ম্যারাডোনা অধ্যায়ের সমাপ্তি
ঈশ্বরে অগাধ বিশ্বাস তাঁর। হাত দিয়ে গোল করে বলেন, হাতটা ঈশ্বরের ছিল। মৃত্যুর দুয়ার থেকে ফিরে বলেন, ঈশ্বর বাঁচিয়েছেন। খোঁড়াতে খোঁড়াতে বাছাইপর্ব পার হয়ে বলেন, ঈশ্বর পার করে দিয়েছেন। বিশ্বকাপে একটার পর একটা ম্যাচ জিতছিলেন। বললেন, ঈশ্বরই তাঁকে ফাইনালে তুলে দেবেন! এবার মুচকি হাসলেন ঈশ্বর। এবার আর চলচ্চিত্রের মতো হলো না কাহিনিটা। জার্মানি নিষ্ঠুর একটা ধাক্কা দিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে দিল ডিয়েগো ম্যারাডোনাকে।নব্বইয়ের মতো রেফারির বিরুদ্ধে অভিযোগ করার সুযোগ পেলেন না, চুরানব্বইয়ের মতো শাপশাপান্ত করতে পারলেন না ফিফাকে। বড় অনুজ্জ্বল, নীরস বিদায় হয়ে গেল। সেই সঙ্গে বলতে পারেন, এবারের বিশ্বকাপের সবচেয়ে আলোচিত অধ্যায়টিরও সমাপ্তি হয়ে গেল। ম্যাচ শেষে আর্জেন্টিনার ‘ডাগ-আউটে’র পেছনে উল্লাস করতে থাকা জার্মান-সমর্থকদের দিকে তেড়ে গিয়েছিলেন। তাদের গালিগালাজও করলেন। মেয়ে দালমা ছুটে এসে শান্ত করেছিলেন। লোকজন আরেকবার অবাক হলো ফুটবল কিংবদন্তির এই আচরণে।তবে উত্তেজনা ওটুকুই। এরপর আর কাউকে কোনো আক্রমণ করলেন না। সংবাদ সম্মেলনে শুধু নিজের বিস্ময়ের কথা বলে গেলেন, ‘আগামী ৩০ অক্টোবর আমার বয়স ৫০ হয়ে যাবে। আমার জীবনে এর চেয়ে কঠিন সময়ের মুখোমুখি কখনো হইনি। মনে হচ্ছে, আমার মুখে যেন মোহাম্মদ আলী একটা ঘুষি বসিয়ে দিয়েছেন। আমার আর কিছু বলার শক্তি নেই।’এই ‘জার্মান ঘুষি’তে ম্যারাডোনার চেয়ে বিশ্বকাপও কম ক্ষতিগ্রস্ত হলো না। বাদ পড়ি, বাদ পড়ি করতে করতে আর্জেন্টিনাকে ম্যারাডোনা যখন বাছাইপর্ব পার করিয়ে আনলেন, তখনই ফুটবলামোদীরা খুব আনন্দ পেয়েছিলেন। আনন্দের কারণ, বিশ্বকাপজুড়ে বড় বিনোদন উপভোগ করা যাবে। না, আর্জেন্টিনার ফুটবল নয়, তার চেয়েও বড় আগ্রহ ম্যারাডোনার উপস্থিতি।যে উপস্থিতি মানেই কিছু এলোমেলো কথা, উল্টোপাল্টা আক্রমণ এবং চমকে দেওয়ার মতো সব সংলাপ। মোটেও আশাহত করেননি আর্জেন্টিনায় ‘ফুটবল ঈশ্বর’ বলে বিবেচিত বিশ্বকাপজয়ী এই ফুটবলার। কখনো পেলে, কখনো প্লাতিনি, কখনো আবার বেকেনবাওয়ার; দফায় দফায় কথার ছুরি চালিয়েছেন। আবার সাংবাদিকদের সঙ্গে পুরোনো লড়াইটা মাঝে মাঝেই ঝালাই করে নিয়েছেন। যে-ই দল একটু ভালো খেলেছে সে-ই বলেছেন, এবার সাংবাদিককের ‘স্যরি’ বলা উচিত। সব মিলিয়ে বিশ্বকাপটা জমে উঠল যেন ম্যারাডোনাকে কেন্দ্র করেই। অথচ ম্যারাডোনার কোনোক্রমেই এবার বিশ্বকাপে থাকার কথা ছিল না, এমনকি এই দুনিয়াতে নাও থাকতে পারতেন। ১৯৮৬ সালে বিশ্বকাপ জয়, ১৯৯০ সালে ফাইনাল থেকে ফেরা, ১৯৯৪ সালে মাদক গ্রহণের দায়ে নিষেধাজ্ঞা পেয়ে ফুটবল ক্যারিয়ার শেষ। তারপর মাদক আর উচ্ছৃঙ্খল জীবন মিলিয়ে ২০০৭ সালে মৃত্যুর দুয়ারে চলে গিয়েছিলেন।