ম্যারাডোনা ফুটবলই বোঝেন না!
খবরটা দুর্বলচিত্তের লোকদের না পড়াই ভালো। বিশেষ করে যাঁদের হূদ্যন্ত্রে ঝামেলা আছে। কী খবর? হোসে লুই চিলাভার্ট বলেছেন, ম্যারাডোনা ফুটবলের ‘ফ’ও বোঝেন না! শুধু এই বলেই ক্ষান্ত হননি, প্যারাগুয়ের সাবেক এই গোলরক্ষক এমনও বললেন, ম্যারাডোনা ফুটবলের ক্ষতি করেছেন!পেশাদার ক্যারিয়ারে ষাটের বেশি গোল করে বিখ্যাত এই সাবেক গোলরক্ষক হুট করে ম্যারাডোনার ওপর চটলেন কেন? কারণ বার্সেলোনা গোলরক্ষক ভিক্টর ভালদেসকে নিয়ে আর্জেন্টাইন কিংবদন্তির সমালোচনা। কদিন আগে ম্যারাডোনা বলেছিলেন, বার্সার বেশ কিছু পরাজয়ের জন্য ভালদেসই দায়ী। গোলরক্ষক হিসেবে ভালদেসের মান নিয়েও প্রশ্ন তুলেছিলেন আল ওয়াসল কোচ।এমন কথা বলায় ম্যারাডোনাকে রীতিমতো ধুয়েই দিলেন চিলাভার্ট, ‘আমার দৃষ্টিতে ভালদেসই এখনকার বিশ্বসেরা গোলরক্ষক। যখন বার্সার রক্ষণে সুস্থিতি দরকার পড়ে, ও সেটা এনে দেয়। ওর দক্ষতা আর সামর্থ্যও অনেক।’৪৬ বছর বয়সী চিলাভার্ট এর পরই হেনেছেন মোক্ষম আঘাত, ‘ম্যারাডোনা ফুটবলের কিছুই বোঝে না।’ আঘাত করেছেন সবচেয়ে স্পর্শকাতর জায়গাতেও, ‘ফুটবলারদের উচিত নিজের দেখভাল করা, মাদকে আসক্ত হওয়া নয়।’ওয়াসলের কোচ হিসেবে দুবাইয়ে একরকম বাধ্য হয়েই নাকি গেছেন ম্যারাডোনা। তাঁকে নির্বাসন দেওয়া হয়েছে—এমন অজানা তথ্যও জানা গেল চিলাভার্টের কাছ থেকে, ‘ও ফুটবলের অনেক ক্ষতি করেছে। পোপ দ্বিতীয় জন পোল সম্পর্কে ও বাজে মন্তব্য করেছে। সেজন্যই এখন সংযুক্ত আরব আমিরাতে নির্বাসনে যেতে হয়েছে ওকে।’এত কিছু বলেও যেন মনের ঝাল মেটেনি চিলাভার্টের। এর পর যোগ করেছেন, ‘মেসি অবশ্যই সেরা। ম্যারাডোনার চেয়ে অনেক ভালো। এই বয়সে মেসি যা কিছু জিতেছে, সেই বয়সে ম্যারাডোনা এর এক শতাংশও জেতেনি।’বার্সার গোলরক্ষক ভালদেসের সমালোচনা করার কারণে চিলাভার্ট এত ক্ষোভ উগরে দিলেন—বিস্ময়কর। কে জানে, পুরোনো কোনো হিসাব আছে নাকি দুজনের মধ্যে। ম্যারাডোনা মুখ খুললেই সেটা পরিষ্কার হয়ে যাবে। ম্যারাডোনাও চুপটি করে গাল হজম করার লোক নন। ওয়েবসাইট।অবশ্য মনমেজাজ তাঁর ভালোই থাকার কথা। আরব আমিরাতের ইতিসালাত কাপে পরশু ২-১ গোলে এমিরেটসের বিপক্ষে জিতেছে আল ওয়াসল। এই জয়ে কাপের পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে এসেছে ওয়াসল।