ম্যারাডোনাকে আবারও পেলের তীর
বিনা মেঘে বজ্রপাত। কোনো পূর্বাভাস ছাড়াই আবারও ডিয়েগো ম্যারাডোনার দিকে তীর ছুড়লেন পেলে। ব্রাজিল কিংবদন্তি পুরোনো কথাটাই বলেছেন নতুন করে, ‘তরুণদের জন্য ম্যারাডোনা মোটেও ভালো কোনো উদাহরণ নয়।’সামনেই ম্যারাডোনার ৫০তম জন্মদিন। পেলের জন্মদিনও কদিন পর। কে জানে, নতুন এই বাক্যবাণ জন্মদিন উপলক্ষে ম্যারাডোনাকে পেলের ‘উপহার’ কি না! প্রতিভার দিক দিয়ে অবশ্য ম্যারাডোনাকে নিজের সমকক্ষ পেলে কখনোই ভাবেননি। ম্যারাডোনাও পেলেকে পাত্তা দেন না। এবারও ম্যারাডোনাকে ‘ভালো খেলোয়াড়’ই বললেন পেলে, ‘ফুটবল-ঈশ্বর যেন নিজ হাতে গড়ে ওকে দিয়েছে। এ কারণে ও খুবই ভাগ্যবান।’কিন্তু শুধু প্রতিভায় সবকিছু হয় না। জীবনযাত্রায় পরিমিতি বোধেরও প্রয়োজন পড়ে। সেই বোধটাই ম্যারাডোনার নেই বলে মনে করেন ব্রাজিল কিংবদন্তি। আর্জেন্টিনার কোচের পদ থেকে সরে যাওয়ার পর বেকার জীবন যাপন করতে থাকা ম্যারাডোনার ভবিষ্যৎ তাই অন্ধকারই দেখছেন পেলে। বলেছেন, আচরণ না বদলালে আরও বড় বিপদে পড়তে হবে তাঁকে, ‘এত কিছুর পরও অনেকেই আছে যারা ওকে চাকরি দিতে তৈরি। সামান্য বিচার-বুদ্ধি থাকলে ওরা অবশ্য ওকে নিত না। তবে ও যদি নিজে থেকে না বদলায়, ভবিষ্যতে কোনো কাজ খুঁজে পাবে না। ও ভালো খেলোয়াড় ছিল মানছি, কিন্তু ভালো উদাহরণ নয় মোটেই।’ম্যারাডোনার তরফে কোনো পাল্টা জবাব এখনো আসেনি। এমনিতে ম্যারাডোনা আছেন ‘ব্যাকফুটে’। কাল স্বীকারও করেছেন, জাতীয় দলের দরজা আপাতত বন্ধই হয়ে গেছে তাঁর জন্য, ‘জাতীয় দলের কোচ হওয়ার কোনো সুযোগ দেখছি না। সেটা করতে হলে অনেক কিছু পাল্টাতে হবে। হয়তো ভবিষ্যতে আবারও কোচ হব, কিন্তু আপাতত সেই সম্ভাবনা নেই।’মানুষ ম্যারাডোনার আবেদন অবশ্য এখনো বিন্দুমাত্র কমেনি। কোচের চাকরি না থাকলেও ঘুরে বেড়াচ্ছেন এখানে-ওখানে। কদিন আগে রাশিয়া ঘুরে গেলেন। এবার চীনের রেডক্রস সোসাইটির আমন্ত্রণে আগামী মাসের শুরুতে যাছেন ১০ দিনের সফরে। ওই সফরে একটা চাকরির প্রস্তাবও পেতে পারেন। সাংহাই শিনহুয়া ক্লাবটি কোচ হিসেবে পেতে চায় ম্যারাডোনাকে। ওয়েবসাইট, এএফপি।