ম্যারাডোনা ক্ষমা চাইলে তবেই...
দুই যুগ আগের ঘটনা। যা ঘটেছিল, সেটির স্থায়িত্বও মিনিট খানেকের। কিন্তু ম্যাচের ৫১ মিনিটে ঘটে যাওয়া সেই ‘দুর্ঘটনা’র দুঃসহ স্মৃতি আমৃত্যু বয়ে বেড়াবেন পিটার শিলটন। ৬ ফুট ১ ইঞ্চি উচ্চতার এই গোলরক্ষককেও লাফ দিয়ে ছাপিয়ে গিয়েছিলেন ৫ ফুট ৫ ইঞ্চির ডিয়েগো ম্যারাডোনা। হেড করতে সুবিধা হচ্ছে না দেখে বাঁ হাতে বল ঠেলে দিয়েছিলেন জালে। হ্যান্ড অব গড!১৯৮৬ বিশ্বকাপের ওই কোয়ার্টার ফাইনালেই ম্যারাডোনার পরের দেওয়া গোলটি শতাব্দীর সেরা গোল। কিন্তু শিলটনের কাছে সেটির মূল্য নেই। বরং ম্যারাডোনা এখনো তাঁর চোখে ‘প্রতারক’। আর্জেন্টিনা কোচের সঙ্গে দেখা হলে তিনি হাত মেলাতে রাজি আছেন ঠিকই, কিন্তু শর্ত একটাই, আগে তাঁকে ক্ষমা চাইতে হবে।‘লোকে সব সময়ই জানতে চায়, সেদিনের পর ওর সঙ্গে আমার আর দেখা হয়েছিল কি না। না, হয়নি। ওর সঙ্গে দেখা করার প্রস্তাব পেয়েছিলাম, টিভি এবং এ ধরনের অনুষ্ঠানগুলো থেকেও অনেক প্রস্তাব এসেছিল। কিন্তু আমি সব সময়ই বলেছি, ম্যারাডোনার সঙ্গে আমি তখনই দেখা করব, ও যদি ক্ষমা চায়। আমি নিজেই ওর সঙ্গে হাত মেলাব। অতীতের দুর্ভাগ্যজনক ঘটনাটি আমরা সেখানেই মাটি চাপা দেব’—শিলটনের উত্তর।‘বিশ্বকাপ’ অবশ্য সব সময়ই এই গোলরক্ষকের জন্য ‘দুর্ভাগ্যজনক’ ছিল। ১৯৭০ বিশ্বকাপে ২০ বছর বয়সী শিলটনকে নিয়ে গিয়েছিলেন আগেরবার দলকে চ্যাম্পিয়ন বানানো কোচ আলফ র্যামজে। মাঠে নামা হয়নি। স্রেফ অভিজ্ঞতা অর্জন। পরের দুটো বিশ্বকাপের তো টিকিটই পায়নি ইংল্যান্ড। ১৯৮২, ’৮৬ ও ’৯০ বিশ্বকাপে খেলেছেন। ’৮৬-এর ঘটনা তো বহুল আলোচিত। ’৮২-তে দেখেছেন দলের দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে পড়া। আর নব্বইয়ে হূদয় ভাঙে সেমিফাইনালের টাইব্রেকে।জাতীয় দলের হয়ে দীর্ঘ দুই দশকের ক্যারিয়ার। ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ১২৫ ম্যাচ খেলার রেকর্ড তাঁর। ববি চার্লটন আর ববি মুরদের সঙ্গে খেলেছেন। খেলার অভিজ্ঞতা আছে আরেক প্রজন্ম গ্যারি লিনেকার, পল গ্যাসকোয়েনদের সঙ্গেও।এই দীর্ঘ অভিজ্ঞতার আতশকাচে এবারের সম্ভাবনাও যাচাই করলেন তিনি। এই মুহূর্তে দুটো বড় সমস্যা দেখছেন। এক. মাঠের বাইরের উটকো সব ঝামেলায় ইংলিশ ফুটবলারদের জড়িয়ে পড়া। দুই. গোলপোস্টের নিচে বিশ্বস্ত একজোড়া হাতের অভাব।মিডিয়ার চাপ ইংল্যান্ড দলের সঙ্গে সব সময়ই ছিল। ১৯৭০ বিশ্বকাপের অভিজ্ঞতাই শিলটন উদাহরণ হিসেবে টানলেন, ‘মনে পড়ে বোগোটার গ্যালারি পুরো সময় ধরে ববি মুরকে বিদ্রূপ করে গেল, যখন তাঁর বিরুদ্ধে ব্রেসলেট চুরির অভিযোগ উঠেছিল। শেষ পর্যন্ত তিনি অবশ্য নিরপরাধ প্রমাণিত হন। কিন্তু তার আগেই বিশ্ব চ্যাম্পিয়নদের সব প্রস্তুতি মাঠে মারা যায়। জন টেরির সঙ্গে যা হলো, সেটি এক দিক দিয়ে ভালো যে সেটি বিশ্বকাপের দুই-তিন মাস আগেই হয়ে গেছে। সেটা বিশ্বকাপ শুরুর ১৫ দিন আগেও হতে পারত।’ ওয়েবসাইট।