ম্যারাডোনাকে ক্ষমা করেননি শিলটন

৫ ফুট ৫ ইঞ্চির লোকটা দেখলেন বলটা হাওয়ায় ভেসে এগিয়ে আসছে। সামনেই আগুয়ান গোলরক্ষক, মুহূর্তের মধ্যে তিনি বুঝে নিলেন ৬ ফুট ১ ইঞ্চির গোলরক্ষকের সঙ্গে বাতাসে টেক্কা দেওয়া অসম্ভব। এর পরই চকিত লাফিয়ে উঠে হাত দিয়ে বলটা জালে পাঠিয়ে দিলেন। হতভম্ব গোলরক্ষক সবিস্ময়ে দেখলেন, রেফারি গোলের বাঁশি বাজিয়ে দিয়েছেন। সঙ্গে সঙ্গে কয়েকজন ছুটে গেলেন প্রতিবাদে। কিন্তু রেফারি তো তাঁর সিদ্ধান্তে অনড়। ওদিকে গোল দিয়েই সেই খেলোয়াড় একবার আড়চোখে রেফারির দিকে তাকিয়েই শুরু করে দিয়েছেন উল্লাস।
কোন ম্যাচটির কথা বলা হচ্ছে সেটি অনেকেই হয়তো এতক্ষণে বুঝে ফেলেছেন। ১৯৮৬ সালে ডিয়েগো ম্যারাডোনার সেই ‘ঈশ্বরের হাত’ তো ফুটবল ইতিহাসেরই উপাদান হয়ে গেছে। আর্জেন্টিনা-ইংল্যান্ডের কোয়ার্টার ফাইনালে পরে আরেকটা ‘অতিমানবীয়’ গোল করে ম্যারাডোনা ম্যাচটা নিজের করে নিয়েছিলেন৷ কিন্তু প্রথম গোলের কালিমা তাতে ঢাকা পড়েনি। ফুটবলে একটা গোল নিয়ে এত ব্যবচ্ছেদ হয়েছে কি না জানা নেই৷ এত বিতর্ক, এত উত্তাপ আর ছড়িয়েছে কি না সন্দেহ!

২৮ বছর পরও সেই ক্ষতটা এখনো শুকায়নি পিটার শিলটনের৷ সাবেক ইংলিশ গোলরক্ষক এখনো ভাবেন হাত দিয়ে করা গোলটির জন্য ক্ষমা চাইবেন ম্যারাডোনা৷ ওই টুর্নামেন্টে ইংল্যান্ড গোলপোস্টের নিচে দারুণ খেলছিলেন শিলটন, সেই ম্যাচের আগে মাত্র একবার তাঁকে ফাঁকি দিয়ে পোস্টে বল ঢুকেছিল। ম্যারাডোনা হাত না দিলে ওই গোলটাও হয়তো ঠেকিয়ে দিতেন। শিলটনের মতে, নিরস্ত্র শত্রুকে আক্রমণ করাটা যেমন নীতিবিরুদ্ধ, তেমনি অন্যায়ভাবে গোল দেওয়াটাও প্রতারণা। পুরো ইংল্যান্ডের কাছেই তাই ম্যারাডোনা প্রতারক। ওটা ১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপের ঘটনা৷ আরেকটি বিশ্বকাপ, ব্রাজিল ২০১৪-এর দুয়ারের সামনে দাঁড়িয়ে শিলটন মনে করিয়ে দিচ্ছেন, ‘মানুষ আমার কাছে জানতে চেয়েছিল “তুমি কি ওর সঙ্গে হাত মিলিয়েছিলে?” আমি বলেছি, না। আমি বলিনি আমি ওর সঙ্গে কখনোই হাত মেলাব না, কিন্তু ম্যারাডোনা আমার কাছে কখনোই ক্ষমা চায়নি। আর অনেক বছর হয়ে গেছে। সম্ভবত ও চাইবেও না। এ রকম কোনো বিরাট ঘটনা যখন ঘটে, সাধারণত খেলোয়াড়েরা ভুল স্বীকার করে, ক্ষমা চায়। এটা অতীতকে বদলে দেবে না, কিন্তু খেলোয়াড়সুলভ মানসিকতা থেকেই তো তা করা উচিত।’
শিলটন উদাহরণ হিসেবে টেনেছেন ফ্রান্সের থিঁয়েরি অঁরিকে, ‘অঁরি ম্যাচের পরে ক্ষমা চেয়েছিল। সে এর চেয়ে বেশি অনুতপ্ত হতে পারত না। ম্যারাডোনার এ রকমই কিছু করা উচিত ছিল। ক্ষমা চাওয়া এবং বলা, আমি দুঃখিত।’ ২০১০ বিশ্বকাপের প্লে-অফে আয়ারল্যান্ডের সঙ্গে হাত দিয়ে গোল করেছিলেন ফ্রান্স স্ট্রাইকার। পরে সেটির জন্য দুঃখ প্রকাশও করেছিলেন।
অথচ ম্যারাডোনা সেই গোলের পর ক্ষমা চাওয়া দূরে থাক, অনুশোচনার ছিটেফোঁটাও প্রকাশ করেননি কখনো। বরং বলেছেন, ‘আমি এটাকে প্রতারণা মনে করি না, বরং চাতুর্য বলা যায়। আমার কাছে ওই ঘটনাটা ধূসর একটা স্মৃতি। অতীত নিয়ে পড়ে থাকলে তো চলবে না।’
বিশ্বকাপে অবশ্য একটা দারুণ অর্জন আছে শিলটনের। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচে (১০টি) গোল না খাওয়ার রেকর্ড তাঁর। সেটি অবশ্য ফ্রান্সের ফাবিয়েন বার্থেজের সঙ্গে যৌথভাবে। শিলটনের দাবি, ওই গোলটা না হলে কীর্তিটা তাঁর একারই থাকত, ‘ম্যারাডোনা ওই প্রতারণা না করলে আমিই হতাম বিশ্বকাপের সর্বকালের সেরা গোলরক্ষক৷’ ১৯৮২ থেকে টানা তিনটি বিশ্বকাপে খেলেছেন, দেশের হয়ে রেকর্ড ১২৫টি ম্যাচ খেলার কীর্তিও তাঁর।
সেই ঘটনার পর আর দেখা হয়নি দুজনের। তবে পৃথিবীটা তো ছোটই। গত বছর টিভি ধারাভাষ্য দিতে শিলটন যখন দুবাইয়ে যান, মরুশহরটির ক্রীড়াদূত হয়ে ম্যারাডোনা ছিলেন সেখানেই। কিন্তু আর্জেন্টাইন কিংবদন্তিকে এড়িয়ে গেছেন শিলটন। মজার ব্যাপার, ঘৃণাটা পুষে রাখলেও ফুটবলার হিসেবে ম্যারাডোনার জন্য সর্বোচ্চ নম্বরই বরাদ্দ রাখেন, ‘সেই আমার বিপক্ষে খেলা সেরা খেলোয়াড়। একটা গড়পড়তা আর্জেন্টিনা দলকে যেভাবে সে বিশ্বকাপ জেতাল, সেটার জন্য প্রশংসা তার প্রাপ্য।’
কিন্তু তাতে তো আর জমে থাকা বরফে ফাটল ধরবে না। ম্যারাডোনা যেমন ক্ষমা চাইবেন না, শিলটনও তেমনি ঘৃণাটা পুষে রাখবেন জীবনভর। ওয়েবসাইট৷