ম্যারাডোনা আবার ভারতে
২০০৮ সালে প্রথমবার ভারতে এসেছিলেন। সেবার কলকাতায়। ডিয়েগো ম্যারাডোনা আবার এলেন। এবার কেরালায়। তবে কলকাতা হোক কিংবা কেরালা—ম্যারাডোনা মানেই উন্মাদনা। সেটির প্রমাণ মিলল আবার। ভারতে পা দিয়েই উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি।এবারের দুই দিনের সফর। এসেছেন একটি জুয়েলারি শো রুম এবং একটি বেসরকারি এয়ারলাইনসের উদ্বোধন করতে। গতকাল কোচির বিমানবন্দরে নেমে সেখান থেকে হেলিকপ্টারে করে কেরালার কানুরে যান ম্যারাডোনা। এখানেই আজ জুয়েলারি শো রুম এবং এয়ারলাইনসের উদ্বোধন করবেন ১৯৮৬ বিশ্বকাপজয়ী নায়ক। এর আগে সকালে দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে তাঁকে নিয়ে যাওয়া হবে ৫০ হাজার দর্শক ধারণক্ষমতার কানুর স্টেডিয়ামে। তখন হয়তো তাঁর পরনে থাকবে কেরালার ঐতিহ্যবাহী ধুতি। সে চেষ্টাই নাকি করা হচ্ছে!যে কারণেই ভারতে আসুন, ফুটবলের লোক তিনি। ফুটবলের ব্যাপারটিও তাই আসছেই। এই সফরের আয়োজন করা চেম্মানুর ইন্টারন্যাশনাল জুয়েলার্সের চেয়ারম্যান ববি চেম্মানুর জানিয়েছেন, একটি ফুটবল একাডেমি গড়ার ইচ্ছা আছে তাঁর। এ ব্যাপারে ম্যারাডোনার পরামর্শ চাইছেন তিনি।ক্রিকেটপাগল দেশ হলেও ম্যারাডোনার মতো কিংবদন্তিকে পেয়ে কেরালা তো বটেই, পুরো ভারতেই এখন উন্মাদনা। নাইনানামভালাপ্পু ফুটবল সমর্থক অ্যাসোসিয়েশনের সভাপতি এনভি সুবাইর যেমন বলছেন, ‘আমরা তাঁকে টেলিভিশনে দেখেছি। এখন খুব কাছ থেকে দেখার সুযোগ মিলেছে। সুযোগটা হাতছাড়া করতে চাই না। জানি না, তাঁকে সরাসরি দেখার পর কী ঘটবে। আমি হয়তো অজ্ঞান হয়ে যাব!’এদিকে দুই দিনের সফরে সোমবার কলকাতায় এসেছিলেন ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপজয়ী অধিনায়ক কার্লোস দুঙ্গাও। এসেই দুর্গাপূজা দেখে মুগ্ধ হয়েছেন। ব্রাজিলের সাবেক কোচের এবারের আগমণের উদ্দেশ্য অবশ্য ফুটবল নয়। দুঙ্গা আসবেন আবার, আগামী ডিসেম্বরে। কলকাতায় প্রীতি ম্যাচ খেলতে সেবার দুঙ্গার সঙ্গী হবেন বেবেতো, রবার্তো কার্লোসও। ওয়েবসাইট।