ম্যারাডোনা থাকছেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে। অবশেষে ডিয়েগো ম্যারাডোনা নাকি আর্জেন্টিনার কোচ হিসেবে থেকে যেতে সম্মত হয়েছেন। পুরোটাই আগের মতো ‘গুজবভিত্তিক’ সংবাদ। তবে আর্জেন্টিনার সংবাদমাধ্যম মোমেন্টো-২৪ জানিয়েছে, ভেনেজুয়েলা সফরে যাওয়ার আগে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের (এএফএ) সভাপতি হুলিও গ্রন্ডোনার সঙ্গে দেখা করে গেছেন ম্যারাডোনা। সেই সাক্ষাতে গ্রন্ডোনা নাকি প্রশ্ন করেছিলেন, ‘ডিয়েগো, তুমি কি চালিয়ে যেতে চাও?’ জবাবে ম্যারাডোনা বলে গেছেন, ‘ইয়েস।’আসলে জবাবটা ‘ইয়েস’ নাকি ‘নো’, সেটা জানা যাবে সোমবার। ভেনেজুয়েলায় রওনা দেওয়ার আগে ম্যারাডোনা সাংবাদিকদের বলে গেছেন, ‘আগামী সপ্তাহে গ্রন্ডোনার সঙ্গে কথা বলব। এর আগে শাভেজ কেমন আছে, দেখে আসি।’ ভেনেজুয়েলা-যাত্রা তবু একটা ঘোমটা খুলল ম্যারাডোনার। বিশ্বকাপ অভিযান শেষ করে সেই যে ডুব দিয়েছিলেন, জনসমক্ষে তাঁকে আর দেখাই যাচ্ছিল না। এজেইজার বাড়ি থেকে এর মধ্যে একবারই বেরিয়েছিলেন—বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়েছিলেন বুয়েনস এইরেসের গভর্নরের আমন্ত্রণে।এর মধ্যে আর একবারও মুখ না-খোলা ম্যারাডোনা আর্জেন্টিনার দায়িত্বে থাকবেন কি না—সেটা নিয়ে গুঞ্জনের শেষ ছিল না। শোনা যাচ্ছিল, ম্যারাডোনার সঙ্গে চুক্তি বাড়াচ্ছে এএফএ। বিশেষ করে বিশ্বকাপ শেষ হতেই গ্রন্ডোনা যখন বলেছিলেন ‘ম্যারাডোনার যা ইচ্ছে করার অধিকার আছে’, তখনই বোঝা গিয়েছিল ফেডারেশনের আগ্রহটা।অবশ্য ফেডারেশনের আগ্রহ নিয়েও পরস্পরবিরোধী খবর আছে। কেউ কেউ বলেছেন, এএফএর অনেক সদস্যই ম্যারাডোনাকে নতুন করে কোচ হিসেবে চান না। কিন্তু সেটা নাকি মুখ ফুটে বলার সাহস তাঁদের নেই! আবার গ্রন্ডোনা ম্যারাডোনাকে ‘ব্ল্যাঙ্ক চেক’ দিয়ে রাখায়ও অনেকে মুখ খুলতে চাইছেন না।পুরো ব্যাপারটায় আবার জড়িয়ে পড়েছে আর্জেন্টিনার রাজনীতিও। ম্যারাডোনাকে কোচ হিসেবে রেখে দেওয়ার জন্য খুবই আগ্রহী প্রেসিডেন্ট কির্চনার। অনেকে কির্চনারের এই আগ্রহের পেছনে আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনকে খুঁজে পাচ্ছেন। সমালোচকদের ধারণা, নির্বাচনে ম্যারাডোনার ভাবমূর্তি কাজে লাগানোর জন্যই তাঁকে রেখে দেওয়ার চেষ্টা। সে যা-ই হোক, এএফএর নির্বাহী কমিটি এরই মধ্যে একটা বৈঠকে বসে ম্যারাডোনার সঙ্গে নতুন চুক্তির খসড়া নাকি তৈরি করে ফেলেছে। গুঞ্জন আছে, নতুন চুক্তি করার সময় ম্যারাডোনাকে বলা হবে সহকারী কোচ আলেসান্দ্রো মানকুসোকে ছেড়ে দিতে। সে ক্ষেত্রে ম্যারাডোনাও নাকি ম্যানেজার কার্লোস বিলার্দোকে সরিয়ে নিতে বলবেন। তবে এত অনুমান-গুঞ্জন যাঁকে নিয়ে, তাঁর কথাবার্তায় এই উত্তেজনাটা নেই। উল্লসিত ভেনেজুয়েলান জনতার উষ্ণ অভিনন্দনে ভিজে পৌঁছেছেন সিমন বলিভার বিমানবন্দরে। আর্জেন্টিনা ও ভেনেজুয়েলার পতাকা ওড়াতে থাকা ভক্তদের ম্যারাডোনা বলেছেন, ‘প্রেসিডেন্ট হুগো শাভেজের সঙ্গে দেখা করতে সিমন বলিভারের দেশে এসেছি। আমরা একসঙ্গে ভেনেজুয়েলার খেলাধুলার উন্নয়নে কিছু কাজ করব।’সে দেশের ক্রীড়া মন্ত্রণালয়ের খবর, গতকালই শাভেজের সঙ্গে একটি বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের স্নাতক সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন ম্যারাডোনা। এরপর কয়েকজন স্থানীয় কোচের সঙ্গে মতবিনিময় করার কথা তাঁর। ওয়েবসাইট।