ম্যারাডোনা রোমাঞ্চিত, শিহরিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল মাঠ থেকে তাঁর দুবারের বিদায়ই ছিল কান্নাভেজা। একবার আর্জেন্টিনার খেলোয়াড় হিসেবে, অন্যবার আর্জেন্টিনার কোচ হিসেবে। সর্বশেষ কোচের ভূমিকায় তাঁকে দেখা গিয়েছিল ২০১০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে, জার্মান বুলডোজারে যখন ধুলোয় মিশে গেল আর্জেন্টিনার স্বপ্ন। ডিয়েগো ম্যারাডোনা আবারও ফিরছেন পেশাদার ফুটবলে। আবারও কোচের ভূমিকায়। নতুন দল, নতুন চ্যালেঞ্জ নিয়ে। নতুন নাটক নিয়েও কি নয়!ম্যারাডোনা মানেই তো নাটক। অবশ্য এবার দায়িত্ব নিয়েছেন আন্তর্জাতিক প্রচারের আলো থেকে দূরে থাকা সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল ওয়াসলের। ‘প্রচারের আলো থেকে দূরে থাকা’টা অবশ্য অতীত কালে লেখা উচিত ছিল। ম্যারাডোনা আছেন যেখানে, সেখানে খবরের জন্ম অবশ্যম্ভাবী। দুবাইয়ের ক্লাবটির দায়িত্ব নিতে সদ্যই সেখানে পৌঁছেছেন এই আর্জেন্টাইন কিংবদন্তি। আজকালের মধ্যে কাজও শুরু করে দেবেন পুরোদমে।নতুন এই চ্যালেঞ্জের শুরুতে কেমন লাগছে? ম্যারাডোনা বললেন, ‘ফিরে আসতে পেরে যেন রোমাঞ্চের চেয়েও বেশি কিছু হচ্ছে আমার। দলের হয়ে কাজ শুরু করার অপেক্ষায় আমি শিহরিতও। দল থেকে যখন দূরে ছিলাম, তখনো দলকে নিয়ে ভেবেছি, ভেবেছি ভিন্ন ভিন্ন অনুশীলন-পদ্ধতি আর কৌশল নিয়ে। এমনকি প্লেনে বসে বসেও ভেবেছি। নতুন কিছু আইডিয়া আমার মাথায় কিলবিল করছে। এগুলো মাঠে প্রয়োগ করে দেখার তর সইছে না।’সাতবারের লিগ চ্যাম্পিয়ন আল ওয়াসলকে আবারও শিরোপাই এনে দিতে চাইবেন। ২০০৭ সালের পর আর চ্যাম্পিয়ন হয়নি লিগের অন্যতম শক্তিশালী এই দলটি, সর্বশেষ মৌসুম শেষ করেছে পয়েন্ট তালিকার ছয়ে থেকে। এরই মধ্যে নতুন শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে আল জাজিরা। এই দলেরই দায়িত্ব নেওয়ার কথা ছিল ম্যারাডোনারই স্বদেশি আলেজান্দ্রো সাবেলার। শেষ পর্যন্ত সাবেলা আরব আমিরাতে না এসে দায়িত্ব নিয়েছেন আর্জেন্টিনা দলেরই। ম্যারাডোনাকে নিয়েও গুঞ্জন ছিল। উদ্বিগ্ন ছিল আল ওয়াসল। কিন্তু শেষ পর্যন্ত গুঞ্জন উড়িয়ে দিয়ে ম্যারাডোনা এসে পৌঁছেছেন। খেলোয়াড়ি জীবনে তাঁর জাদুতে খোলনলচে পাল্টে গিয়েছিল নাপোলির। দেখা যাক, আল ওয়াসলে ম্যারাডোনা-জাদু কতটা কাজ করে। ওয়েবসাইট।