ম্যারাডোনা চান তাঁকে সবাই ভুলে যাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭৮ আর ১৯৮৬ বিশ্বকাপ জয়ের স্মৃতি তো অনেক দিন ধরেই রোমন্থন করছে আর্জেন্টিনা। এবার নতুন কিছু হোক। এই আহ্বান খোদ ডিয়েগো ম্যারাডোনার। ম্যারাডোনা চান, তাঁর কীর্তি ভুলিয়ে দেওয়ার মতো নতুন কোনো কীর্তি হোক এবার।‘আমি চাই, আর্জেন্টাইনরা যেন তাদের নতুন হিরোদের ওপর আস্থা রাখে। যেন ২৪ বছর আগের অর্জন নিয়েই এখনো আমাদের পড়ে থাকতে না হয়। আর্জেন্টিনার ফুটবল হিরোদের ওপর নতুন করে আস্থা প্রতিষ্ঠা করতে চাই আমি’—বলেছেন ১৯৮৬ বিশ্বকাপের মহানায়ক।মেসি-হিগুয়েইনরা তাঁকে বিস্মৃতির অতলে ঠেলে দিলেও এতটুকু আক্ষেপ হবে না। বরং এ নিয়ে ম্যারাডোনা গর্বই করবেন। আর্জেন্টিনার কোচ বলেছেন, ‘আমি নতুন কিছু চাই। অনেক দিন হয়ে গেল, প্রতিবারই মনে হয়, আমরা এবার পারব। শেষ পর্যন্ত হয়ে ওঠে না। আমরা চাই না হ্যান্ড অব ম্যারাডোনা, মারিও কেম্পেসদের ওই গল্প নিয়ে সবাই পড়ে থাক। আমি চাই লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েইন, ডিয়েগো মিলিতো, মার্টিন পালের্মো, হাভিয়ের মাচেরানোদের নিয়ে নতুন গল্প তৈরি হোক। না, এমনটা নয় যে আমি চাই ১৯৮৬ বিশ্বকাপের দলটাকে সবাই একেবারেই ভুলে যাক। কিন্তু আমি চাই নতুন এক চ্যাম্পিয়ন।’এই চাওয়াটা পূরণ করতে হলে কী করতে হবে সে তো তাঁরই সবচেয়ে ভালো জানার কথা। ১৯৮৬ বিশ্বকাপে প্রায় একক কৃতিত্বে দলকে শিরোপা জিতিয়েছিলেন। ১৯৯০ বিশ্বকাপেও ফাইনালে তুলেছিলেন দলকে। ‘চ্যাম্পিয়ন একটা দল হতে গেলে যে ক্ষুধা থাকতে হয়, আমাদের সেই ক্ষুধা নিয়েই ঝাঁপিয়ে পড়তে হবে। সে রকম খেলোয়াড় আমাদের আছে’—বলেছেন কোচ।টানা দ্বিতীয় শিরোপা ম্যারাডোনার হাতে ওঠেনি রেফারির বিতর্কিত সিদ্ধান্ত আর জার্মানি দলের কারণে। সেই দলের বিপক্ষে আবার মুখোমুখি হচ্ছেন আজ, মিউনিখে। সেদিন কাঁদতে কাঁদতে মাঠ ছাড়া ম্যারাডোনা কোনো ক্ষোভ পুষে রেখেছেন কি না কে জানে। গত দুই দশকে অবশ্য অনেক কিছুই পাল্টেছে। তার চেয়ে বেশি জীবনের রং তাঁর জন্য পাল্টেছে গত দুই বছরে। ম্যারাডোনা কোচ হয়েছেন। অবিসংবাদিত যে কিংবদন্তির ভাবমূর্তি ছিল, সেটা বারবার পড়েছে হুমকির মুখে।ম্যারাডোনা অবশ্য মনে করেন, এখনো আর্জেন্টিনার মানুষ সমান ভালোবাসে তাঁকে, ‘পথের ধারের মানুষগুলোই আমাকে শক্তি জোগায়। সেই শক্তিই আমি খেলোয়াড়দের মধ্যে সঞ্চারিত করি। সাধারণ মানুষ সব সময়ই আমাদের সঙ্গে আছে।’সাধারণ মানুষকে পাশে পেলেও সংবাদমাধ্যমকে পাচ্ছেন না বলেই মনে করেন কোচ, ‘মিডিয়া মনে করে, এবার আমরা ৩২ নম্বর দল হব। এটা আমাকে বাড়তি শক্তি জোগায়। ১৯৮৬ বিশ্বকাপেও ওরা বলেছিল আমরা লাস্ট হব। কিন্তু আমরা ফার্স্ট হয়েছিলাম। খেলোয়াড়দের কাছে আমি এই বার্তাই পৌঁছে দিতে চাই।’ কোচ হিসেবে তাঁর আদর্শ কে? তাঁর দর্শনই বা কী? ম্যারাডোনার উত্তর, ‘আমি ১৯৭৮-এর মেনোত্তি আর ১৯৮৬-এর বিলার্দো—দুজনের দর্শনই অনুসরণ করতে চাই।’ ক্লাব ফুটবলের ব্যস্ততার কারণে খেলোয়াড়দের একসঙ্গে যথেষ্ট সময় ধরে না পাওয়ায় অসন্তোষ আছে। তবে ক্লাব ফুটবলে আর্জেন্টাইনদের দুদার্ন্ত ফর্ম তাঁকে তৃপ্তিই দিচ্ছে। মেসি-হিগুয়েইন-তেভেজদের মতো তরুণেরা তো বটেই, ডিয়েগো মিলিতো, পালের্মোর মতো পোড় খাওয়ারাও দারুণ ফর্মে। ম্যারাডেনার তাই দৃঢ় বিশ্বাস, ১৯৮৬-এর রূপকথা তিনি ভুলিয়ে দেবেন ২০১০ দিয়েই! এএফপি, ওয়েবসাইট।