ম্যারাডোনা ও ফ্যাবিও ক্যাপেলো: দুই কোচের তুলনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭ জুন দক্ষিণ আফ্রিকা-বধের (৪-১) পর ‘মিট দ্য প্রেসে’ কোচ ম্যারাডোনা হাজির। একজন সাংবাদিকের প্রশ্ন: ‘খেলার আগে দেখলাম, টানেলের ভেতরে প্রতিটি খেলোয়াড়ের গালে গালে চুমু খাচ্ছেন, আর এর পর খেলোয়াড়েরাও অবিস্মরণীয় খেলল! ব্যাপারটা কী?’ ইঙ্গিতটা বঙ্কিম। কিন্তু ম্যারাডোনার মুখ আটকায় কে! সশব্দে হেসে জবাব: ‘না, না, আমার সুইটহার্টের নাম ভেরোনিকা, ৩১ বছর বয়সী এক দারুণ সুন্দরী নারী। আমি দুর্বল হাতের হয়ে পড়িনি হে।’ ‘হাত’ কী অর্থে ব্যবহার করা হয়েছে আর খুলে বললাম না। তারপর কোটের পকেট থেকে একটি চিঠি বের করে বললেন, ‘এটা (মিশেল) প্লাতিনি সাহেবের চিঠি। তিনি বলেছেন, তিনি আমার ম্যানেজারি নিয়ে কোনো কটাক্ষ করেননি। অথচ তোমরা বলেছ, তিনি করেছেন। তাই তাঁর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে পেলে সম্পর্কে বলা কথাগুলো তুললাম না।’এর পর: ‘হ্যাঁ, কোরিয়ান কোচ হু জুং-মুর সঙ্গেও খানিকটা তর্ক হয়েছিল খেলার সময়। অবশ্য ও কী বলছিল, আমি বুঝতে পারিনি।’সেদিন আর্জেন্টিনার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকাকে যেমন দিশেহারা দেখাচ্ছিল, তেমনই ’৮৬-এর বিশ্বকাপেও তারা ছিল দিশেহারা। দক্ষিণ কোরিয়া ৩-১ গোলে হেরেছিল আর্জেন্টিনার কাছে। ম্যারাডোনাকে আটকাতে না পেরে শেষে তাঁর জঙ্ঘাতে উড়ন্ত হাঁটু ঠেসে দিয়ে মাটিতে ফেলে দিয়েছিলেন বর্তমান কোচ, তখনকার ডিফেন্ডার, হু জুং-মু। রেফারি কোনো কার্ড দেখাননি। খেলার পর ম্যারাডোনার সেই বিখ্যাত উক্তি, ‘মনে হচ্ছিল ফুটবল নয়, তায়কোয়ান্দ কিক ফাইটিং খেলছিলাম।’তারপর বললেন, ‘আসলে এতগুলো সেনসেশনাল খেলোয়াড় দলে থাকলে কোচের কাজটা সহজ হয়ে যায়।’আসলে কি তাই? কোচের কি কোনো ভূমিকা নেই। তাহলে ফ্যাবিওর অধীনে ইংল্যান্ডের অবস্থাটা দেখুন!ক্যাপেলোর অধীনে এসি মিলান, রিয়াল মাদ্রিদ, রোমা আর জুভেন্টাস সিরি ‘আ’ শিরোপা লাভ করে কয়েকবার। তাঁর ১৬ বছরের ম্যানেজারি জীবনে তিনি সাতবার (বা নয়বার, যদি জুভেন্টাসের ফিরিয়ে নেওয়া দুই বছরের শিরোপাও গণনায় আনা হয়) শিরোপা জেতেন। ১৯৯৩-৯৪ সালে তাঁর অধীনে এসি মিলান এক স্মরণীয় খেলায় বার্সেলোনাকে ৪-০ গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন লিগ শিরোপা জিতে নিয়েছিলেন।