ম্যারাডোনা-মেসির পর রদ্রিগেজ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রদ্রিগেজকে ম্যারাডোনা-মেসির সঙ্গেই তুলনা করলেন উরুগুয়ে কোচ অস্কার তাবারেজ
রদ্রিগেজকে ম্যারাডোনা-মেসির সঙ্গেই তুলনা করলেন উরুগুয়ে কোচ অস্কার তাবারেজ

সুয়ারেজকে হারানোর ধাক্কায় আগে থেকেই নড়বড়ে ছিল উরুগুয়ের ভিত। কাল মাঠের লড়াইয়ে তাদের টপকে যেতে কলম্বিয়ার দরকার ছিল কেবল এক আলতো টোকা। টোকার বদলে যেন ‘হাতুড়ির বাড়ি’ই ব্যবহার করলো কলম্বিয়া, নির্দিষ্ট করে বললে জেমস রদ্রিগেজ। উরুগুয়ে বিদায় নিয়েছে তাঁরই জোড়া গোলে। বিশ্বকাপে পাঁচ গোল করে তিনি টপকে গেছেন মেসি-নেইমার-মুলারদের। গোলের বাইরেও তাঁর অসাধারণ শৈলি আর প্রতিভার বিচ্ছুরণ যেন ফুটবল রোমাঞ্চের নবতর সংযোজন। উরুগুয়ের কোচ অস্কার তাবারেজ তো তাঁকে মেসি-নেইমারদের কাতারেই দাঁড় করিয়ে দিয়েছেন।

এই তুলনা কি খুব অমূলক বা আবেগাশ্রয়ী? ছিয়াশিতে ম্যারাডোনা যেভাবে একাই আর্জেন্টিনাকে বিশ্বকাপ জয়ের স্বাদ দিয়েছিলেন, এবার যেভাবে মেসি একাই তাঁর দলকে টেনে নিয়ে যাচ্ছেন, তার সঙ্গে রদ্রিগেজের ভূমিকাটার কি খুব অমিল? মনে তো হয় না। তাবারেজও ঠিক সেটাই মনে করেন, ‘আমার মনে হয় অসাধারণ প্রতিভাবানরা এমন কিছু করার সামর্থ্য রাখেন, যেটা দিয়ে তাঁকে অন্যের চেয়ে আলাদা করে তোলে। ডিয়েগো ম্যারাডোনা, লিওনলে মেসি, লুইস সুয়ারেজ, জেমস রদ্রিগেজরা এমন কিছুই করতে পারেন। তাঁরা সবাই ঈশ্বর-প্রদত্ত প্রতিভা নিয়েই জন্মেছেন।’

রদ্রিগেজের বয়স মাত্র ২২। প্রথম দর্শনে তাঁকে অপরিণত ছোকরা-ধরনের মনে করে ভুল হতে পারে। অথচ সেই ‘ছোকরা’ই কিনা বিশ্ব কাঁপিয়ে দিচ্ছেন। প্রতিপক্ষে রক্ষণসেনা কিংবা গোলরক্ষকদের মূর্তিমান আতঙ্ক হয়ে ওঠা এই রদ্রিগেজকে নিয়েই এখন আলোচনা। কোনো কোনো ক্ষেত্রে তাঁর স্তুতিগাথা ছাপিয়ে যাচ্ছে মেসি-নেইমারদেরও। তাবারেজের কাছ থেকেও মিলেছে পুরো ব্যাপারটার সনদ, ‘বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের দলটার কাছেই হেরেছে উরুগুয়ে।’

‘রদ্রিগেজ সেরা খেলোয়াড়’—তাবারেজের এই সনদ অনেকের কাছেই হয়তো খটকার মতো শোনাবে। কিন্তু আবেগকে একটু দূরে সরিয়ে রেখে বিবেচনা করুন, ঠিকই বুঝতে পারবেন তাবারেজ ভুল কিছু বলেননি। এই বয়সেই এমন খেলা ভবিষ্যত্ তো পড়েই আছে তাঁর সামনে। খ্যাতির ধাক্কা সামলে উঠতে পারলে ফুটবলের গ্রেটদের সঙ্গে তাঁর নাম উচ্চারিত হওয়াটা বোধহয় এক প্রকার নিয়তি-নির্ধারিতই।