ম্যারাডোনা ছিলেন ফাঁকিবাজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলোয়াড়দের কাছ থেকে ২০০ শতাংশ চান। কথাটা আর্জেন্টিনার কোচ থাকার সময় বলেছিলেন। আল ওয়াসলের কোচ হওয়ার পরও বললেন। কিন্তু জানেন কি, নিজের খেলোয়াড়ি জীবনে ডিয়েগো ম্যারাডোনা কোচকে ফাঁকি দেওয়ার হাজারটা ফন্দিফিকির বের করতেন!মহাগোপন এই তথ্য ‘ফাঁস’ করে দিয়েছেন নাপোলির সাবেক পরিচালক লুসিয়ানো মগি। এই মগিই ১৯৮৪ সালে বিশ্বকে চমকে দিয়ে বার্সেলোনা থেকে এনে নাপোলিতে সই করিয়েছিলেন ডিয়েগো ম্যারাডোনাকে। ম্যারাডোনা নামের পরশপাথরের ছোঁয়ায় বদলে গিয়েছিল নাপোলি। ক্লাব ইতিহাসের দুটি ইতালিয়ান লিগ শিরোপা এসেছিল ম্যারাডোনার সময়েই। দুবার লিগে দ্বিতীয়ও হয়েছিল নাপোলি। জিতেছিল ইতালিয়ান কাপ, উয়েফা কাপ, উয়েফা সুপার কাপও।নাপোলিতে থাকার সময়ই ক্যারিয়ারের মধ্যগগনে ছিলেন ম্যারাডোনা। জিতেছিলেন বিশ্বকাপও। কিন্তু একই সঙ্গে তাঁর ব্যক্তিগত ঝামেলাও কিন্তু শুরু হয়ে গিয়েছিল। কোকেনে আসক্ত হয়ে পড়েন, এক তরুণীর সঙ্গে সম্পর্কে জড়ান, ক্লাবে একসময় শৃঙ্খলাভঙ্গের দায়ে জরিমানাও গুনেছেন।মগি জানালেন, কীভাবে মাঝেমধ্যেই ‘তৃতীয় হাত’ মানে অজুহাত বেশি ব্যবহার করতেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক, ‘অনুশীলনের সময় হলেই ও দেখা যেত অসুস্থবোধ করছে। ট্রেনিং সেশন শুরুর ১০ মিনিট আগে দেখা গেল, ওর এজেন্ট ফোন করে জানিয়ে দিল, “ডিয়েগো তো আসতে পারবে না, ও অসুস্থ বোধ করছে।” একবার তো এ ঘটনা টানা দুই দিন হলো। সোমবার ওর এজেন্ট জানাল ও অসুস্থ, মঙ্গলবার ওর স্ত্রীও জানাল ও সুস্থ নয়।’এ ঘটনার পর ইউরোপিয়ান কাপের একটা ম্যাচ থেকে ম্যারাডোনাকে বাদ দেওয়া হয়েছিল বলে জানালেন মগি, ‘পরদিন (বুধবার) ইউরোপিয়ান কাপের ম্যাচ ছিল। আমি ওর বাসায় গিয়ে ওর এজেন্ট আর স্ত্রীকে জানিয়ে দিলাম, অনুশীলন না করলে ওর খেলা হবে না। আমাকে জানানো হলো, ও রাতে অনুশীলন করবে। আমি ফিরে এসে ট্রেনিং মাঠের দরজা রাতেও খুলে রাখতে বললাম। কিন্তু পরদিন অজুহাত দেওয়া হলো, মাঠ নাকি বন্ধ ছিল। ড্রেসিংরুমে ম্যারাডোনা ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছিল। আমি ওকে গিয়ে বললাম, তোমার আজ খেলার দরকার নেই।’প্রতিভাবানরা বুঝি একটু আলসেও হয়!