ম্যারাডোনা স্বাধীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসলেই যেন স্বর্গে এসে পৌঁছেছেন ডিয়েগো ম্যারাডোনা। ছবির মতো সাজানো শহর দুবাই তো তাঁর পছন্দ হয়েছেই, পছন্দ হয়েছে নতুন মিশনও। হবে না কেন, কোচ ম্যারাডোনাকে যে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। আল ওয়াসলে কোন কোন খেলোয়াড়দের নিয়ে আসবেন, সেটি ঠিক করার পূর্ণ ক্ষমতা থাকবে ম্যারাডোনার ওপর।সাতবারের ইউএই লিগ চ্যাম্পিয়ন আল ওয়াসলের প্রধান নির্বাহী আশরাফ আহমেদ মোহাম্মেদ বলেছেন, ‘বেছে নেওয়ার পূর্ণ স্বাধীনতা থাকবে ম্যারাডোনার। হ্যাঁ, আমরা তাঁর কাছে আমাদের পছন্দের খেলোয়াড়ের তালিকা অবশ্যই দেব। তবে সেখান থেকে ম্যারাডোনা কাউকে নেবেন কি না, এটি তাঁর ব্যাপার। আমাদের ক্লাবের পরিস্থিতি, শক্তি-দুর্বলতা দেখে তিনিই ঠিক করবেন, কী করতে হবে, কোন খেলোয়াড়কে আনতে হবে।’ম্যারাডোনা কোচ হয়ে আসার পর অনেকেই নাকি আল ওয়াসলে খেলতে আগ্রহী। ক্লাবের কাছে খেলোয়াড়দের এজেন্টরা এরই মধ্যে লাইন দিয়েছে। সব দেখেশুনে ম্যারাডোনাও খুশি। এই প্রথম আরব আমিরাতের ক্লাব ফুটবলের সঙ্গে যুক্ত হওয়ার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করলেন, ‘এমন একটা দুর্দান্ত চ্যালেঞ্জের অপেক্ষাতেই ছিলাম। আমি এই দায়িত্ব পেয়ে খুশি। কারণ আমি এমন একটা দেশে কাজ করব, যাদের দলে হয়তো বড় বড় তারকা নেই, কিন্তু ওদের বড় লক্ষ্য আছে। টাকা আছে। যারা আমার পছন্দমতো খেলোয়াড় দিতে প্রস্তুত।’সহকারী হিসেবে বিশ্বকাপে কাজ করা হেক্টর এনরিকে আর আলেজান্দ্রো মানকুসোকেই বেছে নিচ্ছেন ১৯৮৬ বিশ্বকাপজয়ী অধিনায়ক। ওয়েবসাইট।