ম্যারাডোনা আজ মুক্ত!
গত দুই মাস যে কীভাবে কেটেছে তাঁর! যেন অনিঃশেষ ছিল যন্ত্রণার প্রহর। চিরদুর্দম, দুর্বিনীত বিদ্রোহীর হাতে-পায়ে পরানো হয়েছিল শেকল। আশৈশব যিনি উন্নত শিরে ঘোষণা করে এসেছেন, ‘আমি মানি নাকো কোনো আইন’; সেই তাঁকেই আইনের মারপ্যাঁচে ফেলে আটকে রাখা হয়েছিল নিজের প্রিয়তম পৃথিবীর বাইরে।অভিশপ্ত সেই দুই মাসের নির্বাসন শেষ হচ্ছে আজ। ডিয়েগো ম্যারাডোনা আবার ফিরছেন! গত ১৫ নভেম্বর ফিফার ডিসিপ্লিনারি কমিটির দেওয়া দুই মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে আজ আবার স্বাধীন আর্জেন্টিনার কোচ। এই দুই মাসে ম্যাচ তো দূরের কথা ফুটবলের কোনো অনুষ্ঠানেও প্রবেশাধিকার ছিল না তাঁর। বাকি ৩১ দলের কোচ দলবল নিয়ে বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে যখন খাতা-কলম নিয়ে বসেছিলেন উদ্বেগ-উত্কণ্ঠায়, ম্যারাডোনাকে সেই অনুষ্ঠান দেখতে হয়েছে টিভিতে।তবে ম্যারাডোনা আর সময় নষ্ট করতে চান না। আজ থেকেই শুরু করে দিতে চান কাজ। এরই মধ্যে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। মূলত সৌজন্য সফর। বুয়েনস এইরেসের দক্ষিণ আফ্রিকা দূতাবাস আর প্রিটোরিয়ার আর্জেন্টাইন দূতাবাসের যৌথ উদ্যোগে আগামী বিশ্বকাপের আয়োজক দেশটিতে তিনি আসছেন।গওটেংয়ে অবস্থান করবেন তিনি। স্থানীয় বেশ কয়েকটি স্কুল পরিদর্শনে যাবেন তিনি। কম্পিউটারের পাশাপাশি আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি বিতরণ করবেন শিক্ষার্থীদের।ম্যারাডোনাকে সফরের আমন্ত্রণ জানিয়েছে আসলে শাওয়েন পৌরসভা। ৪৯ বছর বয়সী ম্যারাডোনা এক কথায় রাজি হয়ে গেছেন। কারণ এই সফর তাঁর জন্য এক ঢিলে দুই পাখি মারার সুযোগ। এর আগে আর্জেন্টিনা জাতীয় দলের একটি বিশেষ দলও ঘুরে গেছে দেশটি। উদ্দেশ্য, আগামী বিশ্বকাপের বেজ ক্যাম্পের জন্য সবচেয়ে ভালো জায়গাটা খুঁজে বের করা। গ্রুপ পর্বে আর্জেন্টিনার দুটো ম্যাচ জোহানেসবার্গে, আরেকটি পোলকওয়েনে। সবকিছু বিবেচনা করে জোহানেসবার্গের পাশের শহরের প্রিটোরিয়া বিশ্ববিদ্যালয়ে ঘাঁটি করার সিদ্ধান্ত হয়েছে। এই সফরে ম্যারাডোনা ওই বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো সুবিধাগুলোও দেখে নিতে চান।