ম্যারাডোনা থেকে আশরাফুল
তাঁরা তারা। মানে তারকা। নিজ নিজ অঙ্গনের আকাশে জ্বলজ্বল করে জ্বলেন। কিন্তু তারাও পতন হয়। তারাও ঝরে পড়ে। তারাও নিভে যায়। ক্রিকেট বিশ্বে মোহাম্মদ আশরাফুল একা নন। তারকা থেকে ‘সুপারনোভা’ হয়ে গেছেন অনেকেই। মোহে পড়ে, লোভের হাতছানিতে পা হড়কেছে। কক্ষচ্যুত হয়েছেন। ক্রিকেট দুনিয়াতেও এমন অনেকের খোঁজ মিলবে। সবচেয়ে বড় উদাহরণ নিঃসন্দেহে হানসি ক্রনিয়ে। ২০০০ সালের এপ্রিলে দিল্লি পুলিশ আড়ি পাতল তখনকার দক্ষিণ আফ্রিকান অধিনায়ক, সর্বজন পূজনীয় ক্রিকেটার ক্রনিয়ের ফোনে। উঠে এল সন্দেহভাজন বুকি সঞ্জয় চাওলার সঙ্গে তাঁর গোপন কথোপকথন। জানা গেল, ক্রনিয়ের সাজানো ছক মেনে ঘুষ খেয়েছেন হার্শেল গিবস, পিটার স্ট্রাইডম, নিকি বোয়েরাও। প্রথমে জোরাল ভাষায় অস্বীকার করে গেলে শেষ পর্যন্ত ক্রনিয়ে দোষ স্বীকার করে নেন। কিংবা স্বীকার করতে বাধ্য হন। আজীবন নিষিদ্ধও করা হয় তাঁকে। ক্রিকেটের আধুনিকায়নে বড় ভূমিকা রাখা ক্রনিয়ে নিক্ষিপ্ত হন ঘৃণার আস্তাকুঁড়ে। জীবনের শেষ পরিণতিটা আরও করুণ। বিমান দুর্ঘটনায় মাত্র ৩২ বছর বয়সে মারা যান দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটার।ক্রিকেট দুনিয়াকে টালমাটাল করে দেওয়া সেই সময়টায় আবিষ্কৃত হয় বিরাট এক ক্যানসার। ক্রিকেটে বাজিকরদের শেকড় যে কত দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে, সেই অনাবিষ্কৃত অনালোকিত অধ্যায়টি চলে আসে চোখের সামনে। ক্রনিয়ের অপরাধ-জীবনের সঙ্গী হিসেবে নানা মেয়াদে নিষিদ্ধ হন গিবস, বোয়ে, হেনরি উইলিয়ামস। একে একে নিষিদ্ধ হয়েছিলেন পাকিস্তানের সেলিম মালিক, আতাউর রেহমান; ভারতের অজয় জাদেজা, মোহাম্মদ আজহারউদ্দিন। আজহার শুরু থেকেই অবশ্য অভিযোগ অস্বীকার করে গেছেন। এ নিয়ে আদালতের দারস্থও হয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত কোনো লাভই হয়নি। ৯৯ টেস্টে আটকে থেকেই শেষ হয়ে গেছে ক্যারিয়ার। শততম টেস্ট খেলার স্বপ্নটা থেকে গেছে অধরাই।ফোনে পুলিশেরই আড়ি পাতানো থেকে উঠে আসে ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলসের নাম। স্যামুয়েলস অবশ্য দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আবার ভালোভাবেই ক্রিকেটে ফিরেছেন। ফেরার স্বপ্ন দেখছেন অল্প বয়সেই খ্যাতির আলোয় চলে আসা মোহাম্মদ আমির। যদিও হয়তো আর কখনোই ফেরা হবে না সালমান বাট আর মোহাম্মদ আসিফের।আসিফের কপালে অবশ্য শুধু স্পট ফিক্সিংয়ের কলঙ্ক নেই। নানা সময়ে ভুল কারণে খবরে আসা আসিফের নামের পাশে আছে প্রেমিকা বীণা মালিকের টাকা মেরে দেওয়া থেকে শুরু করে পারফরম্যান্স বর্ধক ড্রাগ নেওয়া, নিষিদ্ধ মাদক বহনের দায়ে দুবাই বিমানবন্দরে আটক হওয়ার মতো ঘটনাও।এদিক দিয়ে আসিফের ‘গুরু’ ছিলেন বিনোদ কাম্বলী। আধুনিক ক্রিকেটের শুরুর দিককার ‘ব্যাড বয়’ ছিলেন কাম্বলি। মুম্বাইয়ের গরিব মেকানিকের ঘরে জন্ম নেওয়া কাম্বলির সামনে ছিল বিশাল তারকাখ্যাতি, যশ, অর্থবিত্তের হাতছানি। আর তাতেই যেন মাথা বিগড়ে গিয়েছিল। অথচ স্কুল ক্রিকেটে অপরাজিত ৩২৬ রানের যে ইনিংসটির কারণে প্রথম আলোচনায় এসেছিলেন শচীন টেন্ডুলকার, সেই একই ম্যাচে বাল্যবন্ধু টেন্ডুলকারের চেয়ে ২৩ রান বেশিই করেছিলেন কাম্বলি। অপরাজিত ছিলেন ৩৪৯ রানে। আজ কোথায় টেন্ডুলকার, কোথায় কাম্বলি!টেস্টে ১ হাজার ৮৪ আর ওয়ানডেতে ২ হাজার ৪৭৭ রান; দুই ধরনের ক্রিকেট মিলিয়ে মাত্র ছয়টি সেঞ্চুরিতেই ক্যারিয়ার আটকে যাওয়ার পেছনে কাম্বলি প্রায়ই দোষ খুঁজে পান তাঁকে প্রাপ্য সমর্থনটি না দেওয়ার মধ্যে। বোর্ডের কর্তাদের ওপর তো বটেই, খোদ বন্ধু টেন্ডুলকারের ওপরও অনেক অভিমান। কিন্তু কাম্বলি নিজেও অস্বীকার করতে পারবেন না, অনিয়ন্ত্রিত ব্যক্তি জীবনই আসলে এর জন্য দায়ী। ভোররাত পর্যন্ত মদ খেয়ে হোটেল রুমে হইহল্লা করা, ডিসকোতে নাচানাচি। প্রতিভা যত বড়ই হোক, নিজেকে শৃঙ্খলার খোলসে বন্দী করে না ফেলতে পারলে পা হড়কাবেই।খেলোয়াড়ি জীবনে পা হড়কানোর সবচেয়ে বড় উদাহরণ সম্ভব ডিয়েগো ম্যারাডোনা। খেলোয়াড়ি জীবন থেকে আজ পর্যন্ত নিয়মের তোয়াক্কা করেননি। এই সেদিনও খবরে এসেছেন সাংবাদিকদের ওপর চড়াও হয়ে। খেলোয়াড়ি জীবনেই মাদকের নেশায় জড়িয়ে পড়েছিলেন। ১৯৯৪ বিশ্বকাপে ডোপ টেস্টে ধরাও পড়েছিলেন। ম্যারাডোনা সমালোচনায় জড়িয়ে ছিলেন নিজ সন্তানকে পিতৃত্বের স্বীকৃতি দেওয়া না-দেওয়া নিয়েও।তারপরও ম্যারাডোনা ম্যারাডোনাই। তা তিনি অমিত প্রতিভাধর ছিলেন বলেই। কিন্তু লোভের হাতছানি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখলে আরও কত কী করতে পারতেন, কে জানে!