ম্যারাডোনা কোচ হচ্ছেন, হচ্ছেন না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোচ হিসেবে সর্বশেষ কাজ করেছিলেন মধ্যপ্রাচ্যে। আবার সেই মধ্যপ্রাচ্যেই কোচ হিসেবে কাজ শুরুর সম্ভাবনা দেখা দিয়েছিল। অন্তত সে রকমই জানা গিয়েছিল প্রথমে। ডিয়েগো ম্যারাডোনা ইরাকের কোচ হতে চলেছেন—ম্যারাডোনার এজেন্ট হারনান তোফোনিসহ বেশ কিছু আর্জেন্টাইন সূত্র থেকে পাওয়া এই খবর অনুযায়ী কথাবার্তা নাকি অনেক দূর এগিয়েছিল, আনুষ্ঠানিক ঘোষণাই ছিল বাকি। কিন্তু মাটিতে পড়ার আগেই ইরাকের ফুটবল সংস্থা (আইএফএ) খবরটিকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছে। ম্যারাডোনা আসলেই ইরাকের কোচ হচ্ছেন কি না—এটা নিয়ে একধরনের ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।সাধারণত গুজবনির্ভর কোনো সংবাদ করে না বার্তা সংস্থাগুলো। ফলে রয়টার্সের খবর ছিল বলে সেটিকে গুরুত্বের সঙ্গে জায়গা দেয় গার্ডিয়ান-এর মতো পত্রিকার অনলাইন সংস্করণ। রয়টার্সকে খবর দিয়েছিলেন ম্যারাডোনার ফিফা-নিবন্ধিত এজেন্ট তোফোনি। ব্রাজিলিয়ান কোচ জিকোর বিদায়ের পর আর্জেন্টাইন একজন কোচ খুঁজছিল ইরাক। তোফোনির দাবি, সেই সময় তিনি নিজে ম্যারাডোনার নাম প্রস্তাব করলে আইএফএ সেটি লুফে নেয়। কথাবার্তা চলতে থাকে। ‘ডিয়েগো খুবই রোমাঞ্চিত। তিনি প্রতিদিন ফোন করে খোঁজ নিচ্ছেন। শুধু ছয় মাসের জন্য নয়, তিনি দীর্ঘ মেয়াদেই (ইরাকের) কোচ হতে চান। এই পদের চ্যালেঞ্জ এবং জিকোর স্থলাভিষিক্ত হচ্ছেন—এটা ভেবে তিনি খুবই উত্তেজিত’—রয়টার্সকে বলেছেন তোফোনি।ইরাক একবারই বিশ্বকাপ খেলেছে। সেটিও ম্যারাডোনার বীরত্বগাথার সাক্ষী হয়ে থাকা সেই ছিয়াশির বিশ্বকাপে। ইরাককে আবারও বিশ্বকাপে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছিলেন ম্যারাডোনা। তোফোনির বক্তব্য, ‘আমরা একটা প্রস্তাব পেয়েছি, ডিয়েগো সেটি গ্রহণও করেছেন। শুক্রবার বৈঠকে বসে ইরাকি ফুটবল সংস্থার নির্বাহী কমিটি চুক্তির আর্থিক বিষয়গুলো চূড়ান্ত করবে।’সেই শুক্রবার ছিল গতকাল এবং গতকালই আইএফএর সহসভাপতি আবদুল-খালিক মাসুদ এপিকে বলেছেন, ইরাকের ফুটবল সংস্থার সঙ্গে ম্যারাডোনার কোনো আলাপ-আলোচনা চলছে না। তাঁকে কোচ করার কোনো ইচ্ছাও সংস্থাটির নেই।’কোন খবরটি যে সত্যি, কে জানে। এমন ধূম্রজাল অবশ্য ম্যারাডোনা-সংক্রান্ত খবরে ভালোই মানায়! রয়টার্স, ওয়েবসাইট।