ম্যারাডোনা বলছেন পেনাল্টি নয়, ফ্রেড বলছেন পেনাল্টি

এমনিতেই কি বস্তুটার নাম গোল? এবারের বিশ্বকাপের পর্দা ওঠানো ম্যাচে পেনাল্টি থেকে নেইমার যে গোল করলেন, সেই গোল নিয়ে শোরগোল বুঝি শেষই হচ্ছে না। যিনি ফাউলের শিকার হওয়াতে এই আলোচিত পেনাল্টির জন্ম, সেই ফ্রেডের দাবি, এটি পেনাল্টিই ছিল। কিন্তু আর্জেন্টাইন ফুটবল জাদুকর ডিয়েগো ম্যারাডোনা মনে করেন, সুযোগের সদ্ব্যবহার করে পেনাল্টিটি আদায় করে নেওয়া হয়েছে।
আলোচনা-সমালোচনার ঝড় ওঠায় এ নিয়ে মুখ খুলতে হয়েছে ফিফাকেও। দ্বিতীয় ম্যাচেও মেক্সিকোর দুটো দৃশ্যত বৈধ গোল অফসাইডের কারণে বাতিল করায় রেফারিংয়ের মান নিয়ে শুরুতেই প্রশ্ন উঠে গেছে। ফিফা জাপানি রেফারি নিশিমুরোকে সমর্থন করলেও এই টুর্নামেন্টে তাঁকে আর দায়িত্ব দেওয়া হবে কি না, এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলেনি।
বিষয়টি নিয়ে শোরগোল হচ্ছে দেখে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন এ নিয়ে তাদের ওয়েবসাইটে একটি ভিডিও তুলে দিয়েছে। সেই ভিডিও-বার্তায় ঘটনার মূল চরিত্র ফ্রেড পেনাল্টির সিদ্ধান্তের পক্ষেই অবস্থান নিয়েছেন। বলেছেন, ‘বল নিয়ে এগোনোর সময় আমার ঘাড়ে কিছু ওজন অনুভব করি, যে কারণে বল আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এটাকে পেনাল্টি পাওয়ার মতো আচরণের চেয়ে খুব কম কিছু বলে আমার মনে হয়নি। যোগ্য দল হিসেবেই ব্রাজিল ম্যাচ জিতেছে।’
তবে ফ্রেডের সঙ্গে একমত হতে পারছেন না ম্যারাডোনা। আর্জেন্টাইন কিংবদন্তির সূক্ষ্ম রসবোধ নিয়ে কোনো সন্দেহ নেই। এই পেনাল্টি নিয়েও স্বভাবসুলভ টিপ্পনি কাটতে ছাড়েননি। ভেনিজুয়েলান এক টেলিভিশন চ্যানেলে কিঞ্চিত্ পরিহাস করে তিনি বলেছেন, এটি ‘স্বাগতিকদের দেওয়া উপহার’। ম্যারাডোনার বক্তব্য, পেনাল্টি আদায় করে নিয়েছেন ফ্রেড, ‘ক্রোয়েশিয়া বলছে এটা পেনাল্টি ছিল না। আমার কাছে মনে হয়েছে দুই খেলোয়াড়ের মধ্যে টানাটানি হয়েছে। তবে সেটার পুরো ফায়দা নিয়েছে ফ্রেড।’
উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের খেলাতেও মন ভরেনি ম্যারাডোনার, ‘বিশ্বকাপ জিততে চাইলে ব্রাজিলকে অনেক উন্নতি করতে হবে।’
এদিকে ব্রাজিলের সংবাদমাধ্যমও এই পেনাল্টির জন্য ‘ধন্যবাদ’ দিয়েছে জাপানি রেফারিকে। দেশটির অন্যতম দৈনিক গ্লোবো শিরোনাম করেছে: ‘আরিগাতো’। জাপানি যে শব্দের মানে ‘ধন্যবাদ’। পত্রিকাটি লিখেছে, ‘ব্রাজিল তাদের প্রাপ্য জয়টা অন্যায্যভাবে পেয়েছে।’ ব্রাজিলের শীর্ষ ক্রীড়া দৈনিকগুলোর একটি ল্যান্স মজা করে লিখেছে, ‘শিরোপা আমাদের, নেইমার আমাদের, অস্কার আমাদের, ক্রোয়েশিয়ার গোলটাও আমাদের। এমনকি রেফারিও আমাদের। সবকিছুই আমাদের!’ সূত্র: এএফপি।