ম্যারাডোনা ওয়াসলেই থাকছেন
তিন ধরনের খবর শোনা গিয়েছিল, তিনি পদত্যাগ করছেন, তাঁকে ছাঁটাই করা হচ্ছে, শর্তগুলো মেনে ভালো খেলোয়াড় আনার প্রতিশ্রুতি পেলে থেকে যাবেন ডিয়েগো ম্যারাডোনা। তিন নম্বর খবরটাই শেষ পর্যন্ত সত্যি হলো। আল ওয়াসল ক্লাবের মালিক পক্ষের সঙ্গে বুধবার তিন ঘণ্টা লম্বা বৈঠক হয়েছে তাঁর। ওই বৈঠকে কোচকে চাহিদামতো খেলোয়াড় এনে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এর পর জানানো হয়েছে, দুই বছরের চুক্তি পূর্ণ করবেন আর্জেন্টাইন কিংবদন্তি। ক্লাবের বিবৃতিতে জানানো হয়েছে, ‘আল ওয়াসল নীতিনির্ধারকদের সঙ্গে তিন ঘণ্টার বৈঠক হয়েছে। ডিয়েগো ম্যারাডোনা অনেকগুলো বিষয় আলোচনা করেছেন। আগামী মৌসুমের কৌশলগত পরিকল্পনাও নির্ধারণ করা হয়েছে। আল ওয়াসল কোচ বুঝতে পেরেছেন, তাঁর সাম্প্রতিক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দলের জন্য ইতিবাচক কিছু ছিল না। এ নিয়ে ক্লাবের হতাশার যৌক্তিকতাও তিনি উপলব্ধি করেছেন। তবে আশ্বস্তও করেছেন, কোনো পরিস্থিতিতেই ওয়াসলকে ছেড়ে তিনি যাবেন না। আগামী মৌসুমের শেষ পর্যন্ত তাঁর চুক্তি। সেই চুক্তি তিনি পূরণ করবেন।’ ওয়েবসাইট।