কিন্তু ক্যাপেলোর তত্ত্বাবধানে ইংল্যান্ড যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম ম্যাচটা করল ড্র, রবার্ট গ্রিনের হাত ফসকানো গোলের জন্য। কালকে (১৮ জুন) আলজেরিয়ার সঙ্গে হয়ে গেল ০-০ আরেকটি হতাশাজনক ড্র। জেরার্ড, ল্যাম্পার্ড, হেসকি এবং তাঁদের অ্যাটাকিং শিরোমণি ওয়েইন রুনির মতো প্রিমিয়ার লিগ কাঁপানো ফরোয়ার্ডরা কেন পুঁচকে বেড়ালের মতো দন্তহীন খেলবে! কালকেই ছিল ক্যাপেলোর ৬৪তম জন্মবার্ষিকী, আর কেপটাউনের গ্রিন পয়েন্ট স্টেডিয়ামের ৬৪ হাজার ১০০ দর্শকের মধ্যে ৪০ হাজার ছিল ইংরেজ দর্শক। খেলা দেখে তারা ক্যাপেলোসহ ইংরেজ খেলোয়াড়দের এমন দুয়ো দিচ্ছিল যে ভুভুজেলার সশব্দ ঝিঁঝিঁ পর্যন্ত তাতে চাপা পড়ে গেছিল।টেলিগ্রাফ-এর সাংবাদিক আয়ান চাদব্যান্ড শেষমেশ বিরক্ত হয়ে লিখলেন, এমনকি পান্থ যে পাখিটা আলজেরিয়ার প্রান্তে একটি খুঁটির ওপর বসেছিল, সেটাও বিরতির পর দিক বদল করে আবার আলজেরিয়ার প্রান্তে গিয়ে বসে। পাখিটা শেষে উড়াল দেয় খেলার শেষ ভাগে, যখন ব্যারির শটটা বার উঁচিয়ে উড়ে গেলে সে কেঁপে ওঠে, যদিও বারের নিচে আলজেরিয়ার গোলরক্ষক রাইজ এম বোলহি ছিলেন অকম্পিত।সমালোচনা আসছে যে ক্যাপেলোর কৌশলে খেলতে গিয়ে ইংরেজ ফরোয়ার্ডরা গুটিয়ে গেছে। তাদের মধ্যে ফিয়ার-ফ্যাক্টর কাজ করছে। ক্যাপেলো কোনোভাবেই ল্যাম্পার্ড এবং রুনিকে ঘুম থেকে জাগাতে পারছেন না, অথচ অন্যদিকে ম্যারাডোনার ছেলেরা ডিফেন্স থেকে এসেও প্রতিপক্ষের গোলমুখে জটলা করছে (যেমন গ্যাব্রিয়েল হাইঞ্জ)। সেদিনও দেখুন, দক্ষিণ কোরিয়া যখন দ্বিতীয়ার্ধের প্রথম আধা ঘণ্টা খানিকটা চেপে ধরে আর্জেন্টিনার রক্ষণভাগকে বিপর্যস্ত করছিল, তখন ৭৫ মিনিটে রক্ষণভাগ থেকে ডেমিচেলিসকে সরিয়ে ম্যারাডোনা নামালেন তাঁর জামাতা আগুয়ান ফরোয়ার্ড আগুয়েরোকে, যাঁর অবতরণের সঙ্গে সঙ্গে হিগুয়েইন তাঁর শেষের দুটি গোল করে ফেলতে পারেন। ক্যাপেলো হলে হয়তো রক্ষণভাগকে শক্তিশালী করার জন্য একজন ডিফেন্ডারকে নামাতেন।আরেকটি গুজবও ছিল। আলজেরিয়ার খেলোয়াড়েরা ম্যাচের আগে নাকি দ্য ব্যাটল অব আলজিয়ার্স নামক ছবিটি দেখেছিল অনুপ্রেরণার জন্য।