ম্যারাডোনা ছাঁটাই
মেঘের গুড়ু গুড়ু ছিলই। অবশেষে বজ্রপাত! ছাঁটাই হলেন ডিয়েগো ম্যারাডোনা!দুবাইয়ের ক্লাব আল ওয়াসলের কোচের পদটা আর্জেন্টাইন কিংবদন্তিকে ছাড়তে হচ্ছে, এই গুঞ্জন চলছে অনেক দিন ধরেই। ম্যারাডোনার প্রথম মৌসুমে আরব আমিরাত লিগে ওয়াসল ১২ দলের মধ্যে লিগ শেষ করেছে আটে থেকে। লিগ শেষ হওয়ার আগে থেকেই পত্রপত্রিকায় ছিল ম্যারাডোনার ছাঁটাই হওয়ার গুঞ্জন। ওয়াসল ছিল ধারাবাহিকভাবে ব্যর্থ। আর কোচের ব্যাপারে আরব ধনকুবের ক্লাব-মালিকদের ধৈর্য একেবারেই কম। কিন্তু ক্লাবের পক্ষ থেকে বিবৃতি দিয়েই জানানো হয়, ম্যারাডোনার ওপর রাখা হচ্ছে আস্থাই।কিন্তু আল ওয়াসলের যে পরিচালক কমিটি ম্যারাডোনাকে রাখতে চেয়েছিল, মারওয়ান বিন বায়াতের সেই কমিটিই শেষ পর্যন্ত টেকেনি। গত জুনে নতুন চেয়ারম্যান মোহাম্মদ আহমাদ বিন ফাহাদের নেতৃত্বে দায়িত্ব নেয় নতুন কমিটি। এই কমিটিই অব্যাহতি দিল ম্যারাডোনাকে। ২০১৩ সালের মে পর্যন্ত চুক্তি ছিল ম্যারাডোনার।ফাহাদ নিজেও অবশ্য দায়িত্ব নেওয়ার পর বলেছিলেন, ‘ম্যারাডোনাই আল ওয়াসলের প্রধান কোচ, আগামী মৌসুমে তিনিই দায়িত্বে থাকবেন। আগামী মৌসুমের কর্মপরিকল্পনার ওপর তাঁর পূর্ণ কর্তৃত্ব থাকবে। তাঁর পদের কোনো পরিবর্তন হবে না।’ কিন্তু এর মধ্যে নিশ্চয়ই নতুন কোনো ঝামেলা হয়েছে। কী হয়েছে সেটি এখনো পরিষ্কার নয়। তবে জানা যাবে শিগগিরই। চুপ করে বসে থাকার লোক তো ম্যারাডোনা নন। তিনি মুখ খুললেই হবে।ম্যারাডোনার বক্তব্য পাওয়া না গেলেও ওয়াসলের সংক্ষিপ্ত বিবৃতি পাওয়া গেছে। তাতেই নিশ্চিত করা হয়েছে ৫১ বছর বয়সী কোচের চাকরিচ্যুতির খবর, ‘আল ওয়াসল ফুটবল কোম্পানির পরিচালক কমিটির সভায় ডিয়েগো ম্যারাডোনার নেতৃত্বাধীন কোচিং স্টাফদের পারফরম্যান্স বিশ্লেষণ করে দেখা হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়েছে, ম্যারাডোনা আর তাঁর সহকারীদের সঙ্গে চুক্তি বাতিল করবে ক্লাব।’লিগে ব্যর্থ হলেও ম্যারাডোনা অবশ্য আরব আমিরাত ও প্রতিবেশী দেশগুলোর শীর্ষ ক্লাবদের নিয়ে গড়া টুর্নামেন্ট জিসিসি চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুলেছিলেন আল ওয়াসলকে। দুই লেগের ফাইনালের প্রথম লেগে ৩-১ গোলে জিতলেও ফিরতি লেগে সমান ব্যবধানে হেরে যান। শেষ পর্যন্ত টাইব্রেকারে ওই শিরোপা হাতছাড়া হয় তাঁর। ইউএই লিগ কাপের সেমিফাইনালেও তুলেছিলেন দলকে। অবশ্য প্রেসিডেন্ট কাপের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেয় দল।জিসিসি চ্যাম্পিয়নস লিগ জিততে পারলেও হয়তো চাকরিটা বেঁচে যেত। ফাইনালের প্রথম লেগে সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে থেকেও ম্যাচ হারার জন্য আসলে ম্যারাডোনাই দায়ী। তাঁর মতোই খ্যাপা স্বভাবের বলেই হয়তো গোলরক্ষক মাজিদ নাসেরকে খুব পছন্দ করতেন। লিগে প্রতিপক্ষ কোচকে চড় মারায় ঘরোয়া টুর্নামেন্টে ১৭ ম্যাচ নিষিদ্ধ ছিলেন নাসের। জিসিসি চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তাঁর ওপর আস্থা রাখার ‘প্রতিদান’ নাসের ম্যারাডোনাকে দিয়েছিলেন প্রতিপক্ষ এক খেলোয়াড়কে ঢুস মেরে লাল কার্ড দেখে! ওয়াসলে ১৪ মাসের এই সংক্ষিপ্ত যাত্রায় ম্যারাডোনাও কম বিতর্কের জন্ম দেননি। রেফারিদের সমালোচনা করে নিষিদ্ধ হয়েছেন। এক সমর্থককে লাথিও কষেছেন। গ্যালারিতে বসে থাকা বান্ধবীকে বাঁচাতে ছুটে গেছেন ডাগ-আউট থেকে। স্বভাবসুলভ ক্ষুরধার ভাষায় সমালোচনা করেছেন নিজ ক্লাব কর্তৃপক্ষের। ফুটবলার জীবনে অসাধারণ সাফল্য এনে দিলেও কোচ হিসেবে ম্যারাডোনার রেকর্ড বলার মতো কিছু নয়। ওয়াসলের হয়েও কোচ-ভাগ্যটা পাল্টাতে পারলেন না। যদিও তাঁর সৌজন্যেই বিশ্ব ফুটবলে অযুত-নিযুত মাইল পিছিয়ে থাকা আরব আমিরাতের ক্লাবটির খবর নিয়মিত ছাপা হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। ওয়াসলের নাম এখন কোটি কোটি লোক জানে—এটাই সম্ভবত ম্যারাডোনার দেওয়া সবচেয়ে বড় ‘সাফল্য’। রয়টার্স।