ম্যারাডোনাকে পাত্তা দিচ্ছেন না রিকেলমে
স্বদেশি কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা তাঁকে ‘বিশ্বাসঘাতক’ বলে অভিহিত করেছেন। তবে ম্যারাডোনার ওই মন্তব্যকে পাত্তা দিচ্ছেন না হুয়ান রোমান রিকেলমে। আর্জেন্টাইন এই মিডফিল্ডার আবারও জানিয়ে দিয়েছেন, বোকা জুনিয়র্সকে বিদায় জানিয়ে তিনি খুশি।‘ক্লাব ছেড়ে দিয়েছি। এই সিদ্ধান্তে আমি খুশি। ম্যারাডোনা কী বলছেন, এ নিয়ে আমি আগ্রহী নই। কোপা লিবারটেডরেসের ফাইনালই ছিল বোকার হয়ে আমার শেষ ম্যাচ।’ গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন ৩৪ বছর বয়সী এই আর্জেন্টাইন প্লে-মেকার।রিকেলমে বলেন, ‘আমি তিনটি শিরোপা জিতেছি। শেষেরটাও জিততে চেয়েছিলাম। আমি কথা দিয়ে কথা রাখি। খেলোয়াড় হিসেবে নিজের সব স্বপ্নই পূরণ করেছি আমি।’গত জুলাইয়ে কোপা লিবারটেডরেসের ফাইনালে বোকা জুনিয়র্স ব্রাজিলীয় ক্লাব করিন্থিয়ানসের কাছে হেরে যাওয়ার পর হতাশ রিকেলমে জানান, বোকাকে দেওয়ার মতো তাঁর কাছে আর কিছুই অবশিষ্ট নেই। ক্লাব থেকে বিদায় নেওয়ারও ইঙ্গিত দেন তিনি। এ ঘটনায় রিকেলমেকে বিশ্বাসঘাতক বলে অভিহিত করেন ম্যারাডোনা। বোকা জুনিয়র্সের প্রেসিডেন্ট গতকাল নিশ্চিত করেছেন, চুক্তি স্থগিত করতে রিকেলমেকে অনুমতি দেওয়া হয়েছে। বোকার এই আনুষ্ঠানিক ঘোষণার পর আর্জেন্টিনার বাইরে যেকোনো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারবেন রিকেলমে। রিকেলমের সঙ্গে ম্যারাডোনার তিক্ততাটা অবশ্য নতুন নয়। ম্যারাডোনা আর্জেন্টিনার কোচ হওয়ার পর থেকেই রিকেলমে জাতীয় দলে উপেক্ষার শিকার হতে থাকেন। ফর্মের তুঙ্গে থাকার পরও তাঁকে দলে নিচ্ছিলেন না ম্যারাডোনা। এর প্রতিবাদে ২০১০ সালের বিশ্বকাপের আগে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন রিকেলমে।