ম্যারাডোনা-জনসনের 'প্রায়শ্চিত্ত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেখা হলো প্রায় দুই দশক পর। বেন জনসন ও ডিয়েগো ম্যারাডোনার খুশিটা ছবিতেই স্পষ্ট! গত পরশু দুবাইয়ে  ওয়েবসাইট
দেখা হলো প্রায় দুই দশক পর। বেন জনসন ও ডিয়েগো ম্যারাডোনার খুশিটা ছবিতেই স্পষ্ট! গত পরশু দুবাইয়ে ওয়েবসাইট

দুজনই ছিলেন নিজ নিজ ভুবনের সেরা। উঠেছিলেন খ্যাতির চূড়ায়, পেয়েছিলেন অগুনতি ভক্তের ভালোবাসা। কিন্তু মুদ্রার উল্টো পিঠটাও দেখতে হয়েছে দুজনকেই। ডোপ-পাপের কালিমা লেগেছে গায়ে। সেই কলঙ্কের দাগ মেখেই তাঁদের বিদায় নিতে হয়েছে। অনেক অমিলের মধ্যেও একটি মিল বেন জনসন ও ডিয়েগো ম্যারাডোনাকে বেঁধেছে এক সুতোয়। পরশু দুবাইয়ে চতুর্থ ‘স্পোর্টস ভার্সাস ক্রাইম’ আন্তর্জাতিক সম্মেলনে এসে ক্যারিয়ারের কালো সেই অধ্যায় নিয়ে কথা বলেছেন দুজনই। নিজেদের অভিজ্ঞতা থেকে সতর্ক করে দিয়েছেন নতুন প্রজন্মকে।
জনসন ও ম্যারাডোনার ওই কলঙ্ক ছয় বছর ব্যবধানে। ১৯৮৮ সিউল অলিম্পিকে বিশ্বরেকর্ড গড়ে ১০০ মিটার জেতার পরই ডোপ পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন জনসন। সোনার পদক ও রেকর্ড তো হারানই, নিষিদ্ধও হয়ে যান তিন বছরের জন্য। পরে ফিরে এলেও বলার মতো কিছু করতে পারেননি, ডোপ-পাপের প্রেতাত্মা সব সময়ই তাড়া করে বেরিয়েছে কানাডিয়ান অ্যাথলেটকে।
ম্যারাডোনার ড্রাগ আসক্তি এবং তা থেকে মুক্তিলাভের প্রাণান্ত চেষ্টার কথা সবারই জানা। তবে পারফরম্যান্স-বর্ধক ড্রাগ নেওয়ার দায়ে নিষিদ্ধ হন ১৯৯৪ বিশ্বকাপে। মাত্র দুই ম্যাচ খেলেই ধরা পড়েন ডোপ টেস্টে। ষড়যন্ত্র-তত্ত্বও খুব বাজার পেয়েছিল সে সময়। যদিও পরে ম্যারাডোনা নিজেও আর খুব বড় গলায় নিজেকে নির্দোষ দাবি করতে পারেননি।
দুবাইয়ে দুজনের দেখা হলো প্রায় দুই দশক পর। যাতে আপ্লুত জনসন, ‘আমরা ভিন্ন খেলায় থাকলেও একসঙ্গে অনুশীলন করেছি। ওর সঙ্গে অনেক দিন পর দেখা হওয়াটা দারুণ একটা ব্যাপার। ম্যারাডোনা আমার ভালো বন্ধু ছিল। আমরা আর্জেন্টিনা ও টরন্টোতে শারীরিক ও সহনশক্তির অনুশীলন করেছিলাম। সেসব দিনের কথা এখনো আমার মনে পড়ে।’
স্মৃতিচারণার পর জনসন কথা বললেন সেই কালো অধ্যায় নিয়ে, ‘পঁচিশ বছর আগে আমি কোচের কথা অনুযায়ী একটা কাজ করেছিলাম। সেটা ছিল ভুল। পারফরম্যান্স-বর্ধক ড্রাগ ব্যবহার করে অলিম্পিকে সোনা হারিয়েছি আমি। নতুন প্রজন্মকে এটাই বলতে চাই, যে ভুলটা আমি করেছিলাম সেটা তোমরা কোরো না।’
নিজের ড্রাগ আসক্তি নিয়ে কথা বলার সময় ম্যারাডোনার কণ্ঠেও একই আহ্বান, ‘আমি এটা নিয়ে কথা বলতে বিব্রতবোধ করছি না। এটা আমি পেরিয়ে এসেছি। এখন আমি সুখী। অনেক ভালো আছি। আমি চাই না আমি যে অবস্থার মধ্য দিয়ে গিয়েছিলাম, সেটা অন্য কারও হোক।’
কিন্তু দুঃসহ সেই সময়টা কাটিয়ে উঠেছিলেন কীভাবে? ম্যারাডোনা জানিয়েছেন মেয়ে ও নাতি বেঞ্জামিনের প্রতি ভালোবাসাই ছিল তাঁর দুঃসময়ের সম্বল। আর জনসনের পাশে বড় সহায় হয়ে দাঁড়িয়েছিলেন তাঁর মা।
নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়ে অন্যদের এখন শিক্ষা দেওয়ার কাজে নেমেছেন জনসন। টরন্টোতে তরুণদের ড্রাগ বিষয়ে সচেতন করে যাচ্ছেন। ম্যারাডোনাও জড়িয়ে আছেন ফুটবলের সঙ্গে, দুবাইয়ের ক্রীড়াদূত এখন এই কিংবদন্তি। শুধু ড্রাগ নয়, তাঁরা কথা বলেছেন খেলার মাঠে সহিংসতা নিয়েও। খেলার মতো নির্মল বিনোদনকে সব ধরনের কলুষতা থেকে মুক্ত রাখার আহ্বানও জানিয়েছেন একই সুরে। ওয়েবসাইট।