ম্যারাডোনা-যুগের পর নাপোলির ‘প্রথম’
ম্যাচটা দেখতে দুবাই থেকে উড়ে আসতে চেয়েছিলেন। ব্যক্তিগত বিমান আছে। ছুটি চাইলে আল ওয়াসল কর্তৃপক্ষ ‘না’ বলতও না। কিন্তু তার পরও ডিয়েগো ম্যারাডোনা খুব সম্ভবত আসতে পারেননি। সমস্যা যে অন্য জায়গায়। ইতালিতে পা দিলেই যে ছেঁকে ধরবে কর বিভাগের পুলিশ। কিন্তু পরশু রোমের অলিম্পিক স্টেডিয়ামে ম্যারাডোনার উপস্থিতি খুবই দরকার ছিল। তাহলে চিত্রনাট্যটা জমত ভালো। তাঁর সময়েই শুঁয়োপোকা থেকে প্রজাপতি হয়ে উঠেছিল নাপোলি। ম্যারাডোনার আগে ও পরে নাপোলির অস্তিত্ব বলে যেন কিছুই ছিল না। এবার অন্তত একটা কিছু হলো। ম্যারাডোনা-যুগের পর এই প্রথম বড় কোনো ট্রফি জিতল নেপলসের ক্লাবটি। পরশু সিরি ‘আ’ চ্যাম্পিয়ন জুভেন্টাসকে ২-০ গোলে হারিয়ে জিতল ইতালিয়ান কাপ।বার্সেলোনা ছেড়ে ১৯৮৪ সালে অখ্যাত নাপোলিতে নাম লেখান ম্যারাডোনা। তাঁর সময়ে ১৯৮৭ ও ১৯৯০ সালে দুবার লিগ জিতেছিল নাপোলি। ১৯৮৭ সালে জিতেছিল ইতালিয়ান কাপ। ইউরোপীয় সাফল্যও ধরা দেয় ১৯৮৯ সালে, জেতে উয়েফা কাপ। ১৯৯০ সালে লিগ জেতার পর আর কোনো শিরোপা জেতেনি নাপোলি। পতনের সুড়ঙ্গ পথে নামতে নামতে নেমে গিয়েছিল তৃতীয় বিভাগে। এর মধ্যে ২০০৪ সালে ঋণের দায়ে দেউলিয়াও হয়ে যায় তারা। নাপোলিকে বাঁচাতে এবার এগিয়ে আসেন অরেলিও ডি লরেন্তিস নামের চলচ্চিত্রনির্মাতা।পুনর্জন্ম পায় নাপোলি। ২০০৭-০৮ মৌসুমে ফিরে আসে শীর্ষ লিগে। ফিরেই আটে থেকে লিগ শেষ করেছিল তারা। ২০১০-১১ মৌসুমে দুর্দান্ত খেলা নাপোলি মাত্র ১২ পয়েন্ট দূরে ছিল সিরি ‘আ’র শিরোপা থেকে। এবারও পাঁচে থেকে শেষ করেছে লিগ। চ্যাম্পিয়নস লিগে চেলসির দুর্দান্ত প্রত্যাবর্তন না হলে হয়তো এগিয়ে যেত আরও অনেক দূর। দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগের ম্যাচটা কিন্তু তারা জিতেছিল ৩-১ গোলে!এবার না পারলেও নাপোলি আগামী দিনে নিশ্চয়ই পারবে। পরশু কাপ জেতার পর লরেন্তিসের কণ্ঠে সেই আশাবাদই ঝরল, ‘অনেকের কাছে নাপোলির কোনো অস্তিত্ব ছিল না। কয়েক বছরের মধ্যে আমরা অন্তত একটা ট্রফি ঘরে নিয়ে যাচ্ছি। সবচেয়ে বড় কথা, আমরা সবাইকে জানিয়ে দিয়েছি, নাপোলির অস্তিত্ব আছে, নাপোলি এখনো জীবিত, নাপোলির পক্ষে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়াও সম্ভব।’ এই মৌসুমে অপরাজিত লিগ চ্যাম্পিয়ন হয়েছে জুভেন্টাস। দুর্দান্ত ফর্মে থাকা সেই জুভেন্টাস পরশু প্রথম ধাক্কা খেয়েছে ৬৩ মিনিটে, এডিনসন কাভানি পেনাল্টি থেকে গোল এনে দেওয়ায়। ৮৩ মিনিটে জয় নিশ্চিত করা গোলটি করেছেন মারেক হামসিক। এই জয়ে উচ্ছ্বসিত কোচ ওয়াল্টার মাজ্জারি বলেছেন, ‘জুভদের হারানো ভাবনার অতীত। এই মৌসুমে তারা হারেইনি। সেই তাদের ২-০ গোলে হারানো অবশ্যই দুর্দান্ত।’ রয়টার্স।