামগুলোই বলে দেয়, বিশ্বের সেরা মিডফিল্ড এখন স্পেনেরই। এঁদের পেছনে আছে রক্ষণভাগের তারকা খেলোয়াড় পুয়োল, পিকে; দুই ফুলব্যাক ক্যাপডেভিয়া আর রামোস। আক্রমণে ডেভিড ভিয়া ও ফার্নান্দো তোরেস। পর্তুগালের বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধে তো স্পেনই খেলল। ম্যাচটা ওরা আরও বড় ব্যবধানেই জিততে পারত। দুর্দান্ত এক দল। ইনজুরি কিংবা সাসপেনশনের ঝামেলাও নেই। প্যারাগুয়ের সেই মানের খেলোয়াড় নেই। জাপানের বিপক্ষেই আগের ম্যাচে ওদের ঘাম ছুটে গেছে। ম্যাচটা জাপানও জিততে পারত। জাপানই বরং আমার দৃষ্টিতে ওই ম্যাচে বেশি সাহস দেখিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত টিকে গেল প্যারাগুয়ে, এখন পর্যন্ত টুর্নামেন্টে যাদের মোট গোলের সংখ্যা মাত্র তিন। সান্তা ক্রুজ, ভালদেস, ব্যারিয়সরা কিন্তু খেলোয়াড় হিসেবে ভালো। আসলে রক্ষণাত্মক মেজাজই ওদের এভাবে খেলতে বাধ্য করছে। স্পেনের বিপক্ষে ওরা আরও বেশি খোলসবন্দী হয়েই খেলবে। স্পেন বলের দখল রেখে প্যারাগুয়ের ওপর একের পর এক আক্রমণ চালাবে। তবে স্পেন যদি শুরুর দিকেই গোল পেয়ে যায় প্যারাগুয়ের কৌশল কিন্তু পাল্টে যাবে। আক্রমণাত্মক ফুটবল খেলবে তারাও। তাতেও কিছু যায় আসে না। কারণ ম্যাচটা স্পেনই জিতবে।