ম্যারাডোনা জানতেন...
মার্টিন পালের্মো যে নেমেই গোল করে ফেললেন—ম্যারাডোনা কি অবাক হয়েছেন? তাঁর অবাক হওয়ার কিছু নেই। পালের্মো গোল করবেন জেনেই তো মাঠে নামিয়েছেন তাঁকে! হ্যাঁ, বিশ্বাস করুন, ম্যারাডোনা নাকি জেনেশুনেই গোল করার জন্য বদলি হিসেবে পালের্মোকে মাঠে নামিয়ে দিয়েছিলেন গ্রিসের বিপক্ষে!সবাই যখন পালের্মোর গোল নিয়ে বিস্ময় প্রকাশ করছেন, ম্যারাডোনা এক গাল হেসে বললেন, ‘আমি পালের্মোকে বলেছিলাম, “মাঠে গিয়ে আমার জন্য একটা গোল করে খেলা শেষ করে দিয়ে আসো।” আর “সাধু মার্টিন”ও কি বাধ্য! মাঠে নেমে গোল করে খেলা শেষ করে দিয়ে তবেই এলেন!’আর্জেন্টিনা গ্রিসের বিপক্ষে মাত্র এক গোলে এগিয়ে থাকায় আর্জেন্টাইন কোচিং স্টাফ ও খেলোয়াড়েরা নাকি একটু উৎকণ্ঠিত হয়ে পড়েছিলেন—যদি গ্রিস ম্যাচে ফিরে আসে? এমন অবস্থায় আরেকটা গোল করার দায়িত্ব দিয়ে মাঠে ‘হ্যাটট্রিক ম্যান’ গঞ্জালো হিগুয়েইনকে পাঠানোর চিন্তা হচ্ছিল। কিন্তু ম্যারাডোনা অন্য রকম ভাবলেন, ‘মার্টিনের (পালের্মোর) ব্যাপারটা একটু পাগলামিই হয়ে গিয়েছিল। কোচিং স্টাফদের সঙ্গে আমি পিপিতার (হিগুয়েইন) ব্যাপারে আলাপ করছিলাম। আসলে সবাই হিগুয়েইনকেই পাঠাতে চাচ্ছিল। আমি বললাম, “না, আমি মার্টিনকে নামাব”।’ম্যারাডোনা নিজেই বলছেন, তাঁর বদলিগুলো দারুণ কাজে দিচ্ছে। অ্যাঙ্গেল ডি মারিয়া ও হ্যাভিয়ের পাস্তোরের উদাহরণ টেনে বললেন, ‘ডি মারিয়া যেই মাঠে নামল, আমরা আরও ভালো খেলা শুরু করলাম। পাস্তোরেকে দেখে আমি অবাক হইনি। ও তো কাউকে ভয় পায় না। ওর খেলা দেখে মনে হচ্ছিল, চার-পাঁচটা বিশ্বকাপ খেলে ফেলেছে।’এমন চলতে থাকলে তো ভালো। কিন্তু অতি-আবেগী ম্যারাডোনাও বুঝতে পারছেন, দিন আর এমন হেলেফেলায় যাবে না। বিশ্বকাপের বাকি পথটা বড় বন্ধুর। সেই পথের কাঠিন্যের কথা নিজেই মনে করিয়ে দিলেন, ‘এখন রাস্তাটা অনেক কঠিন। আপনি হয়তো শুনবেন যে জার্মানি, ইতালি বা ব্রাজিল ভালো খেলছে না। কিন্তু তারাই শেষ পর্যন্ত দ্বিতীয় পর্ব, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনালে খেলবে।’এদের সঙ্গে খেলার জন্যই এখন প্রস্তুতি ম্যারাডোনার। ওয়েবসাইট।