ম্যারাডোনাকে ঈর্ষা করি: মেসি

এই তো কদিন আগে লিওনেল মেসি বলেছিলেন, ‘বিশ্বকাপ না জিতলে সত্যিকারের কিংবদন্তি হওয়া যায় না!’ যেকোনো খেলোয়াড়ের জন্য বিশ্বকাপই সবচেয়ে বড় মঞ্চ। সেই মঞ্চে যাঁরা তীব্র আলো ছড়ান, তাঁরাই ঠাঁই নেন ইতিহাসের পাতায়, হয়ে যান কিংবদন্তি। পেলে, ডিয়েগো ম্যারাডোনা, বেকেন বাওয়ারের মতো তারকারা এর প্রমাণ। এসব তারকাকে ঈর্ষা করেন এ যুগের তারকা মেসি। এ কথা নিজেই বলেছেন।
কেন ‘ঈর্ষা’য় পুড়ছেন আর্জেন্টাইন জাদুকর? সম্প্রতি মেসিকে জিজ্ঞেস করা হয়েছিল, ‘ম্যারাডোনা, পেলে, বেকেনবাওয়ারের হাতে বিশ্বকাপ শিরোপা দেখলে কেমন অনুভূতি হয়?’
জবাবে মেসি বলেন, ‘আমি ঈর্ষান্বিত। অবশ্য এ ঈর্ষায় কোনো অমঙ্গল নেই। আসলে তাঁদের মতো হতে চেয়েছি। যেভাবেই জিজ্ঞেস করি না কেন, তাঁরা কিছুতেই বিশ্বকাপ শিরোপা জয়ের অনুভূতি ব্যাখ্যা করতে পারবেন না।’
মেসি বলেন, ‘আমি বিশ্বচ্যাম্পিয়ন হতে চাই। তবে আমার প্রতি অন্যদের যে ধারণা, সেটি বদলাতে চাই না কিংবা তারা যে কিংবদন্তির কথা বলে সেটিও না। জাতীয় দলের লক্ষ্য পূরণ করতে চাই। আমার তালিকায় একটি বিশ্বকাপ শিরোপা যোগ করতে চাই। ভালো-খারাপ—অনেক কিছুই আমার ক্ষেত্রে ঘটেছে (২০০৬ থেকে ২০১০)। এসব আমাকে একজন মানুষ ও পেশাদার ফুটবলার হিসেবে গড়ে উঠতে সাহায্য করেছে।’