ম্যারাডোনা বলেই উল্টোটাও খবর
‘মানুষকে কুকুরে কামড়ালে সেটা খবর না। কিন্তু মানুষ যদি কুকুরকে কামড়ায়, সেটা খবর’—এই আপ্ত বাক্যটাকে ডিয়েগো ম্যারাডোনা ভুল প্রমাণ করে ফেলেছেন। সামান্য এক কুকুরের কামড় খেয়েই ম্যারাডোনা সংবাদপত্রের গুরুত্বপূর্ণ খবর। মুখে পোষা কুকুরের কামড় খেয়ে ১০টি সেলাই পর্যন্ত নিতে হয়েছে আর্জেন্টাইন কোচকে।এই আজব দুর্ঘটনা ম্যারাডোনার বিশ্বকাপ প্রস্তুতিতে হয়তো সামান্য ব্যাঘাত ঘটিয়েছে। তবে বিষয়টা অন্যভাবে দেখা যেতে পারে। এমনও হতে পারে যে, আর্জেন্টাইন কোচের এ বছরের যা কিছু ‘ফাঁড়া’, তা ওই কুকুরের কামড়েই শেষ হয়ে গেছে! তার মানে, ১১ জুলাই আর্জেন্টিনার হাতে উঠছে তাদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা?তা যদি হয়, ম্যারাডোনার কুকুর কিন্তু ইতিহাসে ঠাঁই পেয়ে যাবে। বিশ্বকাপ ইতিহাসে এর আগে একটা কুকুর অবশ্য ঠাঁই পেয়েছে। ১৯৬৬ সালে ইংল্যান্ড যখন বিশ্বকাপ আয়োজন করল, তখনকার ঘটনা। টুর্নামেন্টের আগে বিভিন্ন জায়গায় আসল জুলে রিমে ট্রফিটার প্রদর্শনী চলছিল। ও রকম একটা প্রদর্শনী থেকে খোয়া গেল ট্রফিটা। শেষমেশ সেই ট্রফি খুঁজে পেয়েছিল ‘পিকেলস’ নামের একটা কুকুর। স্বাগতিক ইংল্যান্ড শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছিল সেবার। একটা কুকুরের কল্যাণে পুরস্কার বিতরণী মঞ্চে প্রকৃত ট্রফি হাতে নিতে পেরেছিল ইংলিশরা। এবার দেখা যাক, কুকুর আর্জেন্টাইনদের কী এনে দেয়!এখন পর্যন্ত আর্জেন্টিনা টুর্নামেন্টের অন্যতম ফেবারিট দল। তাদের সবচেয়ে শক্তিশালী দিক আক্রমণভাগ। তাদের শক্তিশালী আক্রমণভাগের সঙ্গে অন্য কোনো দলের তুলনাই চলে না।ব্রাজিলের লুইস ফ্যাবিয়ানো, পাতো বা রবিনহো নিজেদের দিনে যেকোনো দলের বিপক্ষে গোল করতে পারেন। কিন্তু ‘বিশ্বমানের খেলোয়াড়’ তকমা পেতে আরও অনেক দূর যেতে হবে তাঁদের। ইংল্যান্ডের একমাত্র বিপজ্জনক স্ট্রাইকার ওয়েন রুনি, বিশ্বকাপে তাঁর পুরোপুরি ফিট থাকাটাই সংশয়ের মধ্যে। ইংল্যান্ডের বাকি আক্রমণভাগের খেলোয়াড়েরা হলেন জার্মেইন ডিফো, পিটার ক্রাউচ, এমিল হেস্কি। এঁরা খুব খারাপ নন, কিন্তু তাঁদেরও সর্বোচ্চ পর্যায়ের খেলোয়াড় বলা যাবে না।বর্তমান চ্যাম্পিয়ন ইতালি ও তিনবারের চ্যাম্পিয়ন জার্মানির স্ট্রাইকারদের বিপক্ষের জাল খুঁজে পেতেই সমস্যা হচ্ছে। নেদারল্যান্ডের ঘাম ছুটে যাচ্ছে আর্সেনাল স্ট্রাইকার রবিন ফন পার্সির ফিটনেস নিয়ে চিন্তা করতে করতে। তারা হয়তো আবার রুড ফন নিস্টলরয়কে ডেকে বসতে পারে। স্পেনের দুজন বিশ্বমানের স্ট্রাইকার আছে—ফার্নান্দো তোরেস ও ডেভিড ভিয়া। কিন্তু তাঁদের মধ্যে আবার সমন্বয়টা হচ্ছে না।