ম্যারাডোনা আছেন আনন্দেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার সেই দৃশ্য। গ্যালারিতে উল্লাস করছেন ডিয়েগো ম্যারাডোনা, মাঠে লড়ছে আর্জেন্টিনা। ম্যারাডোনার উপস্থিতির সম্মানও রাখল দল। ভেনেজুয়েলায় চারদলীয় টুর্নামেন্টে ব্রাজিলকে হারাল আর্জেন্টিনা!না, খেলাটা ফুটবল নয়—বাস্কেটবল। ভেনেজুয়েলা সফরে গিয়ে শুধু প্রেসিডেন্ট হুগো শাভেজের সঙ্গে সাক্ষাৎই করলেন না ম্যারাডোনা, দেশটির খেলাধুলাবিষয়ক কিছু অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি বুধবার আর্জেন্টিনা বাস্কেটবল দলের খেলা দেখতে গিয়েছিলেন। দলের জয় তো দেখলেনই, একই সঙ্গে পেলেন অভিভূত বাস্কেটবল দলের ভালোবাসাও। আর্জেন্টিনা বাস্কেটবল দলের খেলোয়াড় রোমান গঞ্জালেজ ম্যারাডোনাকে দেখে আনন্দে আপ্লুত, ‘আমি ছোট ঈশ্বরের সঙ্গে কথা বলতে পেরেছি! আমি ওনাকে দলের পক্ষ থেকে একটা আকাশি-নীল জার্সিও উপহার দিয়েছি।’এসব উপহার-বন্দনা ম্যারাডোনা অনেকই পান। কিন্তু আপাতত লোকে তো জানতে চায়, তিনি আর্জেন্টিনা ফুটবল দলের কোচ থাকবেন কি না। গুঞ্জন আছে নানা রকম। সব গুঞ্জন থিতিয়ে যাওয়ার কথা ছিল গত সপ্তাহে, ফেডারেশনের সঙ্গে ম্যারাডোনার বৈঠকে। সে বৈঠক ফেলে হঠাৎই ভেনেজুয়েলা সফরে চলে গেছেন তিনি। বৈঠকটা পিছিয়ে তাই আগামী সোমবার নিয়ে যাওয়া হয়েছে। বৈঠকটা শেষ পর্যন্ত কী ফল দেবে কে জানে! তবে আবারও ম্যারাডোনাকে কোচ রেখে দেওয়ার পক্ষে নিজের মতটা জানিয়েছেন আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন (এএফএ) সভাপতি হুলিও গ্রন্ডোনা। রেডিও মেত্রেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি যুক্তি দিয়েছেন, ‘ও খুব কঠিন সময়ে দলের দায়িত্ব নিয়ে (বিশ্বকাপ) বাছাইপর্ব পেরিয়েছে, এটাই তো যথেষ্ট গুরুত্বপূর্ণ ব্যাপার। বিশ্বকাপে পঞ্চম হয়েছে, গত কয়েকটা বিশ্বকাপের মধ্যে ভালো ফল। এসব তো মূল্যায়ন করতে হবে। আমার মনে হয়, ওর থেকে যাওয়াটাই একমাত্র সঠিক সিদ্ধান্ত। সেটা কেন হবে না, তা আমি বুঝি না।’ম্যারাডোনার আর্জেন্টিনার কোচ না হওয়ার পক্ষে এখন আর তেমন কোনো গুঞ্জনই অবশিষ্ট নেই। অবশ্য সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক ভেনেজুয়েলা সফরে যাওয়ায় অন্য একটা গুঞ্জন উঠেছিল—শাভেজের আমন্ত্রণে ভেনেজুয়েলা ফুটবল দলের দায়িত্ব নিতে যাচ্ছেন ম্যারাডোনা!এই গুঞ্জনকে ‘ফালতু’ বলেই উড়িয়ে দিয়েছেন ম্যারাডোনা, ‘সব ফালতু কথা। সিজার ফ্যারিয়াস (ভেনেজুয়েলার বর্তমান কোচ) খুবই ভালো কোচ। ভেনেজুয়েলার দায়িত্ব সে ভালোভাবেই পালন করছে। আমি এখানে এসেছি স্রেফ প্রেসিডেন্ট শাভেজের সঙ্গে দেখা করতে।’সাক্ষাৎটা উষ্ণই হয়েছে। বাম নেতার সঙ্গে নানা ধরনের রাজনৈতিক আলাপ করেছেন। ম্যারাডোনাকে লাতিন আমেরিকার রাজনৈতিক ‘ডিফেন্ডার’ বলে তাঁর প্রশংসা করেছেন শাভেজ। আর ম্যারাডোনা বললেন, ‘তাঁর (শ্যাভেজের) পাশে এসে দাঁড়ানোই একটা বিরাট সম্মানের ব্যাপার। তিনি আদর্শের জন্য, মানুষের জন্য, তাঁর দেশের জন্য লড়াই করেন। আমি আমৃত্যু তাঁকে সমর্থন করে যাব।’ম্যারাডোনার সঙ্গে মার্কিনবিরোধী লাতিন নেতাদের সম্পর্ক বেশ পুরোনো। নতুন করে সম্পর্কটা ঝালাই হচ্ছে মাত্র। সেই প্রক্রিয়ায় এএফএর সঙ্গে বৈঠক শেষ করেই যাবেন কিউবাতে, কিংবদন্তি নেতা ও ম্যারাডোনার আন্তরিক আশ্রয় ফিদেল কাস্ত্রোকে দেখতে। সম্প্রতি কাস্ত্রোর জীবনসংশয়ের খবর রটে গেলেও ম্যারাডোনা বলছেন, তিনি সুস্থ আছেন। বলেছেন, ‘যদিও যুক্তরাষ্ট্র ওনাকে মৃত দেখতে চায়’ কিন্তু, ‘আমি ওনাকে টেলিভিশনে দেখেছি, ভালোই আছেন এবং আনন্দে আছেন।’ ওয়েবসাইট।