ম্যারাডোনা অসাধারণ প্রেরণাদায়ী ব্যক্তিত্ব: বেকেনবাওয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মান ফুটবলের কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার একেবারেই পেলেকে সমর্থন করতে পারছেন না। অন্তত ম্যারাডোনা সম্পর্কে পেলে যা বলেছেন, তার সঙ্গে একদমই একমত নন ‘কাইজার’। বরং পেলের সেই কথার বিরোধিতাই করেছেন তিনি।গত বৃহস্পতিবার আর্জেন্টাইন ফুটবল কোচ ডিয়েগো ম্যারাডোনার কোচিং ক্যারিয়ারের নৈতিক দিক নিয়েই প্রশ্ন তুলেছিলেন ব্রাজিলীয় গ্রেট পেলে। পেলে বলেছিলেন, ম্যারাডোনার অতীতের বিশৃঙ্খল ব্যক্তিগত জীবনের কারণে ম্যারাডোনাকে কোচ বানানো উচিত হয়নি আর্জেন্টাইন ফুটবল কর্তৃপক্ষের। ব্রাজিলীয় কিংবদন্তির এই কথা মেনে নিতে পারছেন না বেকেনবাওয়ার। তিনি বলেছেন, ‘ম্যারাডোনার ব্যক্তিগত জীবন অতীতে যাই হোক না কেন, তাঁকে খাটো করে দেখার কিছু নেই। ম্যারাডোনা ফুটবলের এক অসাধারণ প্রতিভা। তিনি ছিয়াশিতে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছিলেন একক নৈপুণ্যে। নব্বইয়ে ভাঙা দলকে বিশ্বকাপের ফাইনালে তুলেছিলেন তাঁর অসাধারণ নেতৃত্বের গুণে। সবচেয়ে বড় কথা, ম্যারাডোনা একজন অসাধারণ প্রেরণাদায়ী ব্যক্তিত্ব।’পেলের এই মন্তব্যের বিরোধিতার পাশাপাশি বেকেনবাওয়ার জার্মান মিডফিল্ডার বাস্তেইন শোয়েনস্টাইগারের আর্জেন্টিনার খেলোয়াড়দের বিরুদ্ধে করা মন্তব্যেরও সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ‘একটি বড় ম্যাচের আগে শোয়েনস্টাইগার আর্জেন্টিনা দল নিয়ে যে মন্তব্য করেছেন, তা কোনোমতেই করা উচিত হয়নি। এটা অবশ্যই একটি বালকসুলভ মন্তব্য।’বেকেনবাওয়ার মনে করেন, আর্জেন্টিনার বিপক্ষে আজকের ম্যাচে যদি জার্মানি জিততে চায়, তাহলে অবশ্যই লিওনেল মেসিকে স্থবির করে দিতে হবে। মেসি যদি আজ জার্মানদের বিপক্ষে নিজের স্বাভাবিক খেলা খেলতে পারেন, তাহলে জার্মানি কিন্তু বেশ ভুগবে। তিনি মনে করেন, গত চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে ইন্টার মিলান দেখিয়েছে, কীভাবে মেসিকে ঠেকাতে হয়। সেদিন ইন্টারের রক্ষণভাগ মেসিকে মাঠে পুরোপুরি একঘরে করে ফেলেছিল। আজ জার্মানিকে সেটাই করতে হবে।আর্জেন্টিনার বিপক্ষে আজকের কোয়ার্টার ফাইনাল ম্যাচকে এবারের বিশ্বকাপে জার্মানির সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হিসেবে অখ্যায়িত করেছেন বেকেনবাওয়ার। তিনি মনে করেন, আর্জেন্টিনাকে আজ যদি জার্মানি হারাতে পারে, তাহলে তারা বিশ্বকাপের চতুর্থ শিরোপার দিকে অনেকটাই এগিয়ে যাবে।