ম্যারাডোনা আর্জেন্টিনার দ্বাদশ খেলোয়াড়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে তাঁর উপস্থিতিটাই অন্য রকম। তিনি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কই শুধু নন, তিনি বিশ্ব ফুটবলেরও সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়। এমন একজন খেলোয়াড় যখন আর্জেন্টিনার কোচের দায়িত্বে আছেন, তখন উজ্জীবিত হওয়ার জন্য দলের খেলোয়াড়দের অন্যকিছুর দরকার পড়ে না। ডিয়েগো ম্যারাডোনা বিশ্বকাপে আর্জেন্টিনা দলের চেহারাটাই পাল্টে দিয়েছেন নিজের ক্যারিশমা দিয়ে। অথচ এই দলটির বিশ্বকাপে খেলতে আসতেই গলদঘর্ম হতে হচ্ছিল। তখন কোচ ম্যারাডোনাকে নিয়ে কত সমালোচনা! আর্জেন্টিনার অনেক সাবেক খেলোয়াড় তো বলেই ফেলেছিলেন, ছোটখাটো ওই পাগলাটে লোকটিই আর্জেন্টিনাকে ডুবিয়ে ছাড়বে। কেউ কেউ বলেছিলেন, ম্যারাডোনা খেলোয়াড় হিসেবে বিশেষ কিছু হতে পারেন, তবে কোচ হওয়া তাঁর কর্ম নয়।সবই সহ্য করেছেন ডিয়েগো ম্যারাডোনা। ২০০৮ সালে কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে শতাধিক খেলোয়াড় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শেষে বিশ্বকাপের জন্য একটি দল গড়লেন তিনি। সেখানে সুযোগ পাওয়া অনেক খেলোয়াড়কে নিয়েও ছিল সমালোচনা। কিন্তু বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম দুটি ম্যাচ শেষে ম্যারাডোনার সমালোচকেরা নিশ্চয়ই মুখ লুকাতে ব্যস্ত। কারণ, বিশ্বকাপে এসে দেখা যাচ্ছে পুরো দলটিরই চেহারা অমূল বদলে দিয়েছেন তিনি। অনেকে এই মুহূর্তে ম্যারাডোনাকে মাঠে আর্জেন্টিনার ‘দ্বাদশ’ খেলোয়াড় হিসেবেও অভিহিত করছেন।বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম দুটি ম্যাচ শেষে সবাই মানতে বাধ্য হয়েছেন, ম্যারাডোনা কেবল দলকে উজ্জীবিতই করছেন না, কৌশলগত দিক দিয়েও তিনি দলটিকে অত্যন্ত ভালো পর্যায়ে উন্নীত করেছেন। নাইজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচটির কথাই ধরুন, খেলার একপর্যায়ে তিনি অভিজ্ঞ মিডফিল্ডার হুয়ান সেবাস্তিয়ান ভেরনের সঙ্গে দ্রুত টাচলাইনে দাঁড়িয়ে আলাপ সেরে নিলেন, দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়টির মাধ্যমে তিনি খেলার কৌশলকে ঝালিয়ে নিলেন। প্রতিটি খেলোয়াড়কে তুলে নেওয়ার সময় তিনি জড়িয়ে ধরে আদর করছেন, নিজের সন্তানের মতো। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে কার্লোস তেভেজকে তুলে সার্জিও আগুইয়েরোকে নামিয়ে খেলার ধরনটাই পাল্টে দিলেন দলের। ফলাফল ৪-১ গোলের বিশাল বিজয়। এমন অনেক কিছুই ম্যারাডোনা করছেন, যা তাঁকে বিশ্বকাপের অন্য কোচদের চেয়ে আলাদা করে রেখেছে।মাঠে ম্যারাডোনার সাবলীল উপস্থিতি দলকে দারুণভাবে অনুপ্রাণিত করছে, মানছেন আর্জেন্টিনার সাবেক অনেক খেলোয়াড়ই। এদেরই মধ্যে একজন হলেন সাবেক মিডফিল্ডার রুবেন ক্যাপ্রিয়া। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ম্যারাডোনা দলকে দারুণভাবে গড়ে তুলেছে। দলটির মানসিক অবস্থাও এখন দারুণ। মানসিকভাবে ভালো অবস্থানে কোনো দল থাকলে তাদের পারফরম্যান্সও বৃদ্ধি পায়।বিশ্বকাপে ম্যারাডোনা যে কৌশলে আর্জেন্টিনাকে খেলাচ্ছেন, ঠিক একই কৌশলে বাছাইপর্বে দলটি ভরাডুবির রাস্তায় হাঁটছিল। ক্যাপ্রিওর কথার সূত্রধরেই বিশ্লেষকেরা বলছেন, ম্যারাডোনা কৌশলগতভাবে দলকে কোন পর্যায়ে নিয়ে গেলে আট-নয় মাসেই বদলে যায় পুরো দল। বাছাইপর্বের ব্যর্থতা ঝেড়ে ফেলে দলটি এখন বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে।ম্যারাডোনা তাহলে আর্জেন্টিনার দ্বাদশ খেলোয়াড়ই। ১২ জন খেলোয়াড়ের দলের বিপক্ষে খেলাটা একটু কঠিনই।