ম্যারাডোনাকে পাটকেল
ডিয়েগো ম্যারাডোনা আক্রমণ করে যাবেন, আর তাঁর আক্রমণের লক্ষ্য হয়েও সবাই চুপ করে থাকবেন, এমনটা ভাবা ঠিক হবে না। অন্তত নাইজেরিয়ার কাছ থেকে ছাড় পাচ্ছেন না তিনি। গতকাল দু দলের ম্যাচে ফল যাই হোক, কথার লড়াইতে ম্যারাডোনার সমান থাকলেন নাইজেরিয়ার অধিনায়ক ও কোচ।অধিনায়ক কানু ম্যারাডোনাকে সোজা বলে দিলেন, নাইজেরিয়া মাঠে ‘ফেয়ার’ ফুটবলই খেলবে। আর কোচ লার্স লেজারব্যাক তাঁদের দেওয়া খোঁচাটা ফিরিয়ে দিলেন ম্যারাডোনাকে। বললেন, তিনি ‘খেলোয়াড়’ ম্যারাডোনার কথা জানতেন, কিন্তু ‘কোচ’ ম্যারাডোনাকে চেনেন না। শুরুটা ম্যারাডোনাই করেছিলেন। ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে আশঙ্কা প্রকাশ করেছিলেন, নাইজেরিয়া শারীরিক ফুটবল খেলবে। আফ্রিকান সব দলের দিকেই ইঙ্গিত করে বলেছিলেন, তাঁর ভয় আবারও তাঁর খেলোয়াড়েরা নব্বইয়ের মতো আক্রমণের শিকার হবে। জবাবে কানু বললেন, তাঁরা বিশ্বকাপে ফুটবল খেলতেই এসেছেন, মারামারি করতে নয়, ‘আমরা এখানে ফুটবল খেলতে এসেছি। আমরা লড়াই করি, তবে ফুটবল নিয়ে লড়াই করি। হ্যাঁ, জয়ের জন্য যা যা করতে হয়, আমরা করতে রাজি আছি। আর আফ্রিকান একটা দেশের বিপক্ষে খেলতে গেলে কী হতে পারে, সেটা একটু আগে থেকে জেনে আসাই ভালো।’কানু কি পরোক্ষে ম্যারাডোনার কথা স্বীকার করেই নিলেন নাকি? সে কানু যাই করুন, ম্যারাডোনার ওপর চটেছেন লেজারব্যাক। ২০০২ ও ২০০৬ বিশ্বকাপের সুইডেনের এই কোচকে ম্যাচের আগের দিন খোঁচা দিয়েছিলেন ম্যারাডোনা। আর্জেন্টাইন গ্রেটের দাবি, এত অল্প সময়ে নিজের দলকে বুঝে উঠতে পারেননি নাইজেরিয়ার কোচ। এবার লেজারব্যাক বলছেন, ম্যারাডোনা তো কোচ হিসেবে প্রতিষ্ঠিতই হতে পারেননি।বাছাইপর্বে এক গাদা খেলোয়াড় নিয়ে পরীক্ষা-নিরীক্ষার কথাও মনে করিয়ে দিয়েছেন নাইজেরিয়ার সুইডিশ কোচ, ‘আমি আসলেই ম্যারাডোনাকে কোচ হিসেবে চিনি না। স্রেফ একজন খেলোয়াড় বলে জানতাম। আমি ওকে কখনোই কোথাও কোচ হিসেবে দেখিনি। শুধু জানি যে বাছাইপর্বে নাকি অনেকগুলো খেলোয়াড়কে ব্যবহার করেছে।’তবে লেজারব্যাক শুধু প্রতি-আক্রমণ করে থেমে থাকেননি। ম্যারাডোনার কিঞ্চিত প্রশংসাও করেছেন, ‘যতদূর দেখেছি, ও আর্জেন্টিনাকে খুব আক্রমণাত্মক মানসিকতায় গড়ে তোলার চেষ্টা করছে।’ এই প্রশংসায় কি ম্যারাডোনার সম্ভাব্য প্রতি-আক্রমণ থেকে রেহাই পাবেন লেজারব্যাক? এএফপি।