সেই ম্যারাডোনা আবার সুস্থ হলেন, গ্যালারিতে আর্জেন্টিনার জার্সি ওড়ালেন, একদিন সবাইকে বিস্মিত করে দিয়ে জাতীয় দলের দায়িত্ব নিলেন এবং সেখানেই নাটকীয় উত্থান হলো কোচ ম্যারাডোনার। দলের দায়িত্ব নিয়েই ম্যারাডোনাসুলভ পাগলামি শুরু করে দিলেন। বছর খানেকের মধ্যে এক শরও বেশি খেলোয়াড় জাতীয় দলে ডাকলেন। বাছাইপর্বে ধাক্কা খেতে খেতে বাদ পড়েই যাচ্ছিলেন। শেষ পর্যন্ত কী করে যেন, বাছাইপর্ব উতরেও গেলেন। ওই যে সেই ঈশ্বর!কিন্তু লোকেরা তো আর ম্যারাডোনার মতো ফুটবল ঈশ্বরে ভরসা করে নেই। তারা বলল, ম্যারাডোনা এবার আর্জেন্টিনাকে ডোবাবেন। ভাসাতে পারুন আর নাই পারুন, ডুবিয়েছেন এটা বলা যাবে না। বরং অনেকের ভাষ্য, এবারের বিশ্বকাপে সবচেয়ে আনন্দদায়ক ফুটবল ম্যারাডোনার দলই উপহার দিয়েছে। এই ভাষ্যতে ভর করে শুধু বিশ্বকাপকে নয়, এই বছরটিকেই ‘ম্যারাডোনার বছর’ বলে ঘোষণা করে দিয়েছে নিউইয়র্ক টাইমস বা গার্ডিয়ান-এর মতো পত্রিকা। আপাতত সেই বছরের সমাপ্তি। ফুটবলে ‘ম্যারাডোনা অধ্যায়’-ই এখানে শেষ হয়ে গেল কি না, সে প্রশ্নের উত্তর সময়ের হাতে তোলা রইল। কিন্তু ম্যারাডোনার কণ্ঠে বিদায়ের সুর, ‘আমি দলের সব খেলোয়াড়কে, যারা স্কোর করেছে তাদের, অন্য কোচদের এবং দলের আশপাশে যখন যারা ছিল; সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের স্বপ্ন সত্যি হলো না ঠিকই। কিন্তু আর্জেন্টাইন ফুটবলের শেকড়ে ফেরার এই অভিযাত্রাটা আমরা সবাই খুব উপভোগ করেছি।’এই জন্যই তিনি ম্যারাডোনা। কখনো এলোমেলো-অর্থহীন কথাবার্তা, খেপাটে আচরণ। আবার কখনো জীবনে-ফুটবলে দার্শনিকতা। এই দার্শনিক কথা দিয়েই শেষ করতে চাইলেন, ‘আমি আগামীকালই চলে যেতে পারি। কিন্তু আমি চাই এই ছেলেগুলো যেন সত্যিকারের আর্জেন্টাইন ফুটবলের প্রদর্শনীটা চালিয়ে যায়।’ম্যারাডোনার এই ‘বিদায়ী’ ভাষণ আবেগপ্রবণ করতে পারে, কিন্তু তৃপ্ত করে না। কোথায় যেন ম্যারাডোনাসুলভ নাটকীয়তার জন্য একটু অতৃপ্তি থেকে যাচ্ছে। শেষ বেলায় কোনো নাটক থাকবে না! নাকি আরও কিছুর জন্য অপেক্ষা? তথ্যসূত্র: এএফপি, ওয়েবসাইট।