ম্যারাডোনা যখন বক্সার, লিনেকার ক্রিকেটার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একবার ফুটবল খেলতে নেমেছেন বলে কি সারাজীবন বল নিয়েই কারিকুরি করে যেতে হবে? অন্য কোনো খেলাতেও কি আগ্রহ থাকতে নেই? প্রশ্নটা যে অনেকের মাথাতেই এসেছিল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সে কারণেই হয়তো ডিয়েগো ম্যারাডোনাকে দেখা যায় বক্সিং রিংয়ে, ববি চার্লটন, ববি মুরকে দেখা যায় ক্রিকেট ব্যাট হাতে, পল গ্যাসকোয়েনকে টেনিস কোর্টে।

ডিয়েগো ম্যারাডোনা
ডিয়েগো ম্যারাডোনা

১. ডিয়েগো ম্যারাডোনা: ছবিটা ১৯৯৬ সালের। স্পেনের করডোবায় একটি চ্যারিটি ম্যাচে আর্জেন্টিনার সাবেক চ্যাম্পিয়নস ফালুচো লুসিয়ারের বিপক্ষে লড়ছিলেন ম্যারাডোনা। সে সময় চলে এসেছিলেন সাফল্যমণ্ডিত ফুটবল ক্যারিয়ারটার প্রায় শেষভাগে। তবে খেলোয়াড়ি জীবনেও মাঝেমধ্যেই বক্সিং রিংয়ে দেখা যেত আর্জেন্টাইন এই কিংবদন্তিকে। ১৯৯৪ সালের বিশ্বকাপ প্রস্তুতির সময় নিয়মিতই খেলতেন বুয়েনস এইরেসের সাবেক বক্সারদের বিপক্ষে। ফুটবল মাঠে তাঁর ক্ষুরধার আক্রমণ প্রতিপক্ষের রক্ষণভাগে কাঁপন ধরিয়ে দিলেও বক্সিং রিংয়ে ম্যারাডোনা কতটা ভীতিকর ছিলেন সেটা অবশ্য প্রশ্নসাপেক্ষ।

ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দল
ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দল

২. ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দল: ১৯৬৬ সালে প্রথম ও শেষবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল ইংল্যান্ড। ছবিটি সেই বিশ্বকাপ চলার সময়েই। তবে সফল সেই বিশ্বকাপ মিশনের সময় ইংলিশ ফুটবলাররা যে সারাক্ষণই ফুটবল নিয়ে পড়ে ছিলেন না, সেটা তো ছবিটা দেখেই বোঝা যাচ্ছে। কী হয়েছিল বলা মুশকিল, কিন্তু ক্রিকেট খেলতে নেমে কোনো এক কারণে হাস্যরসের উদ্রেক ঘটেছিল ইংলিশ কিংবদন্তি ববি চার্লটন, ববি মুর, জ্যাক চার্লটন, জর্জ কোহেন, অ্যালান বল, টেরি পাইন, পিটার বোনেট্টি ও গ্যারি বায়ার্নের মধ্যে।

গ্যারি লিনেকার
গ্যারি লিনেকার

৩. গ্যারি লিনেকার: পেশাদার ক্রিকেটারই মনে হচ্ছে ইংল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার গ্যারি লিনেকারকে। এখানে অবশ্য তাঁকে দেখা যাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয় উদযাপন উপলক্ষে আয়োজিত একটি ম্যাচে। তবে ছোটবেলায় সত্যিই ক্রিকেটার হওয়ার ভালো সম্ভাবনা ছিল ১৯৮৬ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার। লিনেকার নিজেই বলেছেন, ‘১১ থেকে ১৬ বছর বয়স পর্যন্ত আমি লিস্টারশায়ার স্কুল ক্রিকেট দলের অধিনায়ক ছিলাম। ওই সময় ফুটবলের থেকে ক্রিকেটেই আমার বেশি সম্ভাবনা ছিল।’ এখন পর্যন্ত বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী একমাত্র ইংলিশ ফুটবলার লিনেকার।

কেভিন কিগান
কেভিন কিগান

৪. কেভিন কিগান: ১৯৭৮ সালে কেভিন কেগানকে যখন টেনিস খেলতে দেখা যাচ্ছে, তখন তিনি পার করছেন ফুটবল ক্যারিয়ারের সুবর্ণ সময়টা। জার্মান ক্লাব হামবুর্গের হয়ে মাতাচ্ছেন ইউরোপিয়ান ফুটবল অঙ্গন। ১৯৭৮ ও ১৯৭৯ সালে টানা দুই বছর ইউরোপসেরা ফুটবলারের পুরস্কারটা নিজের করে নিয়েছিলেন এই ইংলিশ ফুটবলার।

পল গ্যাসকোয়েন
পল গ্যাসকোয়েন

৫. পল গ্যাসকোয়েন: টেনিস কোর্টে প্রায় একই রকম ভঙ্গিমায় দেখা যাচ্ছে ইংল্যান্ডের আরেক তারকা খেলোয়াড় পল গ্যাসকোয়েনকে। তবে কেগানের পরিস্থিতির সঙ্গে বিস্তর পার্থক্য গাজ্জার। ছবিটা ১৯৯৩ সালে ইংল্যান্ডের বিশ্বকাপ বাছাইপর্বের সময়কার। তুরস্কের বিপক্ষে ম্যাচের আগে টেনিস খেলছিলেন গ্যাসকোয়েন। সেই ম্যাচটা জিততে পারলেও শেষপর্যন্ত বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পায়নি গ্যাসকোয়েনের ইংল্যান্ড।

