ম্যারাডোনাকে পেতে চায় ব্ল্যাকবার্ন
আর্জেন্টিনার কোচের পদ হাতছাড়া হওয়ার পর থেকেই ম্যারাডোনার নতুন ঠিকানা কোথায় হবে, তা নিয়ে চলছে নানা রকম জল্পনা-কল্পনা। মাঝেমধ্যে নানামুখী গুজব ডাল-পালা মেললেও তার সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক ছিল না। ম্যারাডোনা নিজেও বিশ্বকাপ ব্যর্থতার শোক ভুলে নতুন দায়িত্বের জন্য মুখিয়ে আছেন। কিছুদিন আগেও পর্তুগাল বা ইরানের কোচ হিসেবে জোরেশোরেই শোনা যাচ্ছিল ফুটবলের এই জীবন্ত কিংবদন্তির নাম। পর্তুগাল অথবা ইরানের কোচ হওয়ার বিষয়টি ম্যারাডোনা নিজেও খোলাসা করেননি কিংবা গুজব বলে উড়িয়ে দেননি। বরং পুরো ব্যাপারটিকেই রেখে দিয়েছেন রহস্যের বেড়াজালের মধ্যে। এ রহস্যের তালিকায় এবার নতুন যোগ হয়েছে ইংলিশ ক্লাব ব্ল্যাকবার্ন রোভার্স। এই ক্লাবটিও নাকি কোচ হিসেবে পেতে চায় ডিয়েগো ম্যারাডোনাকে।ব্ল্যাকবার্ন সম্প্রতি তাদের কোচ স্যাম অ্যালার্ডেসকে বহিষ্কার করেছে বোল্টনের কাছে হেরে যাওয়ার পর। ক্লাবটির নতুন ভারতীয় মালিক এ অবস্থায় খোদ ম্যারাডোনাকেই কোচের প্রস্তাব দেওয়ার কথা ভাবছেন। কোচ হিসেবে না পেলেও জেনারেল ম্যানেজার কিংবা টেকনিক্যাল ডাইরেক্টর—এ দুটি পদের যেকোনো একটিতে ম্যারাডোনাকে পেতে আগ্রহী ব্ল্যাকবার্ন। ম্যারাডোনার কাছ থেকে এ প্রস্তাবের ব্যাপারে কোনো মন্তব্য শোনা না গেলেও কিছুদিন আগে খুবই রহস্যজনকভাবে তিনি কয়েক দিনের সফরে ইংল্যান্ড ভ্রমণ করে গেছেন। ব্ল্যাকবার্নের কোচ হওয়ার ব্যাপারে তিনি অবশ্য কিছু বলেননি। তবে খুব তাড়াতাড়িই কোচিং জীবন শুরু করার ব্যাকুলতার ব্যাপারে তিনি কোনো রাখ-ঢাক রাখেননি। আর সবকিছু একসূত্রে গেঁথে দুইয়ে-দুইয়ে চার মিলিয়েছেন অনেকেই।নব্বইয়ের দশকের শুরুর দিকে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম শিরোপাপ্রত্যাশী দল ছিল ব্ল্যাকবার্ন। ১৯৯৪-৯৫ মৌসুমে তারা একবার শিরোপাও জিতেছিল। তারপর ধীরে ধীরে যেন একপ্রকার কক্ষচ্যুতই হয়ে পড়েছে ক্লাবটি। মালিকানা বদল হওয়ার পরে ভারতীয় মালিক ঘোষণা দিয়েছেন ক্লাবটির পুরোনো ঐতিহ্য ফিরিয়ে নিয়ে আসার। এ মুহূর্তে ব্ল্যাকবার্নকে আবার পাদ-প্রদীপের আলোয় ফিরিয়ে নিয়ে আসার জন্য ম্যারাডোনাকে কোচ করার চেয়ে বড় আর কিছুই হতে পারে না। তবে শেষ পর্যন্ত ম্যারাডোনা যদি ব্ল্যাকবার্নের কোচই হয়ে যান সে ক্ষেত্রে এটি যে প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত দলে পরিণত হবে তা নিশ্চিত করেই বলা যায়। ডেইলি মিরর।