ম্যারাডোনাকে ছাড়িয়ে মেসি
দুজন দুই প্রজন্মের। কিন্তু তাঁদের মধ্যে তুলনাটা চলে অহর্নিশ। লিওনেল মেসি ও ডিয়েগো ম্যারাডোনার মধ্যে কে সেরা সেটা নিয়ে বিস্তর তর্ক হচ্ছে, হবে। তবে পরশু একটা জায়গায় মেসি ছাড়িয়ে গেলেন পূর্বসূরিকে। ম্যারাডোনাকে (৩৪) টপকে মেসি (৩৫) এখন আর্জেন্টিনার পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। পরশু গুয়াতেমালাকে তাদের মাঠে ৪-০ গোলে হারানোর পথে হ্যাটট্রিক করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। একা নন অবশ্য, আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা তালিকায় মেসির সঙ্গে যৌথভাবে আছেন হার্নান ক্রেসপো। ৫৬ গোল নিয়ে ‘বাতিগোল’ গ্যাব্রিয়েল বাতিস্তুতা সবার ওপরে। ম্যারাডোনাকে অবশ্য আরেকটা দিকেও ম্লান করে দিয়েছেন মেসি। মেসির ৩৫ গোল হলো ৮২ ম্যাচে, আর ম্যারাডোনা ১৯৯৪ বিশ্বকাপে গ্রিসের বিপক্ষে তাঁর শেষ আন্তর্জাতিক গোলটি করেছিলেন ৯০তম ম্যাচে। তবে এটা নিশ্চিত, ২৫ বছর বয়সী মেসি বাতিগোলকে ছাড়িয়েই যাবেন।ফিফা র্যাঙ্কিংয়ের ৮৮ নম্বর দলের বিপক্ষে তিন নম্বরের এই সহজ জয়ে উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই। কোচ আলেসান্দ্রো সাবেলা স্বস্তি পাচ্ছেন চোট কাটিয়ে মেসি স্বরূপে ফেরায়। আগের সপ্তাহে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচে মেসি মাঠে নেমেছিলেন বদলি হিসেবে। পরশুই ফিরলেন প্রথম একাদশে। সেই ফেরাটাও হলো রাজসিক। ১৫ মিনিটে বাঁ পায়ের দুর্দান্ত শটে করা তাঁর প্রথম গোলটিই বলছিল দিনটা তাঁর হতে যাচ্ছে। পরে ৩৬ মিনিটে অগাস্তো ফার্নান্দেজকে দিয়ে গোল করিয়ে ৪০ ও ৪৯ মিনিটে করেছেন আরও দুই গোল। তাঁর দ্বিতীয় গোলটি অবশ্য পেনাল্টি থেকে।হ্যাটট্রিক করে ম্যারাডোনাকে ছাড়িয়েছেন গোলসংখ্যায়, এই ম্যাচ থেকে আর কী চাইতে পারতেন মেসি! কিন্তু আর্জেন্টিনা অধিনায়ক বরাবরের মতোই বিনয়ী, ‘ম্যারাডোনাকে ছাড়িয়ে যাওয়া খুব গুরুত্বপূর্ণ নয়। আসল ব্যাপারটা ছিল প্রীতি ম্যাচটা ভালোভাবে শেষ করা। ছুটিতে যাওয়ার আগে এটা সহজ ছিল না।’ এএফপি।