কিন্তু আর্জেন্টিনার হাতে পাঁচ পাঁচজন স্ট্রাইকার—লিওনেল মেসি (বার্সেলোনা), গঞ্জালো হিগুয়েইন (রিয়াল মাদ্রিদ), কার্লোস তেভেজ (ম্যানচেস্টার সিটি), ডিয়েগো মিলিতো (ইন্টার মিলান) এবং ম্যারাডোনার জামাই সার্জিও আগুয়েরো (অ্যাটলেটিকো মাদ্রিদ)।মেসি আর হিগুয়েইন এখন শুধু স্প্যানিশ লিগের শিরোপার জন্যই লড়ছেন না, লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়া নিয়েও লড়াই চলছে এখন দুজনের! কয়েক সপ্তাহ আগে বার্সেলোনার হয়ে মেসি হ্যাটট্রিক করলেন, কয়েক ঘণ্টা পর হিগুয়েইনও করে ফেললেন কাজটা। ম্যান সিটির চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়ার আশা জাগিয়ে কার্লোস তেভেজও করলেন হ্যাটট্রিক!বার্সেলোনা থেকে যাওয়া স্ট্রাইকার স্যামুয়েল ইতো ইন্টার মিলানে কিছুতেই মিলিতোকে পেছনে ফেলতে পারছেন না। মিলিতো ১৮ গোল করে এখন সিরি ‘আ’র দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। তুলনামূলকভাবে আগুয়েরোর সময়টাই ভালো যাচ্ছে না। তার পরও এ মুহূর্তে ইউরোপের ক্লাবগুলোর কাছে অতিকাঙ্ক্ষিত এক খেলোয়াড় আগুয়েরো।সবকিছু দেখে-শুনে মনে হতে পারে, আক্রমণভাগ নিয়ে ম্যারাডোনা ‘মধুর’ সমস্যায় আছেন। আসলে কিন্তু সমস্যাটা জটিল। তাঁকে অবশ্যই এই পাঁচ স্ট্রাইকারের ভেতর থেকে একটা সফল সমন্বয় বেছে নিতে হবে। কারণ বিস্ময়করভাবে এমন সব স্ট্রাইকার দলে থাকা সত্ত্বেও বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার গোলের হার খুবই খারাপ ছিল। জার্মানির বিপক্ষে আর্জেন্টিনার সর্বশেষ ম্যাচে মেসি-হিগুয়েইনকে নিয়ে শুরু করেছিলেন ম্যারাডোনা। আর্জেন্টিনার জয়সূচক একমাত্র গোলটা করেছিলেন হিগুয়েইন।এখন ফুটবল-পণ্ডিতদের প্রশ্ন একটাই, ম্যারাডোনা সঠিক ছকটা খুঁজে পাবেন তো? বেশির ভাগ ফুটবল বিশেষজ্ঞ হতাশ। তাঁদের মতে আর্জেন্টিনার দুর্বলতম ক্ষেত্রটি হলো, দলটির কোচ ম্যারাডোনা!যাঁরা এসব কথা বলছেন, তাঁরা নিশ্চয়ই ম্যারাডোনাকে পছন্দ করেন না। ম্যারাডোনাকে বাঘে কামড়ালে এঁরাই সবচেয়ে খুশি হবেন। মনে রাখবেন, আর্জেন্টিনার গ্রুপের দল দক্ষিণ কোরিয়াকে ‘টাইগার’ বলা হয়। আর এই ‘টাইগারের’ কামড় ম্যারাডোনার জন্য কুকুরের কামড়ের চেয়েও নিশ্চয়ই বেশি যন্ত্রণার হবে!বিদেশি পত্রিকা থেকে অনূদিত