ম্যারাডোনা এবার পঞ্চম সারির ক্লাবে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিয়েগো ম্যারাডোনা
ডিয়েগো ম্যারাডোনা

হাতে অধিনায়কের বাহুবন্ধনী বেঁধে আর্জেন্টিনাকে জিতিয়েছিলেন বিশ্বকাপ শিরোপা। ২০১০ বিশ্বকাপে আর্জেন্টিনার ডাগআউটে দাঁড়িয়েছিলেন কোচ হিসেবেও। সেই ডিয়েগো ম্যারাডোনা কিনা এখন যুক্ত হয়েছেন আর্জেন্টিনার পঞ্চম সারির একটি ক্লাবের সঙ্গে! ফুটবল বিশ্বে ম্যারাডোনার যে মর্যাদা-খ্যাতি, তাতে এত নিচু সারির একটা ক্লাবের পরামর্শক পদটা তাঁর জন্য একটু বেমানানই বটে। কিন্তু মানুষটা ম্যারাডোনা বলেই হয়তো সম্ভব হয়েছে এই বেমানানকে মানিয়ে নেওয়া। তাঁর কাছে আবেগ-ভালোবাসাটাই মুখ্য।
২০১০ সালে বিশ্বকাপ ব্যর্থতার পর কোচের পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছিলেন এই আর্জেন্টাইন কিংবদন্তি। তারপর আবার নতুন করে দায়িত্ব নিতে গিয়েও সুবিধা করতে পারেননি। ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো ক্লাবের কোচ হওয়ার ইচ্ছাও ছিল। শেষ পর্যন্ত ঘাঁটি গেড়েছিলেন আরব আমিরাতের ক্লাব আল ওয়াসলে। সেখানেই ছিলেন গত বছরের জুলাই পর্যন্ত। কোচের পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হলেও ক্লাবটিতে উপদেষ্টা হিসেবে কাজ করছেন ম্যারাডোনা।
আর্জেন্টিনার পঞ্চম সারির ক্লাব দেপোর্তিভো রিয়েস্ত্রাতেও তাঁর ভূমিকাটা উপদেষ্টার। খণ্ডকালীন পরামর্শকের।
সম্প্রতি বুয়েনস এইরেসে নিজের বাড়িতে এসে নতুন এই দায়িত্ব গ্রহণ করেছেন ম্যারাডোনা। পাশাপাশি চালিয়ে যাবেন আরব আমিরাতের ক্রীড়াদূতের কাজটাও। ইতিমধ্যেই আর্জেন্টিনার ছোট্ট ক্লাবটিকে অনুপ্রেরণা জোগানোর কাজটা শুরু করে দিয়েছেন ৫২ বছর বয়সী ম্যারাডোনা। তাদের দিয়েছেন স্বাক্ষর করা একটা জার্সি। সেখানে লেখা ছিল: ‘লড়াই চালিয়ে যাও, রিয়েস্ত্রা।’ দলের সদস্যদের উদ্দেশে বেশ উচ্চকণ্ঠে বলেছেন, ‘বিশৃঙ্খলা বন্ধ করো আর পরের ধাপে উত্তরণ ঘটাও।’
দেখা যাক ম্যারাডোনার এই অনুপ্রেরণা দেপোর্তিভো রিয়েস্ত্রাকে কোথায় নিয়ে যায়।