জিওফ হার্স্ট
জিওফ হার্স্ট

৬. জিওফ হার্স্ট: আশপাশে হয়তো কোনো ক্রিকেট বল ছিল না। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ড্যারেক মারে, ভিভ রিচার্ডস, আলভিন কালিচরণদের পেয়ে নিজের ক্রিকেট প্রতিভার কথাটাই হয়তো জানান দিতে চেয়েছিলেন জিওফ হার্স্ট। ১৯৮০ সালের এই ছবিতে তাই ফুটবল দিয়েই ক্রিকেট খেলতে দেখা যাচ্ছে ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার ও সেই সময়ের চেলসি কোচকে। তবে ১৯৬৬ সালে ইংল্যান্ডের বিশ্বকাপ ফাইনালের নায়ক একসময় সত্যিই খেলতেন ক্রিকেট। এসেক্সের হয়ে ঘরোয়া ক্রিকেটেও খেলেছেন ১৯৬২ সালে। যদিও ক্রীড়া বিশ্বে তাঁর নামটা স্মরণীয় হয়ে আছে বিশ্বকাপ ফাইনালের একমাত্র হ্যাটট্রিক করা স্ট্রাইকার হিসেবে।

বব পেইসলি
বব পেইসলি

৭. বব পেইসলি: ১৯৮৩ সালে লিভারপুলের কোচ হিসেবে অবসর নেওয়ার পর হয়তো ক্রিকেটে আগ্রহ এসেছিল বব পেইসলির। ১৯৮৪ সালের এই ছবিতে তাঁকে দেখা যাচ্ছে লর্ডস ট্রাভের্নারস টিমের হয়ে ব্যাটিং করতে। লিভারপুলের স্বর্ণযুগের কোচ ছিলেন এই ইংলিশ ফুটবলার। তাঁর অধীনে অল রেডরা জিতেছিল ছয়টি প্রিমিয়ার লিগ ও তিনটি ইউরোপিয়ান কাপ শিরোপা।

লিভারপুল তারকারা
লিভারপুল তারকারা

৮. লিভারপুল তারকারা: বব পেইসলির শিষ্যদেরও সমান আগ্রহ ছিল ফুটবলের বাইরে অন্য খেলার প্রতি। ১৯৭৮ সালের এই ছবিতে গলফ স্টিক হাতে দেখা যাচ্ছে লিভারপুলের তারকা কেনি ডালগ্লিস, রে ক্লেমেন্স, অ্যালান হানসেন, ফিল নিল ও ইয়ান ক্যালাগানকে। লিভারপুল সে সময়ের ইউরোপিয়ান ফুটবল অঙ্গনের অপ্রতিরোধ্য পরাশক্তি। ১৯৭৭ সালের পর ১৯৭৮ সালেও তারা টানা দ্বিতীয়বারের মতো জিতেছিল ইউরোপিয়ান কাপ শিরোপা।

জর্জ বেস্ট ও রায়ান গিগস
জর্জ বেস্ট ও রায়ান গিগস

৯. জর্জ বেস্ট ও রায়ান গিগস: ইংল্যান্ডের দুই প্রজন্মের দুই তারকা ফুটবলারকে দেখা যাচ্ছে বিলিয়ার্ড টেবিলে। ১৯৯৩ সালের এই ছবির ক্যাপশনে লেখা হয়েছিল, ‘জর্জ বেস্ট বিশ্বাস করেন, অ্যালেক্স ফার্গুসনের তত্ত্বাবধানে রায়ান গিগস বড় ধরনের ইনজুরি এড়াতে পারবেন। যার ফলে ২৭ বছরেই সর্বোচ্চ পর্যায়ের ফুটবল থেকে তাঁকে বিদায় নিতে হবে না।’ কথাটা ফলে গেছে প্রায় ঐশী বাণীর মতোই। ১৯৯০ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর এখনো খেলে যাচ্ছেন গিগস। আগামী নভেম্বরে ৪০ বছরে পা দেবেন এই ইংলিশ মিডফিল্ডার!

জক স্টেইন
জক স্টেইন

১০. জক স্টেইন: স্নুকার খেলায় কোচের পারদর্শিতা গভীর মনোযোগের সঙ্গে পর্যবেক্ষণ করছেন কেনি ডালগ্লিশ, ড্যানি ম্যাকগ্রেইন ও বিলি ম্যাকনেইল। সেল্টিক কোচ জক স্টেইনের এ ছবিটি ১৯৭২ সালের। ১৯৬৫ থেকে ১৯৭৮ সালের মধ্যে স্কটিশ এ ক্লাবটি পার করেছে তাদের স্বর্ণালি সময়গুলো। ১৯৬৭ সালে ইন্টার মিলানকে হারিয়ে একমাত্র ইউরোপিয়ান কাপ জয়ের গৌরবটিও এসেছিল জক স্টেইনের আমলে।

জনি হেইনেস
জনি হেইনেস

১১. জনি হেইনেস: ১৯৫৪ সালে উইন্সমোর হিলের উইকেটরক্ষক হিসেবে দেখা যাচ্ছে জনি হেইনেসকে। ব্যাটসম্যান হিসেবেও নাকি বেশ ভালোই ছিলেন। কিন্তু নিঃসন্দেহেই আলো ছড়িয়েছেন ইংল্যান্ডের ফুটবল জগতে। ১৯৫২ থেকে ১৯৭০ সাল পর্যন্ত খেলেছেন ফুলহামের হয়ে। তাঁর সম্মানে ২০০৮ সালে একটা মূর্তিও স্থাপন করা হয়েছে ফুলহামের স্টেডিয়াম ক্রাভেন কটেজের সামনে। ইংল্যান্ড জাতীয় দলের হয়েও ৫৬টি ম্যাচ খেলেছেন এই ফরোয়ার্ড।