ম্যারাডোনাকে ক্ষমা চাইতে বললেন শিলটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই সেই গোল!
এই সেই গোল!

২৮ বছর পেরিয়ে গেলেও ডিয়েগো ম্যারাডোনার সেই ‘কুখ্যাত’ কাণ্ডটির কথা ভুলতে পারেননি পিটার শিলটন। ইংল্যান্ডের এই গোলরক্ষককে বোকা বানিয়েই যে হাত দিয়ে গোল করেছিলেন ম্যারাডোনা। এত দিন পরেও সেই ঘটনার জন্য শিলটন রাগ পুষে রেখেছেন। গত বছর সামনাসামনি দেখা হয়ে গেলেও ম্যারাডোনার সঙ্গে সৌজন্য বিনিময় করেননি ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ফুটবলার।

১৯৮৬ সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ফুটবল ইতিহাসেরই অন্যতম আলোচিত দুটি গোল করেছিলেন ম্যারাডোনা। প্রথমবার বল জালে পাঠিয়েছিলেন হাত দিয়ে। নিজেই দিয়েছিলেন সেটার একটা গালভরা নাম—‘হ্যান্ড অব গড’। তবে কুখ্যাত গোলটির কারণেই যেন নয়, মানুষ যেন তাঁকে অন্য কারণে মনে রাখে, সেই জন্য মাত্র তিন মিনিট সময় নিয়েছিলেন। হ্যান্ড অব গডের তিন মিনিট পরেই যেটি করেছিলেন সেই শতাব্দীর সেরা গোলটি।

দুটি গোলই হজম করতে হয়েছিল শিলটনকে। ইংল্যান্ডও বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল ২-১ গোলে হেরে। শিলটন অবশ্য ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলটা ভুলতে পারেননি আরও একটা কারণে। সেই গোলটা না হলে বিশ্বকাপের এক আসরে সবচেয়ে কম গোল হজম করার রেকর্ডটি এককভাবেই থাকত শিলটনের দখলে। এখন সেটা তাঁকে ভাগাভাগি করে নিতে হয় ফ্রান্সের ফাবিয়ান বার্থেজের সঙ্গে। বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সেরা গোলরক্ষক না হতে পারার আক্ষেপে আজও পুড়ছেন শিলটন।

সম্প্রতি এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘ম্যারাডোনার সেই প্রতারণাপূর্ণ গোলটি না হলে আমিই হয়ে যেতাম বিশ্বকাপের সর্বকালের সেরা গোলরক্ষক। মানুষ আমাকে জিজ্ঞাসা করে, তুমি কি ওর সঙ্গে হাত মিলিয়েছিলে? আমি বলি না। তবে এমন নয় যে জীবনেও ওর সঙ্গে হাত মেলাব না। ম্যারাডোনাও কিন্তু কখনো আমার কাছে ক্ষমা চায়নি।’

ম্যারাডোনা একবার ক্ষমা চাইলেই হয়তো সব ল্যাঠা চুকে যেত। শিলটনও তেমনটা প্রত্যাশা করেছিলেন। কিন্তু আর্জেন্টাইন কিংবদন্তি ক্ষমা চাওয়ার মানুষ নন। শিলটনকেই বরং সবকিছু ভুলে গিয়ে বর্তমানে পা রাখার পরামর্শ দিয়ে রেখেছেন ম্যারাডোনা, ‘দয়া করে ওখান থেকে বেরিয়ে এসো। ঘটনাটা অনেক বছর আগে ঘটেছিল। অবশ্য তোমাকেই জাল থেকে বল কুড়িয়ে আনতে হয়েছে। কিন্তু আমার জন্য সেই ঘটনাটা শুধুই একটা স্মৃতি। আমি অতীত আঁকড়ে পড়ে থাকি না। শিলটন আমাকে প্রতারক বলে। আমার তাতে কোনো সমস্যা নেই। কিন্তু ২৫ বছর আগের কোনো ঘটনার জন্য আমি কখনোই ক্ষমা চাইব না।’

ভিডিওটি দেখুন: