ম্যারাডোনা যেতে চান বাহরাইনে!
দিন কয়েকের মধ্যেই নিজের ভবিষ্যৎ প্রশ্নে ১৮০ ডিগ্রি ঘুরে গেল ডিয়েগো ম্যারাডোনার অবস্থান! সম্প্রতি আর্জেন্টাইন ক্লাব সান লরেঞ্জোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন দাবি করে বলেন, তিনি আল ওয়াসল ছেড়ে যেতে চান না। সেই ম্যারাডোনাই এখন বলছেন, ভবিষ্যতে কোনো একদিন কোচ হতে চান বাহরাইন জাতীয় দলের! আরব আমিরাতের ক্লাব আল ওয়াসলের দায়িত্ব নিয়েছেন এক বছরও হয়নি। অথচ এরই মধ্যে বাহরাইনের দায়িত্ব নেওয়ার ইচ্ছার কথা জানিয়ে দিলেন ম্যারাডোনা। আর্জেন্টিনার সাবেক কোচ বাহরাইনের ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ আলী বিন খলিফা আল-খলিফার সঙ্গে এক সাক্ষাৎকারে কথা বলেছেন। সেখানেই জানিয়েছেন তাঁর ইচ্ছার কথাটা—এশিয়ান দলটির দায়িত্ব নিতে আগ্রহী তিনি। ‘যদি জাতীয় দলের জন্য নতুন কোচ খোঁজেন, আপনার ডায়েরিতে আমার নামটি তুলে রাখুন’—ম্যারাডোনাকে উদ্ধৃত করে লিখেছে আল-বিলাদ।ম্যারাডোনার মন্তব্যটি এল ঠিক ওই কথার পিঠাপিঠি। সম্প্রতি তিনি বলেছিলেন, চাইলে দেশেই ফিরে যেতে পারতেন, কিন্তু সান লরেঞ্জোর প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন। কারণ, আল ওয়াসলের সঙ্গে বিশ্বাস ভঙ্গ তিনি করতে চান না!ওয়াসলের সঙ্গে বিশ্বাস ভঙ্গ করুন না করুন, ম্যারাডোনা এখন বাহরাইন ফুটবলের প্রশংসায় পঞ্চমুখ, ‘আমি মনে করি, বাহরাইনের ফুটবলের মান সাধারণত ভালো। অসাধারণ পাসিং ফুটবল খেলা আল-রিফফা (বাহরাইনের অন্যতম শীর্ষ ক্লাব) মানসিকভাবে খুবই শক্তিশালী। ভালো খেলোয়াড়ও ওদের আছে। আল-ওয়াসলে কাজ করে আমি দেখেছি, উপসাগরের দেশটির ফুটবলের মান দারুণ। কিন্তু আরও বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন।’ ম্যারাডোনার দল আল ওয়াসল আরব আমিরাতের লিগে বর্তমানে ছয় নম্বরে আছে। ওয়েবসাইট।